বিবিসি নিউজ
প্রকাশ : ১৮ মিনিট আগে
আপডেট : ১৭ মিনিট আগে
অন্তর্বর্তীকালীন রাজধানী এডেন রক্ষার লক্ষ্যে সেনা সরানো হচ্ছে বলে জানিয়েছে ইয়েমেনের সরকারপন্থি বাহিনী। ফাইল ছবি/বিবিসি
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালিসংলগ্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার করেছে সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকারপন্থি বাহিনী। এর মধ্য দিয়ে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি এখন ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেল।
ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, নিজেদের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেন শহর রক্ষার স্বার্থে লোহিত সাগরের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ নৌপথ থেকে সেনা সরিয়ে নতুন করে মোতায়েন করা হচ্ছে।
গত সেপ্টেম্বর মাসে এক আকস্মিক অভিযান চালিয়ে এলাকাটি হুতিরা দখল করে নেওয়ার পর এর নিয়ন্ত্রণ ফিরে পেতে কয়েক সপ্তাহ ধরে সামরিক অভিযান চালাচ্ছিল সরকারপন্থি বাহিনী। তবে নতুন করে সেনা প্রত্যাহারের ফলে সেই লড়াইয়ের অবসান ঘটল। সেপ্টেম্বরে হুতিদের ওই অভিযানের কারণে বৈশ্বিক তেল রপ্তানি ব্যাহত হয় এবং হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যায়।
রবিবার হুতি-নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে, তারা অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি সৌদি আরব।
এর আগে গত অক্টোবরের শুরুর দিকে সরকারপন্থি বাহিনী প্রণালিসংলগ্ন এলাকাটি ‘নিরাপদ’ করার দাবি করেছিল। তার এক মাস আগে হুতিরা প্রণালির মুখে অবস্থিত পেরিম দ্বীপ এবং কৌশলগত মোখা বন্দরসহ আশপাশের অঞ্চল নিজেদের দখলে নেওয়ার দাবি জানায়।
তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে লড়াইরত সৌদি-সমর্থিত বাহিনী রবিবার জানিয়েছে, অন্য এলাকার সম্মুখসারির অবস্থানগুলোতে শক্তি বাড়াতে তারা এই এলাকা থেকে সেনা সরিয়ে নিচ্ছে। এক্ষেত্রে দক্ষিণাঞ্চলীয় শহর এডেনের নিরাপত্তাকে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দেওয়া হচ্ছে।
দেশটির সাউদার্ন আর্মড ফোর্সেস এক বিবৃতিতে জানিয়েছে, ‘ধুবাব বিমানবন্দর এবং বাব আল-মান্দাব এলাকা’ থেকে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। বিবৃতিতে বলা হয়, রাজধানী এডেন ও আশপাশের প্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যমান হুমকি মোকাবিলায় সম্মুখসারির অবস্থানগুলোকে আরও শক্তিশালী করার অগ্রাধিকার থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হুতিরা জানিয়েছে, এলাকাটি তাদের নিয়ন্ত্রণে থাকলেও আন্তর্জাতিক নৌ চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের হুমকি তৈরি হবে না। তবে সৌদি আরবের জাহাজ লক্ষ্য করে তাদের হামলা অব্যাহত থাকবে।
এদিকে অঞ্চলটি হুতিদের দখলে যাওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর থেকে তেল রপ্তানির জন্য লোহিত সাগরের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল সৌদি আরব।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে এডেন শহরে বারবার হামলা চালিয়েছে হুতিরা। এর মধ্যে গত ১৫ অক্টোবর সেখানকার প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে চালানো এক হামলায় পাঁচজন নিহত ও ১৬ জন আহত হন। এর জবাবে সৌদি আরব শত শত বিমান হামলা চালায়। পাল্টা পদক্ষেপ হিসেবে হুতিরাও সৌদি আরবের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক মুখপাত্র রাভিনা শামদাসানি বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামো রক্ষার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জানান, গত আগস্টে লড়াই তীব্র হওয়ার পর থেকে নথিবদ্ধ হতাহতদের ৬০ শতাংশেরও বেশি নারী ও শিশু।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, সংঘাত তীব্র হওয়ার পর থেকে ইয়েমেনে প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং শত শত মানুষের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে।
২০১৪ সালে রাজধানী সানা থেকে সরকারকে উৎখাত করে হুতিরা ক্ষমতা দখল করলে ইয়েমেনে বিধ্বংসী গৃহযুদ্ধ শুরু হয়। পরবর্তীতে ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে পুনর্বহালের লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন আরব জোট হস্তক্ষেপ করলে সংঘাত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
চার বছর ধরে চলা একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি গত জুলাই মাস থেকে ভেঙে পড়তে শুরু করে। ওই সময় হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে ‘সামুদ্রিক অবরোধ’ ঘোষণা করে দেশটির বিমানবন্দর, তেল স্থাপনা ও লোহিত সাগরের তেলবাহী ট্যাংকারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হুতিদের দাবি, তাদের নিয়ন্ত্রিত এলাকার বন্দর ও বিমানবন্দরে সৌদি অবরোধ এবং সানা বিমানবন্দরে বিমান হামলার পাল্টা জবাব হিসেবেই তারা এই পদক্ষেপ নিয়েছে।