প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ঘণ্টা আগে
আপডেট : ২২ মিনিট আগে
পাকিস্তানে চলতি বছর নতুন করে পোলিও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে। সর্বশেষ গত ৬ নভেম্বর দেশটির খাইবার জেলার সাত মাস বয়সী এক শিশুর শরীরে পোলিও শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে। তিন দশকের বেশি সময় ধরে নানা উদ্যোগ, বিপুল আন্তর্জাতিক সহায়তা এবং দেশজুড়ে ব্যাপক টিকাদান কর্মসূচি পরিচালনার পরও রোগটি নির্মূল করতে না পারা পাকিস্তানের জনস্বাস্থ্য ব্যবস্থার বড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, পোলিও নির্মূলে পাকিস্তানের প্রধান সংকট শুধু টিকার স্বল্পতা কিংবা দুর্গম এলাকায় পৌঁছাতে না পারা নয়; বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে আস্থার অভাব। টিকাদান কর্মসূচি পরিচালনায় দেশটির ব্যাপক সক্ষমতা থাকলেও সেই সক্ষমতা এখনো কার্যকর ও সর্বজনীন জনস্বাস্থ্য ব্যবস্থায় রূপ নেয়নি।
নিরাপত্তাহীনতা, মানুষের স্থানান্তর, দুর্গম ভৌগোলিক অবস্থান, টিকা নিয়ে অপপ্রচার এবং ধর্মীয় ভুল ধারণাকে সাধারণত পোলিও নির্মূলের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করা হয়। এসব সমস্যা বাস্তব হলেও যেসব এলাকায় বারবার টিকাদান দল পৌঁছাচ্ছে, সেখানেও কেন পরিবারগুলো শিশুদের টিকা দিতে অস্বীকৃতি জানাচ্ছে, তার ব্যাখ্যা শুধু এসব কারণ দিয়ে সম্ভব নয়।
রাজনৈতিক বিজ্ঞানী বো রথস্টেইনের মতে, সরকারি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা নির্ভর করে প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা, ন্যায়সংগত আচরণ ও নির্ভরযোগ্যতার ওপর। কেবল প্রচার কিংবা সচেতনতামূলক বার্তার মাধ্যমে আস্থা তৈরি হয় না; বরং দৈনন্দিন জীবনে রাষ্ট্রীয় সেবার অভিজ্ঞতা থেকেই মানুষের বিশ্বাস গড়ে ওঠে।
পাকিস্তানের পোলিও কর্মসূচি দেশটির অন্যতম বৃহৎ জনস্বাস্থ্য উদ্যোগ। চার লাখের বেশি টিকাদানকর্মী বাড়ি বাড়ি গিয়ে শিশুদের টিকা দেন, বাদ পড়া শিশুদের শনাক্ত করেন এবং বারবার টিকাদান কার্যক্রম পরিচালনা করেন। এই উদ্যোগে হাজার হাজার শিশুকে পোলিওজনিত পক্ষাঘাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে এত বড় কর্মসূচি পরিচালনার সক্ষমতা থাকা সত্ত্বেও নিয়মিত টিকাদান ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারেনি দেশটি।
বিশেষ করে প্রত্যন্ত ও অবহেলিত অঞ্চলের অনেক পরিবারের কাছে পোলিও টিকাদানকর্মীরাই রাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগের অন্যতম মাধ্যম। বছরে কয়েকবার তাদের বাড়িতে টিকাদান দল গেলেও অনেক ক্ষেত্রে কাছাকাছি কার্যকর স্বাস্থ্যকেন্দ্র নেই। শিশুদের নিয়মিত টিকা, মাতৃস্বাস্থ্যসেবা কিংবা নিরাপদ পানির ব্যবস্থাও অনুপস্থিত। অর্থাৎ শিশুকে পোলিও টিকা দেওয়ার সময় রাষ্ট্রের উপস্থিতি থাকলেও পরিবারের অন্যান্য প্রয়োজনে রাষ্ট্রকে পাওয়া যায় না।
এই বৈপরীত্য সবচেয়ে স্পষ্ট দক্ষিণ খাইবার পাখতুনখাওয়ায়। সেখানে বিভিন্ন জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বিদ্যুৎ, সড়ক, কর্মসংস্থান, বর্জ্য ব্যবস্থাপনা ও মৌলিক নাগরিক সুবিধার দাবিতে পোলিও টিকাদান কর্মসূচি বর্জন করে আসছে।
