× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়

ট্রাম্পের ইরান যুদ্ধ ও শুল্কনীতি কি বন্ধ করা সম্ভব?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৯:২১ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ইউএসএ ‍টুডে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ইউএসএ ‍টুডে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিকে বড় ব্যবধানে হারিয়ে দেশটির কংগ্রেসের উভয় কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়েছে ডেমোক্রেটিক পার্টি। আগামী জানুয়ারি মাসের শুরুতে দায়িত্ব গ্রহণ করতে যাওয়া এই নতুন কংগ্রেস ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম দুই বছরের তুলনায় সম্পূর্ণ আলাদা হতে যাচ্ছে; কারণ তখন উভয় কক্ষেই রিপাবলিকানদের আধিপত্য ছিল।

কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ায় ডেমোক্র্যাটরা এখন ট্রাম্পের বিভিন্ন নীতি তদন্ত করার এবং অপছন্দের আইন আটকে দেওয়ার ব্যাপক ক্ষমতা পাবে। তবে প্রেসিডেন্টের এমন অনেক নির্বাহী ক্ষমতা রয়েছে যা প্রয়োগে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন পড়ে না। এমন বাস্তবতায় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ডেমোক্র্যাটদের এই নিয়ন্ত্রণ কতটা প্রভাব ফেলতে পারবে, তা নিয়ে এক বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধ

মধ্যবর্তী নির্বাচনে দলের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের ভূমিকার কথা স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মনে হয় পরাজয়ের একটি অংশ ইরান ইস্যু। তবে একই সময়ে ইরানের বিষয়ে আমি যা করেছি, মানুষ তার গুরুত্বও বুঝেছে।”

মূল্যস্ফীতি, জ্বালানি ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ভোটারদের মধ্যে চরম ক্ষোভের জন্ম দিয়েছিল। ডেমোক্র্যাটরা মানুষের জীবনযাত্রার ব্যয় ও অভ্যন্তরীণ ব্যয়ের সংকটকে প্রচারের প্রধান হাতিয়ার বানিয়েছিল। গত ফেব্রুয়ারিতে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন ট্রাম্প। তিনি এখনো হামলার নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখলেও নতুন কংগ্রেসের কাছ থেকে বাধার মুখে পড়তে পারেন। আগামী ১১ ডিসেম্বর বর্তমান সরকারি অর্থায়ন বিলের মেয়াদ শেষ হলে কংগ্রেস নতুন বাজেট বরাদ্দ আটকে দিয়ে ট্রাম্পের সামরিক সিদ্ধান্তে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে।

তবে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ‘সেন্টার অন ইউএস পলিটিক্স’-এর রিসার্চ ফেলো জেমস বয়েজ মনে করেন, তহবিল বন্ধ করা খুব সহজ হবে না। তিনি বলেন, “যুদ্ধক্ষেত্রে মার্কিন সেনারা উপস্থিত থাকায় বরাদ্দ আটকে দিলে তা সেনাদের জীবন ঝুঁকিতে ফেলার শামিল হিসেবে দেখা হতে পারে।”

বিশ্লেষকদের মতে, ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’ দিয়েও ট্রাম্পকে পুরোপুরি আটকে রাখা কঠিন। এ আইনে বলা হয়েছে, কংগ্রেসের যুদ্ধ ঘোষণা ছাড়া কোনো সামরিক পদক্ষেপ ৬০ দিনের বেশি স্থায়ী হতে পারে না। কিন্তু প্রেসিডেন্ট এতে ‘ভেটো’ দিতে পারেন। আর সেই ভেটো বাতিল করতে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন, যা নবনির্বাচিত কংগ্রেসের ডেমোক্র্যাটদের নেই।

ডাবলিনের ইউসিডি ক্লিনটন ইনস্টিটিউটের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক স্কট লুকাস বলেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও ডেমোক্র্যাটরা ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট রিপাবলিকানদের সঙ্গে কাজ করতে পারে। যেমন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স শুরু থেকেই যুদ্ধের বিরোধিতা করে আসছেন। গত সপ্তাহে তিনি হামলা এড়াতে ও আলোচনা শুরু করতে ইরানের নিরাপত্তা প্রধানের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন।

