টেলিকম বিপর্যয়
যুক্তরাষ্ট্রে বিমান চলাচল স্থবির। ছবি: সংগৃহীত
এক নজিরবিহীন টেলিকম বিপর্যয়ের কারণে টানা ৪ ঘণ্টার বেশি সময় উড্ডয়ন বন্ধ রাখার পর যুক্তরাষ্ট্রে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বিমান চলাচল। তবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর দেশটিতে উড্ডয়ন বন্ধের (গ্রাউন্ড স্টপ) দীর্ঘতম এই ঘটনার কারণে সৃষ্ট বিমানসূচির চরম বিশৃঙ্খলা কাটিয়ে উঠতে কয়েক দিন সময় লাগতে পারে বলে সতর্ক করেছে মার্কিন কর্তৃপক্ষ। খবর দ্য গার্ডিয়ানের।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এই ঘটনায় দেশটিতে ১১ হাজারের বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে মার্কিন কেন্দ্রীয় বিমান চলাচল সংস্থা (এফএএ) পুনরায় আকাশসীমা খুলে দেওয়ার ঘোষণা দেয়।
মার্কিন পরিবহনমন্ত্রী শান ডাফি জানান, এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের কারিগরি জটিলতা চিহ্নিত করে তা দূর করা হয়েছে এবং পরিষেবা সচল হয়েছে। তবে ফ্লাইট স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।
শুক্রবার সন্ধ্যায় হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শান ডাফি বলেন, ‘আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থাটি অত্যন্ত পুরনো। শিকাগো মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মূলত সমস্যাটি শুরু। রাউটারগুলো হঠাৎ অতিরিক্ত তথ্যের চাপে ওভারলোড হয়ে পড়ে এবং অসংলগ্ন ডেটা দিতে শুরু করে। সে কারণে সুরক্ষার স্বার্থেই আমরা পুরো ব্যবস্থা বন্ধ করে দিতে বাধ্য হই।’ উড্ডয়ন বন্ধের নির্দেশ দেওয়ার সময় আকাশে ৩ হাজার ৫০০টিরও বেশি বিমান উড়ন্ত অবস্থায় ছিল বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন নিশ্চিত করেন, প্রাথমিক তদন্ত অনুযায়ী এই ঘটনাটি কোনো নাশকতামূলক হামলা নয়; এটি নিছকই একটি টেলিকম বিপর্যয়।
হঠাৎ উড্ডয়ন বন্ধের নির্দেশে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। রানওয়ে ও টার্মিনালে হাজার হাজার যাত্রী আটকা পড়েন। নিউইয়র্কের জেএফকে, ওয়াশিংটন ডিসির রেগান ন্যাশনাল ও শিকাগো ও’হেয়ার বিমানবন্দরে আটকা পড়া ক্ষুব্ধ ও উদ্বিগ্ন যাত্রীদের ভিড় লক্ষ করা যায়।
ঘটনার পর ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘সারা দেশে যাত্রীরা বিমানবন্দরে আটকে আছেন। তাদের স্পষ্ট তথ্য ও নিরাপদ পরিবহন পরিকল্পনা প্রয়োজন।’ ডেমোক্র্যাট আইনপ্রণেতা রো খন্নাও এ বিষয়ে কংগ্রেসে দ্রুত বিস্তারিত ব্রিফিংয়ের দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে প্রশাসনিক কর্মকর্তারা নতুন ও অত্যাধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা গড়ে তুলতে কংগ্রেসের কাছে জরুরি ভিত্তিতে ৩ হাজার ১০ কোটি ডলার অতিরিক্ত বরাদ্দের দাবি জানান। এফএএর পুরনো যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নে গত বছরও মার্কিন কংগ্রেস ১২.৫ বিলিয়ন ডলার অনুমোদন করেছিল। বর্তমানে এফএএর অধীনে থাকা ১৪ হাজারের বেশি এয়ার ট্রাফিক কন্ট্রোলার প্রতিদিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে ৪৪ হাজারের বেশি ফ্লাইট পরিচালনা তদারকি করেন।