প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৬:৩৩ পিএম
ভারতের সেবা খাতে চলতি বছরের অক্টোবরে গত চার মাসের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে। অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি এবং নতুন ব্যবসায়িক কার্যক্রমে গতি আসায় এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে চাহিদা কমে যাওয়ায় রপ্তানি আদেশে দুর্বলতা দেখা দিয়েছে। একই সঙ্গে কর্মী নিয়োগের গতিও উল্লেখযোগ্যভাবে কমেছে।
বুধবার প্রকাশিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এইচএসবিসির ভারতের সার্ভিসেস পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) অনুযায়ী, অক্টোবরে সেবা খাতের পিএমআই বেড়ে ৫৫ দশমিক ৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে এ সূচক ছিল ৫৫ দশমিক ২ পয়েন্ট। তবে অক্টোবরে প্রাথমিক পূর্বাভাসে সূচকটি ৫৬ দশমিক ২ পয়েন্টে থাকার কথা বলা হয়েছিল। পিএমআই সূচক ৫০-এর ওপরে থাকলে সংশ্লিষ্ট খাতে প্রবৃদ্ধি এবং নিচে থাকলে সংকোচন নির্দেশ করে।
জরিপে বলা হয়েছে, সেবা খাতের চাহিদার অন্যতম প্রধান সূচক নতুন ব্যবসায়িক কার্যক্রম জুনের পর সর্বোচ্চ গতিতে বেড়েছে। মূলত অভ্যন্তরীণ বাজারে শক্তিশালী চাহিদা এ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। তবে আন্তর্জাতিক বাজারের চাহিদা ছিল তুলনামূলক দুর্বল। নতুন রপ্তানি আদেশের প্রবৃদ্ধি গত ৪৫ মাসের মধ্যে অন্যতম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
এদিকে কর্মসংস্থান বৃদ্ধির গতিও প্রায় থমকে গেছে। জুন মাসের পর অক্টোবরে কর্মী নিয়োগের গতি ছিল সবচেয়ে ধীর, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।
অন্যদিকে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমার ইঙ্গিত পাওয়া গেছে। গ্রাহকদের কাছ থেকে নেওয়া পণ্যের ও সেবার মূল্য গত চার মাসের মধ্যে সবচেয়ে ধীর গতিতে বেড়েছে। উৎপাদন ও পরিচালন ব্যয়ের মূল্যস্ফীতিও ছয় বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। তবে বিদ্যুৎ, শ্রম, কাঁচামাল ও পরিবহন ব্যয় বৃদ্ধির কথা জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।
জরিপে আরও দেখা গেছে, সেপ্টেম্বরে তুলনায় অক্টোবরে ব্যবসায়িক আস্থা কিছুটা কমেছে। ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে প্রতিষ্ঠানগুলোর আশাবাদ থাকলেও তা দীর্ঘমেয়াদি গড়ের নিচে রয়েছে।
এদিকে উৎপাদন ও সেবা—উভয় খাতের কার্যক্রমের সমন্বিত সূচক কম্পোজিট পিএমআই অক্টোবরে বেড়ে ৫৬ দশমিক ২ পয়েন্টে পৌঁছেছে। সেপ্টেম্বরে এ সূচক ছিল ৫৫ দশমিক ৯ পয়েন্ট। এটি গত চার মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান।