মার্কিন সিনেটের মিশিগান আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল-সায়েদ। ছবি: রয়টার্স
মার্কিন সিনেটের মিশিগান আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল-সায়েদ।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গলবারের নির্বাচনে জয়ের মধ্য দিয়ে তিনি মার্কিন সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম সদস্য।
এল-সায়েদের এই জয় ডেমোক্র্যাটদের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে অবসরপ্রাপ্ত ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্সের আসনটি নিজেদের দখলে নেওয়ার রিপাবলিকানদের প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে।
৪২ বছর বয়সী সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা এল-সায়েদের নির্বাচনী প্রচারের মূল প্রতিশ্রুতি ছিল কর্মজীবী পরিবারের ব্যয় কমানো এবং রাজনীতিতে করপোরেট প্রভাব হ্রাস করা। তার কর্মসূচিতে ছিল সবার জন্য সরকার-অর্থায়িত স্বাস্থ্যসেবা ‘মেডিকেয়ার ফর অল’ চালুর উদ্যোগ।
নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ৬৩ বছর বয়সী সাবেক কংগ্রেস সদস্য ও এফবিআইয়ের সাবেক এজেন্ট মাইক রজার্স। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতীয় রিপাবলিকান নেতাদের সমর্থন নিয়ে তিনি নির্বাচনে অংশ নেন। প্রচারে রজার্স এল-সায়েদের বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে কথিত সম্পর্কের অভিযোগ তুলে তাঁকে ইসলামী চরমপন্থার প্রতি সহানুভূতিশীল হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন। তবে এল-সায়েদ এসব অভিযোগ অস্বীকার করেন। ডেমোক্র্যাটরা অভিযোগগুলোকে ইসলামবিদ্বেষী প্রচারণা বলে সমালোচনা করেন।
ইসরায়েলের জন্য মার্কিন সামরিক সহায়তার বিরোধিতা এবং গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দেওয়ার কারণে ইহুদি ভোটারদের সমর্থন পেতেও রজার্স প্রচেষ্টা চালান।
তবে অর্থনীতি নিয়ে ভোটারদের উদ্বেগ এবং ট্রাম্পের কম জনপ্রিয়তা মোকাবিলা করতে তাকে বেগ পেতে হয়। নির্বাচনের শেষ সপ্তাহগুলোতে ইরান যুদ্ধ ও কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিরোধের মতো বিষয়েও তিনি ট্রাম্পের সঙ্গে ভিন্নমত প্রকাশ করেন। রজার্সের যুক্তি ছিল, ব্যবসাপ্রতিষ্ঠান ও ভোক্তাদের ব্যয় কমাতে এসব বিরোধের অবসান প্রয়োজন।
সোর্স: রয়টার্স