× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে: নেপথ্য কারণ ও ফলাফল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৮:৩৬ পিএম

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন কংগ্রেস ভবন ‘ক্যাপিটল’। ছবি: জামিল কাউন্টেস/এএফপি

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন কংগ্রেস ভবন ‘ক্যাপিটল’। ছবি: জামিল কাউন্টেস/এএফপি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের চমক দেখিয়ে দেশটির আইনসভা কংগ্রেসের উভয় কক্ষেই—সিনেট ও প্রতিনিধি পরিষদ—পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ডেমোক্রেটিক পার্টি। রিপাবলিকান পার্টির একাধিক গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী আসন ছিনিয়ে নিয়ে এ বিজয় অর্জন করে তারা। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয় মেয়াদের পর এই প্রথম কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের দল কংগ্রেসের কোনো কক্ষেরই নিয়ন্ত্রণে থাকল না। সংবাদমাধ্যম আল-জাজিরার এক বিশ্লেষণী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

১০০ আসনের সিনেটে ডেমোক্র্যাটরা ইতিমধ্যে ৫৪টি আসন নিশ্চিত করেছে এবং আরও দুটি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২১৮ আসনের সীমাও অতিক্রম করেছে দলটি। একাধিক আসনে ভোটের ব্যবধান সামান্য হওয়ায় চূড়ান্ত ফলাফলের জন্য কয়েক দিন সময় লাগতে পারে। তবে এটিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় পরাজয় হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন যে তাঁর দল রিপাবলিকানদের তুলনায় বিরোধী ডেমোক্র্যাটরা ভালো নির্বাচনি প্রচারণা চালিয়েছে।

সিনেটে ডেমোক্র্যাটদের অভাবনীয় জয়
কয়েক দশক ধরে রিপাবলিকানদের দখলে থাকা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা:

  • টেক্সাস: ২০২৪ সালে এ অঙ্গরাজ্যে ১৪ পয়েন্ট ব্যবধানে জিতেছিলেন ট্রাম্প। কিন্তু তার সমর্থিত বিতর্কিত অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে ১১ পয়েন্টের বেশি ব্যবধানে হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকো। এর মাধ্যমে ৩২ বছর পর টেক্সাসে রাজ্যপর্যায়ের কোনো নির্বাচনে জয় পেল ডেমোক্র্যাটরা।

  • ক্যানসাস: ট্রাম্প সমর্থিত রিপাবলিকান রজার মার্শালকে হারিয়েছেন ডেমোক্র্যাট অ্যাডাম হ্যামিলটন। ক্যানসাসে ১৯৩২ সালের পর এই প্রথম কোনো ডেমোক্র্যাট প্রার্থী সিনেট নির্বাচনে জয়ী হলেন।

  • সাউথ ক্যারোলাইনা: ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের আসনে তার বোন ডারলিন গ্রাহামকে অন্তত ৪ পয়েন্টের ব্যবধানে হারিয়েছেন ডেমোক্র্যাট অ্যানি অ্যান্ড্রুস।

  • মিশিগান: ট্রাম্প সমর্থিত মাইক রজার্সকে হারিয়ে বিজয়ী হয়েছেন আবদুল আল-সায়েদ। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হতে যাচ্ছেন।

  • এ ছাড়া আইওয়াতে জশ তুরেখ, নর্থ ক্যারোলাইনায় প্রায় ২০ পয়েন্টের ব্যবধানে রয় কুপার, মেইনে ট্রয় জ্যাকসন এবং ওহাইওতে শেরড ব্রাউন জয়লাভ করেছেন।

প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় এখন কংগ্রেসের দুই কক্ষই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে চলে গেল।

কংগ্রেসের হাতে এখন কী ক্ষমতা?
আইন প্রণয়ন ও সরকারি ব্যয়ের অনুমোদন দেওয়া কংগ্রেসের প্রধান কাজ। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় ডেমোক্র্যাটরা এখন ট্রাম্প প্রশাসনের শীর্ষ পদের নিয়োগে সরাসরি বাধা দিতে পারবে। এর মধ্যে রাষ্ট্রদূত, মন্ত্রিসভার সদস্য এবং সুপ্রিম কোর্টসহ ফেডারেল আদালতের বিচারক নিয়োগের বিষয় রয়েছে।

তবে ডেমোক্র্যাটদের আইন প্রণয়নের ক্ষেত্রে বড় বাধা হবেন স্বয়ং ট্রাম্প। যেকোনো বিল আইনে পরিণত হতে প্রেসিডেন্টের স্বাক্ষরের প্রয়োজন হয়। ট্রাম্প ইতিমধ্যে হুমকি দিয়ে বলেছেন, তিনি ‘সবকিছুতেই ভেটো দেবেন’। প্রেসিডেন্টের এই ভেটো অকার্যকর করতে কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে, যা রিপাবলিকানদের সমর্থন ছাড়া অসম্ভব।

ট্রাম্প প্রশাসনের ওপর নজরদারি ও তদন্ত
সিনেটের নিয়ন্ত্রণ পাওয়ার ফলে বিভিন্ন তদন্ত কমিটির প্রধান হবেন ডেমোক্র্যাটরা। সিনেটের তদন্তবিষয়ক স্থায়ী উপকমিটির সম্ভাব্য চেয়ারম্যান সিনেটর রিচার্ড ব্লুমেনথাল জানিয়েছেন, তারা ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড খতিয়ে দেখতে সমন জারির ক্ষমতা পুরোপুরি ব্যবহার করবেন।

গত দুই বছরে ট্রাম্পের পারিবারিক ব্যবসা ক্রিপ্টোকারেন্সি, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রভৃতি খাতে ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে এবং তার ব্যক্তিগত সম্পদ প্রায় ২২০ কোটি ডলার বেড়েছে বলে আর্থিক বিবরণীতে দেখা গেছে। এ ছাড়া হোয়াইট হাউসের বলরুমের জন্য নেওয়া ব্যক্তিগত অনুদান নিয়েও তদন্তের প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা। তবে এসব তদন্তের পাশাপাশি আমেরিকান পরিবারগুলোর তাৎক্ষণিক অর্থনৈতিক সংকট সমাধানে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন ডেমোক্র্যাট সিনেটর শেলডন হোয়াইটহাউস।

ইরান যুদ্ধ বন্ধের সম্ভাবনা কতটুকু?
নতুন নির্বাচিত কংগ্রেস আগামী ৩ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবে। ওয়াশিংটনভিত্তিক থিংকট্যাঙ্ক ‘কুইন্সি ইনস্টিটিউট অব রেসপনসিবল স্টেটক্রাফট’-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি সতর্ক করে বলেন, মধ্যবর্তী নির্বাচনে অপমানের মুখে পড়ে ট্রাম্প দায়িত্ব হস্তান্তরের আগের এই দুই মাসে যুদ্ধ আরও উসকে দিতে পারেন।

তবে ডেমোক্র্যাটরা দায়িত্ব নেওয়ার পর যুদ্ধের জন্য নতুন বাজেট বরাদ্দ আটকে দিয়ে ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সংকুচিত করতে পারে। একই সঙ্গে সামরিক অভিযানে আইন মানা হয়েছে কি না, তা নিয়ে সিনেটে কঠোর তদন্ত শুরু হতে পারে।

জীবনযাত্রার ব্যয় কি কমবে?
ভোটারদের প্রধান উদ্বেগের বিষয় ছিল অর্থনীতি। অর্থনীতিবিদ ডিন বেকার জানান, ডেমোক্র্যাটদের সবচেয়ে বড় পদক্ষেপ হতে পারে ইরান যুদ্ধ বন্ধে চাপ তৈরি করা। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বব্যাপী জ্বালানি ও সার বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালি’তে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ইরান। যুদ্ধ বন্ধ হলে জ্বালানি তেলের দাম কমে সাধারণ মানুষের ওপর চাপ কমবে।

পাশাপাশি ডেমোক্র্যাটরা ২০২৫ সালে শেষ হয়ে যাওয়া সাশ্রয়ী স্বাস্থ্যসেবা আইনের (এসিএ) ভর্তুকি ফিরিয়ে আনা ও কম আয়ের মানুষদের জন্য মেডিকেড কর্মসূচি পুনর্বহালের চেষ্টা করতে পারে। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য ও বাড়িভাড়া বৃদ্ধির মতো বিষয়ে করপোরেট কোম্পানিগুলোর বিরুদ্ধে শুনানির উদ্যোগ নেওয়া হতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা