ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে হুথিদের সঙ্গে সংঘর্ষের সময় অবস্থান নিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোটের যোদ্ধারা। ছবি: এএফপি
হুথি বিদ্রোহীদের হামলা প্রতিরোধে আরব দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুবা।
জার্মানির বার্লিনে আরব দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে শুক্রবার তিনি এ আহ্বান জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।
ইয়েমেনের সরকার পরিচালিত বার্তা সংস্থা সাবার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে সাধারণ মানুষের ওপর হুথি হামলার প্রভাব তুলে ধরেন আফরাহ আল-জুবা। বিশেষ করে তিনি এখনো অবরুদ্ধ অবস্থায় থাকা তাইজ শহরের বাসিন্দাদের ভোগান্তির বিষয়টি অবহিত করেন।
বৈঠকে জাতিসংঘ কর্মী ও মানবিক সহায়তাকর্মীদের হুথিদের হাতে আটক থাকার বিষয়টিও তুলে ধরেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় গোষ্ঠীটি ইয়েমেনের ভেতরে এবং দেশটির সীমান্ত পেরিয়ে হামলা অব্যাহত রাখার সাহস পাচ্ছে।
সাবা জানিয়েছে, বৈঠকে উপস্থিত আরব রাষ্ট্রদূতরা ইয়েমেন ও সৌদি আরবের ভূখণ্ডে হুথিদের চালানো হামলার নিন্দা জানান। একই সঙ্গে তারা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।