লোগো: সংগৃহীত
মধ্যবর্তী নির্বাচনে আজ মঙ্গলবার ভোটাধিকার প্রয়োগ করছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। নিউইয়র্ক টাইমস ও সিয়েনা বিশ্ববিদ্যালয়ের এক জনমত জরিপে দেখা গেছে, সিনেটের সাতটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের মধ্যে পাঁচটিতেই ক্ষমতাসীন রিপাবলিকানদের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা। বাকি দুটি অঙ্গরাজ্যেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদেও ডেমোক্র্যাটদের জয়ের প্রবল সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। ফলে জরিপ ও বিশ্লেষকদের ধারণা সত্যি হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির হাত থেকে কংগ্রেসের উচ্চকক্ষ বা সিনেটের নিয়ন্ত্রণ চলে যেতে পারে ডেমোক্র্যাটদের হাতে। এমন পরিস্থিতিতে ডেমোক্র্যাটরা জয়ী হলেও কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাহী আদেশের মাধ্যমে সরকার চালানোর ছক কষছে হোয়াইট হাউস।
খবর আল জাজিরা, রয়টার্স ও সিএনএনের।
নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ৪৩৫টি আসনের সবকটিতে এবং উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে দেশটিতে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ২১ কোটি। এ বছর আগাম ভোটের হার বেশ লক্ষণীয়; ৫ কোটির বেশি মার্কিন নাগরিক আগাম ভোট দিয়ে দিয়েছেন। নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যেকোনো দলের ২১৮টি আসন প্রয়োজন; অন্যদিকে উচ্চকক্ষ বা সিনেটের পূর্ণ নিয়ন্ত্রণ পেতে ডেমোক্র্যাটদের এই ৩৫টি আসনের মধ্যে অন্তত ১৭টিতে ও রিপাবলিকানদের ১৯টিতে জয় নিশ্চিত করতে হবে।
নিউইয়র্ক টাইমস ও সিয়েনার জরিপ অনুযায়ী, মিশিগানে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে (৪২%) পেছনে ফেলে ৫৩% সমর্থন নিয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল সায়েদ। টেক্সাসে বর্তমান রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের (৪৩%) চেয়ে এগিয়ে ডেমোক্র্যাট জেমস তলারিকো (৫০%)। এ ছাড়া মেইনে সুসান কলিন্সকে, ওহাইওতে জন হাস্টেডকে ও কানসাসে রজার মার্শালকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। তবে আলাস্কা ও আইওয়াতে দুই দলের প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে, যেখানে কোনো স্পষ্ট ব্যবধান নেই।
যদি মঙ্গলবারের নির্বাচনে এই জরিপের প্রতিফলন ঘটে, তবে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের হাত থেকে অন্তত চারটি আসন ছিনিয়ে নিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিতে পারে। বর্তমানে সিনেটে ৫৩-৪৭ ব্যবধানে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ।
কংগ্রেস ছাড়াই সরকার চালানোর ছক
নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদেও ডেমোক্র্যাটদের জয়ের প্রবল সম্ভাবনা দেখছেন রাজনীতি বিশ্লেষকরা। মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত, বাজেট কাটছাঁট ও গুরুত্বপূর্ণ বিল আটকে দেওয়ার ক্ষমতা পাবে। এমন পরিস্থিতি মোকাবিলায় হোয়াইট হাউস গত এপ্রিল মাস থেকেই প্রস্তুতি নিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তা স্টিফেন মিলার ও বাজেট পরিচালক রাসেল ভাউটের নেতৃত্বে একটি বিশেষ দল কাজ করছে। তাদের লক্ষ্য হলো কংগ্রেসের অনুমোদন ছাড়াই নির্বাহী আদেশের মাধ্যমে কীভাবে অভিবাসন, শুল্ক, আবাসন ও কেন্দ্রীয় বাজেট নিয়ন্ত্রণ করা যায়, তার একটি আইনি রূপরেখা তৈরি করা।
প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে বলেছেন, ডেমোক্র্যাটরা বিল পাঠালে তিনি ক্রমাগত ভেটো দিয়ে যাবেন। তিনি বলেন, ‘আমি হয়তো মিস্টার ভেটো হয়ে যাব। এরপর এক-দুই মাস পর তারা যখন দেখবে সব ভেটো হচ্ছে, তখন হয়তো তারা কোনো সমঝোতায় আসবে।’
তৃতীয় মেয়াদেও লড়তে চান ট্রাম্প
নিউইয়র্ক পোস্টের ‘পড ফোর্স ওয়ান’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, সুযোগ পেলে তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান। তিনি বলেন, ‘সংবিধান যদি অনুমতি দিত, তবে আমি আবারও নির্বাচন করতাম। আমি নির্বাচন করতে চাই, কিন্তু সংবিধানে ভাষাটা বেশ কড়াকড়িভাবে লেখা আছে।’
যুক্তরাষ্ট্রের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে পারেন না। তবে ট্রাম্প এর আগে ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ তুলে বলেছিলেন, ওই নির্বাচন চুরি হওয়ায় তার আবারও লড়ার অধিকার আছে।
ইরান যুদ্ধের প্রভাব
মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের কাছে সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে অর্থনীতি ও মূল্যস্ফীতি। আর ডেমোক্র্যাটরা এই মূল্যস্ফীতির জন্য ট্রাম্প প্রশাসনের ইরান যুদ্ধকে দায়ী করে প্রচার চালাচ্ছেন। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রে পেট্রোল ও ডিজেলের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। মিশিগানে সিনেট বিতর্কে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল সায়েদ বলেছেন, ‘জ্বালানি তেল ও মুদিদোকানের পণ্যের দাম বাড়ার মূল কারণ হলো ইরান যুদ্ধ। আমাদের এমন একজন সিনেটর দরকার নেই, যিনি এই যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে গলা মেলাবেন।’
অধিকাংশ জনমত জরিপ ডেমোক্র্যাটদের পক্ষে থাকলেও, বিগত কয়েকটি নির্বাচনের ইতিহাস বলছে, ট্রাম্প সমর্থকেরা অনেক সময় জরিপের বাইরে থেকে গিয়ে শেষ মুহূর্তে ভোটের হিসাব পাল্টে দেন।