× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এভারেস্টে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ভারতীয় পর্যটক নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৭:০৭ পিএম

এভারেস্টে দুই হেলিকপ্টারের সংঘর্ষ। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট

এভারেস্টে দুই হেলিকপ্টারের সংঘর্ষ। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট

নেপালের এভারেস্ট অঞ্চলে অবতরণের সময় মাঝআকাশে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক নিউজিল্যান্ডের নাগরিক এবং এক পাইলট গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার সকালে দেশটির সোলুখুম্বু জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএএন)।

নেপালি সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহত ব্যক্তির নাম বসন্ত কুমার বলরামুড়ু। তিনি ‘ফিশটেল এয়ার’-এর একটি হেলিকপ্টারের যাত্রী ছিলেন। আহত ব্যক্তিরা হলেন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের নাগরিক শৈলেশ কৃষ্ণ প্যাটেল এবং ফিশটেল এয়ারের পাইলট-ইন-কমান্ড রবীন্দ্র প্রধান। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানী কাঠমান্ডুর নেপাল মেডিসিটি হাসপাতালে এয়ারলিফট করা হয়েছে।

সিএএএন-এর বরাতে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৮টা ১২ মিনিটে সোলুখুম্বু জেলার প্রায় ৪ হাজার ৩৭১ মিটার (১৪,৩৪০ ফুট) উচ্চতায় অবস্থিত ‘ফেরিচে’ নামক স্থানের একটি হেলিপ্যাডে এ দুর্ঘটনা ঘটে। ফেরিচে এলাকাটি পর্বতারোহী ও ট্রেকারদের কাছে একটি জনপ্রিয় বিরতিস্থল।

বিবৃতি অনুযায়ী, ‘এয়ার ডাইনাস্টি হেলি সার্ভিস প্রাইভেট লিমিটেড’-এর পরিচালিত একটি এএস৩৫০ মডেলের হেলিকপ্টার (রেজিস্ট্রেশন নম্বর 9N-AOD) কার্গো মালামাল নিয়ে লুকলা বিমানবন্দর থেকে ফেরিচে হেলিপ্যাডে আসছিল। অন্যদিকে, দুজন বিদেশি নাগরিককে নিয়ে সোলুখুম্বুর গোরাকশেপ থেকে উড্ডয়ন করা ‘ফিশটেল এয়ার প্রাইভেট লিমিটেড’-এর আরেকটি এএস৩৫০ হেলিকপ্টারও (রেজিস্ট্রেশন নম্বর 9N-AJR) একই হেলিপ্যাডে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, গ্রাউন্ড স্টাফদের সতর্কতা সংকেত উপেক্ষা করেই ফিশটেল এয়ারের হেলিকপ্টারটি দ্রুতগতিতে নিচে নেমে আসছিল। হেলিপ্যাডের কাছাকাছি আসতেই বিপরীত দিক থেকে অবতরণের চেষ্টায় থাকা এয়ার ডাইনাস্টির কপ্টারের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। ভূমি থেকে মাত্র ২–৩ মিটার ওপরে থাকাকালে এয়ার ডাইনাস্টির রোটর ব্লেডটি ফিশটেল এয়ারের যাত্রীদের কেবিনের জানালায় সজোরে আঘাত করে।

সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক মুকেশ ডাঙ্গোল বলেন, “প্রাথমিক তথ্যে দুই পাইলটের মধ্যে যোগাযোগের ঘাটতির (মিসকমিউনিকেশন) ইঙ্গিত পাওয়া গেছে। কারণ এলাকাটি লুকলা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ারের আওতার বাইরে, ফলে সেখানে পাইলটদের নিজেদের মধ্যেই যোগাযোগ রক্ষা করতে হয়।” 

তিনি আরও জানান, আহত পাইলটের জবানবন্দি নেওয়া হচ্ছে।

এর আগে ২০২৩ সালের জুলাই মাসে সোলুখুম্বুর লামাজুরা এলাকায় ‘মানাং এয়ার’-এর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী ছয়জনের সবাই নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন একই পরিবারের পাঁচজন মেক্সিকান পর্যটক (দুজন পুরুষ ও তিনজন নারী) এবং নেপালি পাইলট ক্যাপ্টেন চেত বাহাদুর গুরুং।

হেলিকপ্টার চলাচল নিয়ে স্থানীয় অসন্তোষ

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট (৮,৮৪৮.৮৬ মিটার) অঞ্চলে অতিরিক্ত হেলিকপ্টার চলাচল নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দা এবং হেলিকপ্টার পরিচালনাকারী সংস্থাগুলোর মধ্যে উত্তেজনা চলছে।

ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্য এলাকার পরিবেশ ও প্রশান্তি নষ্টের অভিযোগ তুলে ২০২৫ সালের ১২ ডিসেম্বর স্থানীয় পৌরসভা ও সগরমাথা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ একটি নির্দেশনা জারি করে। নির্দেশনায় জরুরি উদ্ধার অভিযান ব্যতীত পর্যটন সংশ্লিষ্ট সব ধরনের হেলিকপ্টার ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এ নিয়ে বিরোধের জেরে স্থানীয় যুব ক্লাবগুলো হেলিপ্যাডগুলোতে পতাকা টানিয়ে নিজেদের নিয়ন্ত্রণ দাবি করে এবং পরিচালনাকারী সংস্থাগুলোকে পরোক্ষ হুমকি দেয়।

স্থানীয়দের অভিযোগ, নিচু দিয়ে ওড়া এসব কপ্টারের বিকট শব্দে এলাকার স্কুল ও দপ্তরের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এবং উদ্যানের বন্যপ্রাণীদের জীবনযাত্রা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া সাধারণত ১৪ দিনের ট্রেকিং শেষ করে ফেরা পর্যটকদের হেলিকপ্টারে তুলে নিয়ে যাওয়ার কারণে স্থানীয় বাসিন্দারা কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

অন্যদিকে, পর্যটন খাতের ব্যবসায়ীদের দাবি—এ ধরনের নিষেধাজ্ঞার ফলে নেপালের প্রিমিয়াম বা উচ্চবিত্ত পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হবে। কারণ ৮ হাজার ডলারের প্যাকেজে অনেক ধনী পর্যটক সময় বাঁচাতে হেলিকপ্টারে এভারেস্ট দেখার সুযোগ নেন। বিদ্যমান নিয়ম অনুযায়ী, লুকলা পর্যন্ত চারজন যাত্রী নিয়ে যাওয়া গেলেও সেখান থেকে ৫ হাজার ৬৪৪ মিটার উচ্চতার কালা পাত্থারে নামার অনুমতি পান মাত্র দুজন। ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত এভারেস্ট বেসক্যাম্পের ওপর দিয়ে ওড়ার অনুমতি থাকলেও সেখানে কোনো হেলিকপ্টার নামতে পারে না।

ভৌগোলিক জটিলতা ও বিরূপ আবহাওয়ার কারণে নেপালে হেলিকপ্টার চলাচল সব সময়ই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষের রেকর্ড অনুযায়ী, ১৯৬৬ সালে হিসাব রাখা শুরু হওয়ার পর থেকে দেশটিতে অন্তত ২২টি প্রাণঘাতী হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা