প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মিনিট আগে
পাকিস্তানের নারীদের জন্য চালু হতে যাচ্ছে বিশেষ পিংক ইলেকট্রিক বাস সার্ভিস। ছবি: ডন
বাংলাদেশের পর এবার পাকিস্তানের নারীদের জন্য চালু হতে যাচ্ছে বিশেষ পিংক ইলেকট্রিক বাস সার্ভিস।
নারীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে ইসলামাবাদে বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ)। এ সার্ভিসের আওতায় নারীদের জন্য ৩০টি নতুন গোলাপি রঙের বৈদ্যুতিক বাস চালু করার পরিকল্পনা করছে সংস্থাটি। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
সিডিএ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ফেডারেল সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ইতোমধ্যে ৩০টি বৈদ্যুতিক বাস সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য শিল্পপ্রতিষ্ঠান হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা (এইচআইটি)-এর সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে।
ডন বলছে, বাসগুলো চীন থেকে আমদানি করা হতে পারে।
বর্তমানে ইসলামাবাদের ২০টিরও বেশি রুটে ১৬০টির বেশি বৈদ্যুতিক বাস পরিচালনা করছে সিডিএ। এসব বাসে নগরবাসীর ব্যাপক সাড়া পাওয়া গেছে। তবে ব্যস্ত সময়ে বাসগুলোতে অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় নারী ও মেয়েদের আসন পেতে বেশ অসুবিধায় পড়তে হচ্ছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিডিএর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পিংক বাস সার্ভিস চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগকে বোর্ডের অনুমোদনের জন্য প্রস্তাব বা সারসংক্ষেপ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ডের অনুমোদন পাওয়া গেলে বাস আমদানির জন্য এইচআইটির সঙ্গে পরবর্তী কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, নতুন বাসগুলো বিদ্যমান বৈদ্যুতিক বাসের রুটগুলোতেই চলাচল করবে। তবে প্রয়োজন বিবেচনায় নতুন রুটও যুক্ত করা হতে পারে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী তিন মাসের মধ্যে এ সার্ভিস চালু হতে পারে।
এর আগে, ঢাকার গণপরিবহনে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে গত ১৮ আগস্ট বিশেষ ‘মহিলা পিংক বাস সার্ভিস' চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের এসব বাসের চালক, কন্ডাক্টর ও সহকারী হিসেবে থাকছেন নারীরা।