ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে একটি চুক্তির লক্ষ্যে চলমান আলোচনার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ৪ শতাংশ কমেছে।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সোমবার বাংলাদেশ সময় বেলা তিনটা (গ্রিনিচ মান সময় সকাল নয়টা) পর্যন্ত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ২০ ডলার বা ৩ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৯ দশমিক ২৩ ডলারে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৯৮ ডলার বা ৩ দশমিক ৮ শতাংশ কমে ১০০ দশমিক ১৪ ডলারে নেমে আসে।
তেল ব্রোকারেজ প্রতিষ্ঠান পিভিএম-এর তামাস ভার্গা বলেন, “নতুন এই মাসটি ইরানের অচলাবস্থা নিরসনে একটি যুগান্তকারী অগ্রগতির নতুন আশা নিয়ে এসেছে।”
কাতারের মধ্যস্থতায় এই আলোচনা এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যার কিছুদিন আগেই কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলের ট্যাংকারগুলোতে হামলার ঘটনা বেড়েছিল। তবে এর পাশাপাশি বড় কয়েকটি রপ্তানিকারক দেশ থেকে বিশ্ববাজারে তেলের সরবরাহ বা চালান বৃদ্ধিরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে।