বিল গেটস। ছবি: রয়টার্স
২০১৫ সালের প্যারিস জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সামনে পরিবেশদূষণের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম প্রধান কান্ডারি হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। পরিষ্কার জ্বালানি ও কার্বন হ্রাসের প্রযুক্তিতে কোটি কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে কুড়িয়েছিলেন বিশ্বব্যাপী প্রশংসা। তবে সেই প্রদীপের নিচেই যেন জমা হয়ে রয়েছে ঘোর অন্ধকার।
এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে গেটসের এক আশঙ্কাজনক দ্বিমুখী নীতিÑ একদিকে তিনি বিশ্বমঞ্চে পরিবেশ সুরক্ষার ভাষণ দিচ্ছেন, অন্যদিকে ক্ষতিকর প্রথাগত বর্জ্য ব্যবসা থেকে হাজার হাজার কোটি ডলার মুনাফা পকেটে পুরছেন। খবর সিএনএনের।
মার্কিন অনুসন্ধানী সংবাদমাধ্যম প্রোপাবলিকার এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বর্জ্য ফেলার স্থান (ল্যান্ডফিল) পরিচালনাকারী প্রতিষ্ঠান রিপাবলিক সার্ভিসেসের সর্ববৃহৎ একক শেয়ারহোল্ডার বিল গেটস। ১৯৯৯ সাল থেকে শুরু করে বর্তমানে কোম্পানিটিতে তার শেয়ারের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ শতাংশে। এর বর্তমান বাজারমূল্য প্রায় ২ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার। নথিপত্র অনুযায়ী ১৯৯৯ সাল থেকে কেবল লভ্যাংশ হিসেবেই এ প্রতিষ্ঠান থেকে গেটস ব্যক্তিগতভাবে ২৬০ কোটি ডলারের বেশি আয় করেছেন।
জলবায়ু বিজ্ঞানীদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের ক্ষেত্রে কার্বন ডাই-অক্সাইডের চেয়েও বহুগুণ মারাত্মক ভূমিকা রাখে মিথেন গ্যাস। যুক্তরাষ্ট্রের মোট মিথেন নির্গমনের প্রায় এক-পঞ্চমাংশই আসে এসব বর্জ্যাগারে পচে যাওয়া ময়লা থেকে। রিপাবলিক সার্ভিসেসের নিজস্ব প্রতিবেদন অনুযায়ী তাদের বর্জ্যাগারগুলো প্রতিবছর যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস বাতাসে ছড়ায়, তা ৩০ লাখ জ্বালানিচালিত গাড়ি থেকে নিঃসৃত দূষণের সমান।
নিয়ন্ত্রক সংস্থা মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) সাম্প্রতিক পরিদর্শনে রিপাবলিকের অন্তত ৩৯টি বর্জ্যাগারে এক হাজার ৪০০টিরও বেশি মারাত্মক ত্রুটি চিহ্নিত করা হয়েছে। কোনো কোনো স্থানে সরকারি সীমার চেয়ে ১০০ থেকে ৩০০ গুণ বেশি হারে বিষাক্ত মিথেন গ্যাস ফুটো হয়ে বাতাসে মিশতে দেখা গেছে, যা ওই এলাকার মানুষের স্বাস্থ্য ও সুরক্ষার জন্য মারাত্মক হুমকি।
বিষয়টি কেবল পরিদর্শনের ত্রুটিতেই সীমাবদ্ধ নয়। নাসা, হার্ভার্ড ও জর্জেসটাউন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তথ্যে দেখা গেছে, কোম্পানিটি সরকারের কাছে নির্গমনের যে তুলনামূলক কম হিসাব জমা দেয়, বাস্তবে নির্গমনের মাত্রা তার চেয়ে অনেক বেশি। উদাহরণস্বরূপ, ইন্ডিয়ানার ন্যাশনাল সার্ভ-অল ল্যান্ডফিলে কোম্পানিটি সরকারি খাতায় যে পরিমাণ নির্গমন দেখিয়েছিল, স্যাটেলাইট পরিমাপে দেখা গেছে বাস্তবে তা থেকে ১৩ গুণ বেশি মিথেন নিঃসরণ হচ্ছে।
রিপাবলিক সার্ভিসেসের পরিচালনা পর্ষদে বিল গেটসের ব্যক্তিগত তহবিল ব্যবস্থাপকসহ তার অত্যন্ত ঘনিষ্ঠ তিনজন প্রতিনিধি সদস্য রয়েছেন। ফলে কোম্পানিতে তার একক নিয়ন্ত্রক ভূমিকা রয়েছে। তা সত্ত্বেও রিপাবলিক সার্ভিসেস জলবায়ুর জন্য ক্ষতিকর জৈব বর্জ্য কমানো কিংবা উপগ্রহের মাধ্যমে আধুনিক নির্গমন তদারকির বাধ্যবাধকতার মতো জলবায়ুবান্ধব সরকারি নীতিগুলোর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে উল্টো লবিং চালিয়ে যাচ্ছে।
জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বিল গেটস যখন জনসমক্ষে জীবাশ্ম জ্বালানি বর্জন ও ক্লিন টেক প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান, তখন তারই বিপুল শেয়ার থাকা কোম্পানির এমন পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড ও নীতিবিরোধী ভূমিকা তার নৈতিক অবস্থান নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে।