এএফসি এশিয়ান কাপের ট্রফি। ছবি: সংগৃহীত
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার জেরে সৌদি আরবে নির্ধারিত এএফসি এশিয়ান কাপ স্থগিতের ঘোষণা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
২০২৭ সালের শুরুর দিকে দেশটিতে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিযোগিতার আয়োজক কমিটি জানিয়েছে, “অঞ্চলটির সাম্প্রতিক পরিস্থিতির বিকাশের ফলে সৃষ্ট বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতি, যার মধ্যে উল্লেখযোগ্য লজিস্টিক জটিলতা এবং ভ্রমণ বিঘ্ন অন্তর্ভুক্ত রয়েছে,” মূলত সে কারণেই প্রতিযোগিতার সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোয় সৌদি আরবের রাজধানী রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ভয়াবহ হামলা চালানো হয়। এতে অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হন। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিকে সৌদি আরবের ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে।