× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১০:০৯ এএম

সান্তিয়াগো পেনা এবং পেদ্রো আলিয়ানা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সান্তিয়াগো পেনা এবং পেদ্রো আলিয়ানা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। তার স্থলাভিষিক্ত হয়ে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন পেদ্রো আলিয়ানা।

শুক্রবার ৫২ বছর বয়সী আলিয়ানা শপথ গ্রহণের মধ্য দিয়ে দক্ষিণ আমেরিকার দেশটির ৫৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

এর আগে ২০২৩ সালে পেনার সরকার গঠনের শুরু থেকেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

তবে শুক্রবার দিনের শুরুতেই নাটকীয়ভাবে ক্ষমতার অবসান ঘটে পেনার। দেশটির ৪৫ সদস্যের সিনেটের মধ্যে ৪৪ জন সদস্য তাকে প্রেসিডেন্টের পদ থেকে অপসারণের পক্ষে ভোট দেন। একজন সদস্য ভোটদানে বিরত থাকেন।

শুক্রবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে পেনা লেখেন, “আমি কৃতজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি। একই সঙ্গে যারা এখনও উত্তরের অপেক্ষায় রয়েছেন, তাদের উদ্বেগ ও যন্ত্রণার বিষয়টিও পুরোপুরি উপলব্ধি করছি।”

দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা কলোরাডো পার্টির নেতা পেনার এমন দ্রুত পতন দেশটির রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। একই সপ্তাহে দেশটির প্রভাবশালী ঋণদাতা প্রতিষ্ঠান উয়েনো ব্যাংকের আকস্মিক পতনের সঙ্গে তার ক্ষমতাচ্যুতির ঘটনা ঘটল।

ব্যাংকটির কার্যক্রম যথাযথভাবে সরকারি নিয়ন্ত্রক সংস্থার তদারকিতে ছিল কি না এবং প্রতিষ্ঠানটির সঙ্গে পেনার স্বার্থের সংঘাত ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিশংসনের পর আস্থার অপব্যবহারসহ বিভিন্ন অপরাধের সন্দেহে পেনাকে গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছেন দেশটির কৌঁসুলিরা।

একই ঘটনায় প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান কার্লোস কারভালোর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ব্যাংকটির তদারকিতে ব্যর্থতার অভিযোগ ওঠার পর চলতি সপ্তাহের শুরুতে পদত্যাগ করেন তিনি।

মঙ্গলবার সকালে এই ঘটনার সূত্রপাত। ওই দিন কেন্দ্রীয় ব্যাংক জানায়, উয়েনো ব্যাংক আইনগতভাবে নির্ধারিত আর্থিক সক্ষমতার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। অর্থাৎ, ঋণ ও অন্যান্য বিনিয়োগের বিপরীতে প্রয়োজনীয় জামানত বা সম্পদ ব্যাংকটির হাতে পর্যাপ্ত ছিল না।

এরপর ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় অবশিষ্ট সম্পদ অন্যান্য ব্যাংকিং প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়।

তবে এই সংকটের ফলে উয়েনো ব্যাংকের লাখ লাখ গ্রাহক হঠাৎ করেই নিজেদের ব্যাংক হিসাব ও পেনশন-সুবিধার অর্থ ব্যবহারের সুযোগ হারান।

প্রায় ৩০ লাখ গ্রাহক নিয়ে ব্যাংকটি প্যারাগুয়ের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায় দুই-তৃতীয়াংশের সেবা দিত।

সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত প্রসার ঘটে প্রতিষ্ঠানটির। ২০২৩ সালে ‘উয়েনো’ (Ueno) ব্র্যান্ড নামে কার্যক্রম একীভূত করার পর দেশটির আমানতের ভিত্তিতে পঞ্চম বৃহত্তম ব্যাংকে পরিণত হয় এটি। সরকারি প্রায় ৮০ কোটি ডলারের অর্থায়ন প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ব্যাংকটি দাবি করেছিল, তাদের মাধ্যমে ১০ লাখের বেশি প্যারাগুয়ের নাগরিক জীবনে প্রথমবারের মতো ব্যাংক হিসাব খুলেছেন।

