এক্সপ্লেইনার
বোমার হুমকির কারণে জরুরি অবতরণের পর অস্ট্রিয়ার ভিয়েনা বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে জেটটাইম ও অস্ট্রিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজ। ছবি: রয়টার্স
বোমা হামলার একের পর এক হুমকির জেরে ইউরোপজুড়ে উড়োজাহাজের গতিপথ পরিবর্তন, জরুরি অবতরণ এবং যুদ্ধবিমানের পাহারায় বিমানকে নিরাপদে নামিয়ে আনার মতো ঘটনা ঘটছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এমন ভুয়া সতর্কবার্তার দ্বিতীয় বড় ঘটনা এটি।
গত বৃহস্পতিবার আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, স্পেন ও ডেনমার্কসহ অন্তত ১৬টি দেশ থেকে উড্ডয়ন করা উড়োজাহাজগুলো এ পরিস্থিতির শিকার হয়। উড়োজাহাজগুলোকে হয় বিকল্প বিমানবন্দরে অবতরণ করাতে হয়েছে, না হয় বাড়তি নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হয়েছে। শুক্রবারও এই হুমকি অব্যাহত ছিল।
আসলে কী ঘটেছে?
ইতালির সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, শুক্রবার সকাল ৮টায় লিসবনে জরুরি অবতরণ করে ‘রায়ানএয়ার’-এর একটি উড়োজাহাজ। এর আগে ফোনে কর্তৃপক্ষকে বিমানটিতে বোমার হুমকির কথা জানানো হয়েছিল। অবতরণের পরপরই সেখানে নিরাপত্তাকর্মীরা তল্লাশি শুরু করেন।
একই দিন প্যারিস থেকে রোমের উদ্দেশে ছেড়ে যাওয়া ‘উইজ এয়ার’-এর একটি ফ্লাইটে বিস্ফোরক ডিভাইস থাকার সতর্কবার্তা পায় ইতালির ফিওমিচিনো বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষ। এরপর বিমানটির পথ ঘুরিয়ে ভেনিসে নিয়ে যাওয়া হয় এবং পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায়।
এর আগে বৃহস্পতিবারও দফায় দফায় বোমার হুমকি আসে:
পোল্যান্ড: ওয়ারশ শোপাঁ বিমানবন্দরের রানওয়েতে থাকা পোলিশ এয়ারলাইনসের প্যারিসগামী একটি ফ্লাইটে বিপজ্জনক বস্তুর উপস্থিতির সতর্কবার্তা পায় কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে উড্ডয়ন বাতিল করে যাত্রীদের নামিয়ে আনা হয়। তবে তল্লাশি চালিয়ে কোনো বিপজ্জনক কিছু পাওয়া যায়নি। একই বিমানবন্দরে ‘এলওটি’ এয়ারলাইনসের প্যারিসগামী আরেকটি ফ্লাইট আটকে দিয়ে যাত্রীদের অন্য উড়োজাহাজে স্থানান্তর করা হয়। এ ছাড়া হিথরো থেকে ওয়ারশগামী একই সংস্থার আরেকটি ফ্লাইটকে হুমকির কারণে ওয়ারশর অন্য বিমানবন্দর ‘মডলিন’-এ অবতরণে বাধ্য করা হয়।
ইতালি: একটি উড়োজাহাজে বেনামি ইমেইলে বোমার হুমকি পাওয়ার পর ফিনএয়ারের একটি বিমানকে যুদ্ধবিমানের পাহারায় রোমে নিয়ে আসা হয়। পরে বিমানটি নিরাপদে অবতরণ করে।
বুলগেরিয়া: লন্ডন থেকে সোফিয়াগামী রায়ানএয়ারের একটি ফ্লাইট হুমকির মুখে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর প্লোভদিভে জরুরি অবতরণ করে।
স্পেন: মাত্র ২০ মিনিটের ব্যবধানে স্পেনের কর্তৃপক্ষ তিনটি হুমকিবার্তা সংবলিত ইমেইল পায়। এর মধ্যে মাদ্রিদ থেকে প্যারিসগামী এয়ার ইউরোপার দুটি এবং রোম ও মিলান থেকে আসা আইবেরিয়ার চারটি ফ্লাইটের কথা উল্লেখ ছিল।
আয়ারল্যান্ড: কর্কে বোমার হুমকির পর বিমানবন্দরের কার্যক্রম দেড় ঘণ্টা বিলম্বিত হয়।
বেলজিয়াম ও ইতালি: পেসকারা থেকে বেলজিয়ামের শার্লরোয়াগামী রায়ানএয়ারের ফ্লাইটের টয়লেটে ‘বোমা’ শব্দটি লেখা থাকার পর জরুরি নিরাপত্তা প্রটোকল কার্যকর করা হয়। যদিও এটি পরে ভুয়া সতর্কবার্তা প্রমাণিত হয়।
হুমকি পাওয়া গেলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়?