ব্রিটিশ মেডিকেল জার্নালে ২০২৩ সালের ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ওই বছরের মধ্যে দক্ষিণ কেপির বিভিন্ন উপজাতীয় জিরগা বা স্থানীয় পরিষদ ৬৭৭টি টিকাদান বর্জনের ঘোষণা দিয়েছিল। এসব বর্জনের পেছনে বিদ্যুৎ, সড়ক, জীবিকার সুযোগ ও বর্জ্য অপসারণের মতো মৌলিক দাবিও ছিল।
পাকিস্তানের নিজস্ব পোলিও কর্মসূচিও স্বীকার করেছে, কিছু জনগোষ্ঠী নিজেদের দীর্ঘদিনের সমস্যার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে টিকাদান বর্জনকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ফলে টিকাদান কর্মসূচি অনেক ক্ষেত্রে নাগরিকদের দাবি আদায়ের অন্যতম কার্যকর মাধ্যম হয়ে উঠেছে।
এ ছাড়া টিকাদানকর্মীদের প্রশিক্ষণের ঘাটতি, নারী কর্মীর স্বল্পতা এবং কর্মী পরিবর্তনের কারণে মানুষের সঙ্গে যোগাযোগেও সমস্যা তৈরি হচ্ছে। অনেক সময় অভিভাবকদের কাছে বারবার পোলিও টিকা দেওয়ার প্রয়োজনীয়তা যথাযথভাবে ব্যাখ্যা করতে পারেন না কর্মীরা। স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ও বিশ্বস্ত ব্যক্তিদেরও সচেতনতামূলক কার্যক্রমে যথেষ্ট সম্পৃক্ত করা হয় না।
বিশ্লেষকদের মতে, টিকাদানকর্মীদের প্রশিক্ষণ ও যোগাযোগ দক্ষতা বাড়ানো জরুরি হলেও শুধু এ উদ্যোগে সমস্যার সমাধান হবে না। প্রয়োজন নিয়মিত টিকাদান, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং স্থানীয় পর্যায়ে কার্যকর স্বাস্থ্য অবকাঠামো গড়ে তোলা।
এ ক্ষেত্রে পাকিস্তানের পোলিও কর্মসূচি ও সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার মধ্যে প্রাতিষ্ঠানিক দূরত্বও বড় সমস্যা। জাতীয় ও প্রাদেশিক জরুরি কার্যক্রম কেন্দ্রগুলো (ইওসি) আন্তর্জাতিক দাতাদের অর্থায়নে পরিচালিত একটি সমান্তরাল কাঠামো হিসেবে কাজ করছে। অন্যদিকে প্রাদেশিক স্বাস্থ্য বিভাগগুলো অর্থসংকট ও প্রশাসনিক জটিলতায় ভুগছে।
বিশ্লেষকদের পরামর্শ, পোলিও কর্মসূচির জন্য বরাদ্দ অর্থ, দক্ষ জনবল, নজরদারি ও ব্যবস্থাপনার সক্ষমতা স্থায়ীভাবে প্রাদেশিক স্বাস্থ্য অবকাঠামোর সঙ্গে যুক্ত করতে হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নাগরিকদের বিদ্যুৎ, পানি, সড়ক ও অন্যান্য মৌলিক দাবি জানানোর কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
পাকিস্তানের জাতীয় স্বাস্থ্যসেবা, বিধিবিধান ও সমন্বয় মন্ত্রণালয়, প্রাদেশিক সরকার—বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া সরকার—এবং আন্তর্জাতিক দাতাদের এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পোলিও নির্মূলের অগ্রগতি মূল্যায়নে শুধু প্রতিটি দফায় কত শিশু টিকা পেল, তা নয়; জেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার মান কতটা উন্নত হলো, সেটিও বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা।
তাদের মতে, পোলিও নির্মূলের জন্য নিয়মিত টিকাদান অভিযান অব্যাহত রাখার পাশাপাশি এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে, যা টিকাদান কর্মসূচির মধ্যবর্তী সময়েও শিশুদের সুরক্ষা দেবে। টিকাদানকর্মী বাড়িতে পৌঁছালে পরিবারগুলোর কাছে সেটি যেন কেবল একটি রোগ প্রতিরোধের কর্মসূচি নয়, বরং দায়িত্বশীল ও সেবামুখী রাষ্ট্রের উপস্থিতির প্রতীক হয়ে ওঠে।
অন্যথায় পাকিস্তানে পোলিও টিকাদান অভিযান চলতে থাকলেও রোগটি নির্মূলের পথে বিদ্যমান বাধাগুলো দূর হবে না।