সন্দেহভাজনের বাড়িতে মিলল পরিবারের ৩ জনের মরদেহ
শনিবার পোল্যান্ডের ক্রাকোভ শহরের প্রধান মার্কেট চত্বরে বন্দুক হামলার ঘটনার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। ছবি: ইয়াকুব ওদেক/রয়টার্স
পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ক্রাকোভ শহরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ৬ জন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন।
দেশটির ইতিহাসে বিরল এই বন্দুক হামলার পর সন্দেহভাজনের বাড়ি থেকে তার পরিবারের আরও তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী উগ্র ডানপন্থী মতাদর্শের অনুসারী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্রাকোভ পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার বেলা তিনটার দিকে সন্দেহভাজন ব্যক্তি গাড়ি চালিয়ে শহরের প্রধান মার্কেট চত্বরে (মার্কেট স্কয়ার) প্রবেশ করেন এবং উপস্থিত জনতার ওপর এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। গুলিতে চারজন নারী ও দুজন পুরুষ নিহত হন। ক্যাফে ও বারে ঘেরা ঐতিহাসিক এই চত্বরটি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।
পুলিশের ডেপুটি ইন্সপেক্টর কাতারজিনা সিসলো পোলিশ সংবাদমাধ্যম টিভিএন২৪-কে জানান, হামলাকারী সামরিক ধাঁচের পোশাক পরা ছিলেন এবং হামলায় সামরিক ধরনের অস্ত্র ব্যবহার করেছিলেন। তল্লাশি চালিয়ে তাঁর গাড়ি থেকেও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
মার্কেট চত্বরে হামলার পর ক্রাকোভ থেকে প্রায় ১২০ মাইল উত্তরে অস্ট্রোভিয়েচ সিয়েতোকশিস্কি এলাকায় হামলাকারীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে তার মা, বাবা ও বোনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, হামলাকারী ২৫ বছর বয়সী পোলিশ নাগরিক। পুলিশের গুলিতে আহত হওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরে একাধিক অস্ত্রোপচার করা হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কাজনক কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, হামলায় তিনি একাই জড়িত ছিলেন।
পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিসোয়াভ কোসিনিয়াক-কামিশ হামলাকারী সেনাসদস্য ছিলেন এমন খবর নাকচ করে বলেন, ‘সেনাবাহিনীর সঙ্গে ওই ব্যক্তির কখনোই কোনো সম্পর্ক ছিল না।’ অন্যদিকে এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মার্সিন কিরউইনস্কি জানান, বন্দুকধারীর হামলার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তিনি উগ্র ডানপন্থী মতাদর্শে বিশ্বাসী ছিলেন এবং চরমপন্থী দৃষ্টিভঙ্গি পোষণ করতেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আহত ১৬ জনের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক রয়েছেন। তারা অস্ট্রিয়া, জার্মানি, পর্তুগাল, রাশিয়া ও যুক্তরাজ্যের বাসিন্দা। এ ছাড়া হামলা থামাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। অস্ত্রোপচারের পর বর্তমানে তাঁদের অবস্থাও স্থিতিশীল।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই দুই পুলিশ কর্মকর্তা সম্ভবত বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট কারোলে নাভোরোতস্কি হতাহত ও তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
হামলার সময় একটি ট্রামের চালকের জানালার কাচ ভেঙে গেলেও কোনো যাত্রী আহত হননি। এছাড়া পর্যটকবাহী গাড়ির দুটি ঘোড়া গুলিবিদ্ধ হলেও চিকিৎসার পর সেগুলো বেঁচে আছে বলে জানিয়েছে প্রাণী অধিকার বিষয়ক সংস্থা ওটিওজেড অ্যানিমেলস।
ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের মতো পোল্যান্ডেও অস্ত্র কেনা ও বহনের ক্ষেত্রে কঠোর আইন রয়েছে। সাধারণ নাগরিকদের জন্য সামরিক অস্ত্র রাখা বা প্রকাশ্যে অস্ত্র বহন সেখানে একেবারেই বিরল।
নৃশংস এই ঘটনার পর ক্রাকোভের মেয়র উকাশ গিবালা আগামী ১১ নভেম্বর পর্যন্ত শহরে শোক ঘোষণা করেছেন। প্রতিবেশী দেশ চেক প্রজাতন্ত্র ও ইউক্রেন থেকেও এ ঘটনায় সমবেদনা জানানো হয়েছে।