ব্রিটিশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের (বালপা) ফ্লাইট নিরাপত্তা, নীতি ও বিধিবিধান বিষয়ক পরিচালক জোজি ওয়েটস জানান, হুমকির তথ্য পাওয়ামাত্রই তা বিশেষজ্ঞদের একটি মূল্যায়ন দলের কাছে পাঠানো হয়।
তিনি বলেন, এই মূল্যায়নকারীরা একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে হুমকির মাত্রা নির্ধারণ করেন। হুমকিটি ‘রেড’ (বিশ্বাসযোগ্য), ‘অ্যাম্বার’ (আংশিক বিশ্বাসযোগ্য) নাকি ‘গ্রিন’ (অবিশ্বাস্য)—তা ঠিক করা হয়। তবে বিমান মাঝআকাশে থাকলে ‘অ্যাম্বার’ ক্যাটাগরি বিবেচনা করা হয় না।
বিমানবন্দর কর্মকর্তাদের তথ্যানুযায়ী, হুমকি পাওয়ার পরপরই বিমানটিকে প্রধান ভবন থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। এরপর যাত্রীদের নামিয়ে তল্লাশি করা হয় এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে পুরো উড়োজাহাজে তল্লাশি চালানো হয়।
এমন ঘটনা কি এবারই প্রথম?
না, এবারই প্রথম নয়। চলতি সপ্তাহের শুরুর দিকেও একের পর এক ভুয়া বোমার হুমকি দেওয়া হয়েছিল। গত সোমবার যুক্তরাজ্য থেকে বুলগেরিয়াগামী একটি ফ্লাইটের পথ পরিবর্তন করা হয়, যা পরে ভিত্তিহীন প্রমাণিত হয়। মঙ্গলবারও ইউরোপজুড়ে সাতটি বিমানে তল্লাশি চালানো হয় বা গতিপথ পরিবর্তন করা হয়।
এ ছাড়া চলতি সপ্তাহেই ইউরোপের বেশ কয়েকটি শহরের সুপারমার্কেটগুলোতে সাইবার হামলা চালানো হয়েছে। যেখানে খাবার নষ্ট করার উদ্দেশ্যে রেফ্রিজারেটরের তাপমাত্রা হ্যাকাররা পরিবর্তন করে দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
পরিস্থিতি কতটা অস্বাভাবিক?
যুক্তরাজ্যের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ের বিমান নিরাপত্তা বিষয়ের ভিজিটিং অধ্যাপক ফিলিপ বাউমের মতে, হুমকিগুলোর ব্যাপকতা ও সুসংগঠিত ধরন বেশ অস্বাভাবিক।
তিনি বলেন, “ব্যক্তিগতভাবে বিভিন্ন বিমান সংস্থা প্রায় প্রতিদিনই বোমার হুমকি পায়। তবে সেগুলোর অধিকাংশই দ্রুত মূল্যায়ন করে গুরুত্বহীন হিসেবে বাতিল করা হয় এবং উড়োজাহাজের গতিপথ পরিবর্তনের প্রয়োজন পড়ে না।”
বাউম জানান, এবারের ঘটনাগুলো আলাদা হওয়ার কারণ হলো ইউরোপের একাধিক দেশের কর্তৃপক্ষ হুমকিগুলোকে এতটা গুরুত্বের সঙ্গে নিয়েছে যে বিমান অবতরণ করিয়ে নিরাপত্তা তল্লাশি চালাতে বাধ্য হয়েছে। এতে প্রতিটি বিঘ্নিত ফ্লাইটের জন্য বিমান সংস্থাগুলোর প্রায় আড়াই লাখ ডলার (২,৫০,০০০ ডলার) পর্যন্ত ক্ষতি হতে পারে।
এদিকে যুক্তরাজ্য সরকার এসব ঘটনাকে ‘বিদ্বেষপূর্ণ ভুয়া হুমকি’ বলে অভিহিত করেছে। ইউরোপের অন্যতম ব্যস্ত হিথরো বিমানবন্দরকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তবে ইউরোপজুড়ে বিমান চলাচলে অস্থিরতা তৈরির চেষ্টা কীভাবে প্রতিহত করা যায়, দেশগুলোকে এখন তা গুরুত্বের সঙ্গে ভাবতে হচ্ছে।
এসবের পেছনে কারা রয়েছে?
ইউরোপীয় ইউনিয়নের পরিবহন কমিশনার জানিয়েছেন, এই হুমকিগুলোর পেছনে কারা রয়েছে কিংবা ঘটনাগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত কি না, তা বলার সময় এখনো আসেনি।
ইউরোপের সরকারগুলোও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী করেনি। তবে ইউক্রেনকে সমর্থন দেওয়া দেশগুলো ‘হাইব্রিড হামলা’র বিষয়ে সতর্ক রয়েছে। সম্প্রতি জার্মানির লাইপজিগ-হাল বিমানবন্দরে ড্রোনের অনুপ্রবেশের ঘটনায় বার্লিন সরাসরি রাশিয়ার দিকে আঙুল তুলেছিল, যা মস্কো প্রত্যাখ্যান করেছে।
ইউরোপীয় কর্মকর্তারা ধারণা করছেন, পশ্চিমাদের ওপর চাপ বাড়াতে রাশিয়া হাইব্রিড তৎপরতা বৃদ্ধি করতে পারে। গত সেপ্টেম্বরে ডেনিশ ডিফেন্স ইন্টেলিজেন্স সার্ভিসও এ ধরনের আশঙ্কার কথা জানিয়েছিল।
তবে মস্কো ইউরোপের বিমান চলাচলে বিঘ্ন ঘটানোর এসব হুমকির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। তা ছাড়া রাশিয়া, ইরান কিংবা তাদের কোনো প্রক্সি গ্রুপের এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।