প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১৫:০৪ পিএম
মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল বিল্ডিং। ছবি: উইকিপিডিয়া
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের সাফল্য পেয়েছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। সিনেটের পর এবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও নিজেদের দখলে নিয়েছে দলটি। এর ফলে ওয়াশিংটনের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন দেখতে চলেছে বিশ্ব।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ২২০টি আসনে জয় পেয়েছে।
অন্যদিকে, রিপাবলিকান পার্টি পেয়েছে ১২৬টি আসন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজন ২১৮টি আসন। ফলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে নিম্নকক্ষের নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা।
নির্বাচনে রিপাবলিকানদের কাছ থেকে নতুন করে অন্তত ২৫টি আসন ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা। এর আগে সিনেটের নিয়ন্ত্রণও নিজেদের হাতে নেয় দলটি। ফলে কংগ্রেসের দুই কক্ষেই রিপাবলিকানদের আধিপত্যের অবসান ঘটেছে।
মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া ডেমোক্র্যাটদের জন্য বড় রাজনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে ৫১টি আসন প্রয়োজন ছিল। প্রকাশিত ফলাফল অনুযায়ী, দলটি ৫১টি আসনে জয় নিশ্চিত করেছে। অন্যদিকে, রিপাবলিকানরা জয় পেয়েছে ৩৯টি আসনে।