২০২৩ সালে উয়েনোর মূল কোম্পানির একজন শেয়ারহোল্ডার হিসেবে পেনার নাম উঠে আসে। তবে তিনি দাবি করেন, ২০২৫ সালের শুরুর দিকে নিজের শেয়ার বিক্রি করে দিয়েছেন।

ব্যাংকটির পতনের পর পেনা ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো রক্ষার প্রয়োজনীয়তার’ কথা উল্লেখ করে পদত্যাগের প্রস্তাব দেন। তবে বৃহস্পতিবার দেশটির কংগ্রেস তার পদত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর পরিবর্তে তাকে অভিশংসনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়।

পেনার রক্ষণশীল রাজনৈতিক দল কলোরাডো পার্টিও তার অভিশংসনের পক্ষে অবস্থান নেয়। ১৯৪৮ সাল থেকে দলটি প্যারাগুয়ের রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করে আসছে।

দলটির নেতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট হোরাসিও কার্তেস এক বিবৃতিতে বলেন, ‘প্রজাতন্ত্রের প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার অভিশংসনকে সমর্থন করছি।’

পেনাকে পদত্যাগের সুযোগ দেওয়া হলে সাবেক প্রেসিডেন্ট হিসেবে সিনেটের সদস্য হওয়ার অধিকার বজায় থাকত তার। পাশাপাশি আইনি সুরক্ষার কারণে বিচারিক কার্যক্রম থেকেও কিছুটা সুরক্ষা পেতেন তিনি।

বৃহস্পতিবারের শুনানিতে দেশটির নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে ৭৮-০ ভোটে পেনাকে অভিশংসনের পক্ষে সিদ্ধান্ত হয়। এর ফলে পরদিন সিনেটে তাকে পদ থেকে অপসারণের পথ তৈরি হয়।

নবনির্বাচিত প্রেসিডেন্ট আলিয়ানার রাজনৈতিক জীবন শুরু হয় নিজ এলাকা প্যারাগুয়ের দক্ষিণাঞ্চলীয় নিম্বুকু বিভাগের গভর্নর হিসেবে। পরে তিনি প্রায় এক দশক দেশটির নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজের সদস্য ছিলেন। এর মধ্যে তিন বছর ওই কক্ষের সভাপতির দায়িত্বও পালন করেন।

দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুতর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে দায়িত্ব গ্রহণ করলেন আলিয়ানা।

তদন্তকারীরা খতিয়ে দেখছেন, সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে উয়েনো ব্যাংক কোনো ধরনের জবাবদিহি থেকে রেহাই পেয়েছিল কি না। ব্যাংকটিতে রাষ্ট্রীয় পেনশন তহবিলের প্রায় ৩৫ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করা হয়েছিল।

এই কেলেঙ্কারির ঘটনায় অন্তত ২৭ জনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ব্যাংকটির প্রধান শেয়ারহোল্ডার মিগুয়েল ভাসকেজ।

তদন্তাধীন অপরাধের মধ্যে রয়েছে প্রতারণার চেষ্টা, আস্থার অপব্যবহার, অর্থ আত্মসাৎ এবং প্রভাব খাটিয়ে অবৈধ সুবিধা নেওয়া।

তদন্তে সহযোগিতার ইঙ্গিত দিয়েছেন পেনা। তবে শুক্রবার অভিশংসন শুনানিতে তিনি নিজে উপস্থিত হননি। তার পরিবর্তে আইনজীবীরা শুনানিতে অংশ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পেনা লেখেন, ‘আমার উপস্থিতি যেন আরও বিভক্তি বা অস্থিতিশীলতার কারণ না হয়, তা আমি চাই না। নিজের ব্যক্তিগত পরিণতির চেয়ে দেশকে প্রাধান্য দেওয়াই আমার দায়িত্ব।’

তবে এর আগে শুক্রবার সিনেটে দ্রুতগতিতে অভিশংসন শুনানি পরিচালনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। আত্মপক্ষ সমর্থনের সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য সময় বাড়ানোর আবেদন জানিয়ে পেনা বলেছিলেন, ‘বর্তমানে যে সময় দেওয়া হয়েছে, তা স্পষ্টতই অপর্যাপ্ত।’

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা