প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১০:১৮ এএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিলে, তাদের থামানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে একটি ‘সহজ’ সমাধান আছে। ট্রাম্প বলেন, “আমার মনে হয় আমি মিস্টার ভেটো হয়ে যাব।”
মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে দ্য নিউইয়র্ক পোস্টের সাংবাদিক মিরান্ডা ডিভাইনের পডকাস্ট ‘পড ফোর্স ওয়ান’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।
ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে কংগ্রেস চলে গেলে কীভাবে পরিস্থিতি সামলাবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার ধারণা, আমি মিস্টার ভেটো হয়ে উঠব। তাদের দেশটা ধ্বংস করতে দেব না।”
ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটদের পাঠানো বিলগুলো তিনি প্রত্যাখ্যান করবেন। একপর্যায়ে ভেটো ক্ষমতা ব্যবহার করে তাদের আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে পারেন।
তিনি বলেন, “তারা বিভিন্ন বিল পাঠাবে। আপনি তাতে ভেটো দেবেন। এভাবে এক-দুই মাস সব বিলে ভেটো দেওয়ার পর তারা বুঝবে, শুধু সময় নষ্ট হচ্ছে। তখন তারা আলোচনায় আসবে এবং আপনি সমঝোতায় পৌঁছাতে পারবেন।”
আইন পাসের জন্য রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতার প্রয়োজন নতুন কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, “একপর্যায়ে আমরা হয়তো সমঝোতায় পৌঁছাব। অতীতেও এমন হয়েছে। এটাই প্রথমবার ঘটবে না।”
তবে কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। এতে তাকে এমন কৌশল নিতে হবে না বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, “আমরা জিতব বলেই মনে হচ্ছে, ভালো ফল করব। তবে যদি না জিতি, তাহলে আমি সবকিছুতেই ভেটো দেব। ভেটো, ভেটো আর ভেটো।”
দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত মাত্র দুবার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছেন ট্রাম্প। আর প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ১০টি বিলে ভেটো দিয়েছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভেটো ক্ষমতার মাধ্যমে কংগ্রেসে পাস হওয়া কোনো বিল প্রত্যাখ্যান করা যায়। তবে প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্য সমর্থন দিলে কংগ্রেস প্রেসিডেন্টের ভেটো অগ্রাহ্য করে বিলটি আইনে পরিণত করতে পারে।
আজ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা। এই কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইছে ডেমোক্র্যাটরা। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তাদের আরও তিনটি আসনে জয় প্রয়োজন।