অন্যদিকে বিশ্লেষক জেমস বয়েজের আশঙ্কা, দ্বিতীয় মেয়াদ শেষ হলে সাংবিধানিক বাধ্যবাধকতায় ট্রাম্পকে ক্ষমতা ছাড়তে হবে এবং তিনি আর পুনর্নির্বাচনের মুখোমুখি হবেন না। ফলে আন্তর্জাতিক অঙ্গনে জবাবদিহিহীনভাবে কাজ করার সুযোগ রয়েছে ভেবে এবং নিজের একটি অকাট্য ঐতিহাসিক উত্তরাধিকার রেখে যেতে দুর্বল অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও বাড়িয়ে তুলতে পারেন।

শুল্কনীতি ও আন্তর্জাতিক বাণিজ্য

বাণিজ্য ঘাটতি কমাতে গত বছর প্রায় ৯০টি দেশের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের ৬-৩ ভোটে ওই সিদ্ধান্ত বাতিল হলেও ট্রাম্প নতুন নির্বাহী আদেশে বিকল্প পথ বের করেন এবং শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করেন। তবে কংগ্রেস মেয়াদ না বাড়ালে এ শুল্কের কার্যকারিতা ১৫০ দিনের বেশি থাকবে না।

ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, এই শুল্কের বোঝা শেষ পর্যন্ত মার্কিন ভোক্তাদের ওপর পড়েছে এবং এর মাধ্যমে জনগণের পকেট কাটা হয়েছে। নতুন কংগ্রেস রপ্তানিকারকদের জন্য কিছুটা সাময়িক ছাড় দেওয়ার চেষ্টা করতে পারে। তবে বাণিজ্যনীতিতে বড় ধরনের স্থায়ী পরিবর্তন আনতে হলে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ও নতুন প্রশাসন আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তবে দলমত নির্বিশেষে চীনের প্রযুক্তি ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে কংগ্রেস একমত থাকবে বলেই ধারণা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে মার্কিন প্রযুক্তি পণ্যের নিয়ন্ত্রণ বাড়াতে ‘রিমোট অ্যাকসেস সিকিউরিটি অ্যাক্ট’ এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ যাতে শত্রুপক্ষের হাতে না যায়, তা নিশ্চিত করতে ‘চিপ সিকিউরিটি অ্যাক্ট’।

অভিবাসন নীতি ও ট্রাম্পের ওপর নজরদারি

অধ্যাপক স্কট লুকাস জানান, মধ্যবর্তী নির্বাচনের সবচেয়ে বড় প্রভাব হলো ডেমোক্র্যাটরা কংগ্রেসের সব স্থায়ী কমিটির সভাপতির পদ পাবে। এর ফলে তারা তদন্ত শুরু এবং সমন (সাবপিনা) জারির ক্ষমতা অর্জন করবে।

এর মাধ্যমে ট্রাম্প পরিবারের বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য, প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের যুদ্ধ পরিচালনার কৌশল তদন্তের মুখে পড়তে পারে। এমনকি ইরান সংঘাত নিয়ে ট্রাম্পকে তৃতীয়বারের মতো অভিশংসনের (ইমপিচমেন্ট) চেষ্টাও হতে পারে।

এ ছাড়া ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির ওপর ব্যাপক তদন্তের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে শরণার্থীদের ফেরত পাঠাতে অভ্যন্তরীণ রাজস্ব সেবা (আইআরএস) ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের যৌথ তৎপরতা খতিয়ে দেখার জন্য সমন জারির প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা। নির্বাচনের ঠিক আগে ফক্স নিউজের এক জরিপে দেখা গেছে, নিবন্ধিত ভোটারদের ৫৩ শতাংশ মনে করেন অভিবাসীদের ওপর চালানো ট্রাম্পের অভিযান ‘অতিরিক্ত মাত্রায়’ চলে গেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা