× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্প, পুতিন ও সি চিন পিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা: হোয়াইট হাউস

বিবিসি

প্রকাশ : ১৪ মিনিট আগে

বাঁ থেকে ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও সি চিন পিং। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী সপ্তাহের শেষভাগে বৈঠকে বসতে যাচ্ছেন এই তিন নেতা। ছবি: বিবিসি

বাঁ থেকে ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও সি চিন পিং। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী সপ্তাহের শেষভাগে বৈঠকে বসতে যাচ্ছেন এই তিন নেতা। ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আগামী সপ্তাহে এক ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন। চীনের একটি শীর্ষ সম্মেলনের ফাঁকে এই তিন নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানিয়েছেন, চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের রাষ্ট্রপ্রধানদের এই ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হবে।

মুখপাত্র বলেন, “প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি তিনি বিশ্বে পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়ে আলোচনা করবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ্বাস, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।”

জানা গেছে, বিশ্বের শীর্ষ পারমাণবিক শক্তিধর এই দেশগুলোর বৈঠকে ইরান পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে, তবে ইউক্রেন সংকট নিয়ে কোনো আলোচনা হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি ও রয়টার্স জানিয়েছে, এই আলোচনা থেকে কোনো চুক্তি স্বাক্ষরিত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে না। তবে এই বৈঠকের বিষয়ে মস্কো বা বেইজিং এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ট্রাম্পের সফরসূচি

২১টি সদস্যদেশের দুই দিনব্যাপী এই সম্মেলনে যোগ দিতে আগামী বুধবার গভীর রাতে শেনঝেনে পৌঁছাবেন ডোনাল্ড ট্রাম্প। সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার তিনি সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন। ২০২৫ সালে ট্রাম্প পুনরায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর চীনা প্রেসিডেন্টের সঙ্গে এটি হবে তার চতুর্থ বৈঠক।

অলিভিয়া ওয়েলস বলেন, “যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যকার এই ত্রিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার চীন সফর শেষ করবেন।”

তিনি আরও জানান, ট্রাম্পের এই এশিয়া সফরে মঙ্গলবার ফিলিপাইনে অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সম্মেলনে যোগদানের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এই সফর “আমেরিকান জনগণের জন্য ঐতিহাসিক জয় নিশ্চিত করবে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থকে এগিয়ে নেবে।”

পারমাণবিক চুক্তি ও কূটনৈতিক টানাপোড়েন

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। এর ফলে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রাগারগুলো কোনো কার্যকর সুরক্ষা বলয় বা নিয়ন্ত্রণ ছাড়াই রয়ে গেছে, যা মূলত স্নায়ুযুদ্ধের অবসানে ভূমিকা রাখা অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতার ইতি টেনেছে।

জাতিসংঘ অবিলম্বে উভয় পক্ষকে একটি নতুন চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। তবে ট্রাম্প বলেছেন, অস্ত্রভাণ্ডার বৃদ্ধি করতে থাকা চীনকে অন্তর্ভুক্ত করে তিনি আরও উন্নত একটি চুক্তির মাধ্যমে আগেরটির স্থলাভিষিক্ত করতে পারেন। অবশ্য সাবেক মার্কিন কর্মকর্তা ও বিশ্লেষকরা বিবিসিকে বলেছেন, বেইজিং ও মস্কোর কাছ থেকে এ বিষয়ে সহযোগিতা পাওয়া বড় ধরনের বাধার সম্মুখীন হতে পারে এবং এতে বহু বছর লেগে যেতে পারে।

চলতি বছরের শুরুর দিকে কয়েক দিনের ব্যবধানে পুতিন ও ট্রাম্পকে বেইজিংয়ে পৃথকভাবে স্বাগত জানিয়েছিলেন সি চিন পিং। অন্যদিকে গত সেপ্টেম্বরে চীনা প্রেসিডেন্টকে ওয়াশিংটনে অভ্যর্থনা জানান ট্রাম্প।

২০২২ সালে ইউক্রেনে পূর্ণ মাত্রায় সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞায় বিচ্ছিন্ন হয়ে পড়া মস্কোর জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে বেইজিং। তবে রাশিয়ার ডিজেল আমদানির একটি বিতর্কিত মার্কিন চুক্তি এবং মস্কোর তেল-গ্যাসের শীর্ষ ক্রেতাদের (যার মধ্যে চীনও রয়েছে) ওপর আরোপিত নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসন স্থগিত করায়, ক্রেমলিনের প্রতি ওয়াশিংটনের নমনীয় মনোভাব নিয়ে গত মাসে ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ বাড়ে।

এদিকে চলতি বছর বেইজিং ও ওয়াশিংটনে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকগুলোতে ট্রাম্প ও সি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করলেও বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রতিযোগিতা এবং তাইওয়ানের মতো গুরুত্বপূর্ণ বিরোধপূর্ণ বিষয়ে তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। এছাড়া চলমান ইরান যুদ্ধও একটি বিরোধের কেন্দ্রবিন্দু; কারণ বেইজিং তেহরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা এবং তাদের প্রধান বাণিজ্যিক অংশীদার।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, অ্যাপেক সম্মেলনের ফাঁকে সি চিন পিং ‘দ্বিপক্ষীয়’ আলোচনায় অংশ নেবেন। তবে তারা ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করেনি। এর আগে চলতি মাসের শুরুর দিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছিলেন, সম্মেলনে এই ধরনের আলোচনার জন্য ‘প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত’ রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা