ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসের নাসের মেডিক্যাল কমপ্লেক্সে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ১৮টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ছবি: আল জাজিরা
ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসের নাসের মেডিক্যাল কমপ্লেক্সে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ১৮টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।
ওই হামলায় এক সার্জন ও এক শিশুসহ অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, তুরস্ক ও পাকিস্তানসহ ১৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।
পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, হাসপাতালে চালানো এই হামলা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং এর ফলে সাধারণ রোগী ও চিকিৎসাকর্মীদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
যৌথ বিবৃতিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অব্যাহত হামলারও নিন্দা জানানো হয়। মন্ত্রীরা সতর্ক করে বলেন, এই ধরনের হামলার ঘটনা গাজার যুদ্ধবিরতিকে ক্ষতিগ্রস্ত করছে।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েল চিকিৎসা সরঞ্জাম এবং শীতকালীন আশ্রয়সামগ্রীসহ মানবিক ত্রাণসহায়তা পৌঁছানোর ক্ষেত্রে নানা বিধিনিষেধ আরোপ করে রেখেছে। শীত ঘনিয়ে আসার মুখে পর্যাপ্ত আশ্রয়ের অভাব এবং পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবার মারাত্মক অবনতির কারণে শিশু ও নবজাতকরা চরম ঝুঁকির মুখে পড়বে বলেও তারা সতর্ক করেন।
মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতি মেনে চলা, নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দেওয়া এবং কথিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান।
একই সঙ্গে গাজায় ত্রাণ প্রবেশে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্র (ওয়াশিংটন) এবং ‘বোর্ড অব পিস’-এর প্রতি আহ্বান জানিয়েছেন নেতারা।