প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৯:০৪ পিএম
গত ২৯ অক্টোবর মারা যান টিকটক কনটেন্ট নির্মাতা জেরি স্টিফেনস। ফাইল ছবি
বিশ্বখ্যাত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬) খেলার তীব্র ইচ্ছা ছিল তার। ইচ্ছা ছিল গেমটি বাজারে আসার দিন পর্যন্ত অন্তত বেঁচে থাকার। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। বহুল প্রতীক্ষিত গেমটি আনুষ্ঠানিকভাবে মুক্তির মাত্র তিন সপ্তাহ আগে ফুসফুসের মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ বছর বয়সী টিকটক কনটেন্ট নির্মাতা জেরি স্টিফেনস।
অনলাইনে ‘ভয়েড অনলি’ নামে পরিচিত ছিলেন জেরি। ফুসফুসের জটিল রোগ ‘ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ’-এ ভুগছিলেন তিনি। ফুসফুস প্রতিস্থাপনের মাধ্যমে তিনি যাতে বেঁচে থেকে আগামী ১৯ নভেম্বর মুক্তির অপেক্ষায় থাকা গেমটি খেলার সুযোগ পান, সে জন্য চলতি বছরের শুরুর দিকে বিশ্বজুড়ে ভিডিও গেমভক্তরা তার চিকিৎসার জন্য ৯৪ লাখ রুপির বেশি অনুদান তুলেছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছিল।
জেরির বোন প্যারিস জানান, এক মারাত্মক সংক্রমণের কারণে জেরির ফুসফুস রক্তে ভরে যায় এবং চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ অক্টোবর তাঁর মৃত্যু হয়।
ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় প্যারিস বলেন, “জেরি আর আমাদের মাঝে বেঁচে নেই। ২৯ অক্টোবর সে শেষ নিশ্বাস ত্যাগ করেছে। আপনারা তাকে যে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা দেখিয়েছেন, তাতে সে অত্যন্ত আনন্দিত ছিল। আপনারা তার জীবনের শেষ কয়েকটা মাস সুন্দর করে তুলেছিলেন। সে এখন শান্তিতে আছে; তাকে আর কোনো যন্ত্রণা বা লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে না। সবাইকে অনেক ধন্যবাদ।” সমর্থকদের নিয়ে পরিবারটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে আকাশে বেলুন ওড়ানোর একটি বিশেষ স্মরণসভার আয়োজন করবে বলেও জানান তিনি।
এর আগে গত আগস্টে ‘আই জাস্ট ওয়ান্ট টু প্লে জিটিএ ৬’ (আমি শুধু জিটিএ ৬ খেলতে চাই) শিরোনামে ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে নিজের করুণ শারীরিক পরিস্থিতির কথা জানিয়েছিলেন জেরি। সেখানে তিনি বলেন, তার ফুসফুস প্রায় অকেজো হয়ে পড়েছে এবং ফুসফুস প্রতিস্থাপন না করা পর্যন্ত তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকতে হবে।
সে সময় অনুদান নিয়ে নিজের দ্বিধার কথা জানিয়ে জেরি বলেছিলেন, “মানুষের কাছে সহায়তা চাইতে আমি সব সময়ই কিছুটা ইতস্তত বোধ করতাম। কারণ সবারই নিজের টাকার প্রয়োজন থাকে। কিন্তু সুস্থ হয়ে বেঁচে ফেরার জন্য এই মুহূর্তে আমার আসলেই সাহায্যের দরকার।”
শারীরিক জটিলতা ও অসুস্থতার মধ্যেও ২০২২ সাল থেকে নিয়মিত গান ও গেমিং সংক্রান্ত বিভিন্ন কনটেন্ট সামাজিক মাধ্যমে প্রকাশ করতেন জেরি। গত চার বছর ধরে তিনি ‘ওয়ারফ্রেম’, ‘মার্ভেলস স্পাইডার-ম্যান’, ‘হিটম্যান’ এবং ‘জিটিএ ৬’-এর মতো আলোচিত ভিডিও গেম নিয়ে কনটেন্ট বানিয়ে আসছিলেন।