× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের কেশম দ্বীপে একের পর এক বিস্ফোরণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ০৯:১৩ এএম

ইরানের কেশম দ্বীপ। ছবি: সংগৃহীত

ইরানের কেশম দ্বীপ। ছবি: সংগৃহীত

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। 

ইরানের দক্ষিণাঞ্চলের দ্বীপটিতে সোমবার রাতে পরপর পাঁচটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের সময় দ্বীপের আকাশে দুটি বিমান উড়তে দেখেছেন স্থানীয় বাসিন্দারা। তবে বিমান দুটির পরিচয় কিংবা বিস্ফোরণের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এছাড়া দক্ষিণ ইরানের বন্দর লেঙ্গেহ-এর অদূরে জলসীমায় বিস্ফোরণের শব্দ শোনার কথাও জানিয়েছে সংবাদ সংস্থাটি।

এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সম্প্রচারমাধ্যম সিএনন জানায়, কেশম দ্বীপে সীমিত আকারে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবহারের জবাবে ‘আত্মরক্ষামূলক ব্যবস্থা’ হিসেবে এই হামলা চালানো হয়।   

এই হামলাটিকে কোনো বড় ধরনের সামরিক অভিযানের অংশ বলে মনে করছেন না বিশ্লেষকেরা। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এ ধরনের সীমিত হামলা এর আগেও গোপনে পরিচালিত হয়েছে।

এর আগে হরমুজ প্রণালিতে কেশম দ্বীপের কাছে ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের দুটি এমকিউএম-১৭০ গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি মহাকাশ বাহিনী জানায়, কেশম দ্বীপের দক্ষিণে ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ব্যবহার করে ড্রোন দুটি ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে তাদের দাবি অনুযায়ী, এই মডেলের মার্কিন ড্রোন জব্দের সংখ্যা দাঁড়িয়েছে চারটিতে।

যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়ার ঠিক আগের দিনে চালানো এই সামরিক পদক্ষেপটি মনে করিয়ে দিচ্ছে যে ইরান পরিস্থিতির এখনও সমাধান হয়নি এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কা জিইয়ে রয়েছে।

এমন এক সময়ে এই আক্রমণটি চালানো হলো, যার কয়েক ঘণ্টা আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে কূটনীতির পথ খোলা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, দুই দেশের মধ্যে একটি চুক্তি হতেই পারে।

সোমবার একই ধরনের সুর শোনা গেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের গলায়ও। সাংবাদিকদের তিনি জানান, যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ বা সমাধান খুঁজতে যুক্তরাষ্ট্র ও ইরান কিছুটা অগ্রগতি অর্জন করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা