× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৪ সালের নির্বাচন ছিল ‘অবৈধ’, জেলে যেতে হবে নির্বাচন কমিশনারকে: রাহুল গান্ধী

‘মোদি ক্ষমতা থেকে সরলেই কেবল গণতন্ত্র টিকে থাকবে’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৯:৩৩ পিএম

ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। ফাইল ছবি

ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। ফাইল ছবি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে অপসারণ করা হবে এবং শেষ পর্যন্ত তাকে জেলে যেতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। 

রবিবার দিল্লির রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’ জোটের এক সমাবেশে তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং ভোটার তালিকায় কারচুপির মাধ্যমে ‘ভোট চুরি’ করা হয়েছে।

হিন্দিতে দেওয়া বক্তব্যে রাহুল গান্ধী গত লোকসভা নির্বাচনকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বলেন, “ভোটের এই চুরি কোনো সাধারণ চুরি নয়। এটি ভারতের প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর চুরি করা। একে দেশদ্রোহিতা বলা হয়।”

তিনি আরও বলেন, “জ্ঞানেশ কুমার না থাকলে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতে পারতেন না, আর অমিত শাহও স্বরাষ্ট্রমন্ত্রী হতেন না।”

নির্বাচন কমিশনের তথ্যের বরাত দিয়ে রাহুল দাবি করেন, ২০২৪ সালের নির্বাচনের পর ভোটার তালিকা থেকে ১৫ শতাংশ ভোটার বাদ দেওয়া হয়েছে। অথচ ওই নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে তাদের জোটের ভোটের ব্যবধান ছিল মাত্র ৩ শতাংশ। দেশের সব নাগরিক ও তরুণদের উদ্দেশে তিনি ঘোষণা দেন, জ্ঞানেশ কুমারকে প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে সরানো হবে এবং তিনি জেলে যাবেন।

এ সময় বিজেপির আদর্শিক অভিভাবক আরএসএসের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে তদন্তকারী সংস্থা পর্যন্ত দেশের প্রতিষ্ঠানগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তোলেন রাহুল। তিনি বলেন, এর ফলে কৃষক, শ্রমিক ও যুবসমাজ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। নিজের স্বপ্নের ভারতের বর্ণনা দিতে গিয়ে হিন্দু পৌরাণিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, শিবের বরযাত্রায় যেমন যে কেউ যোগ দিতে পারে এবং কাউকে বাধা দেওয়া হয় না, তারাও তেমন একটি ভারত চান। রাহুল আরও বলেন, যত অর্থই থাকুক না কেন, কেউ সংবিধানের চেয়ে বড় নয়।

সমাবেশে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কেন্দ্র ছাড়াও মহারাষ্ট্র, বিহার ও উত্তরপ্রদেশের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে ‘ভোট চুরির সরকার’ বলে আখ্যা দেন। নরেন্দ্র মোদিকে ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “মোদি ক্ষমতা থেকে সরলেই কেবল গণতন্ত্র টিকে থাকবে।”

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কর্মসূচির বিরুদ্ধে এই সমাবেশের ডাক দেয় বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। এতে রাহুল গান্ধী ছাড়াও সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ শীর্ষ বিরোধী নেতারা অংশ নেন। এর আগে দিল্লির মিন্টো রোড ও কনট প্লেস মোড় থেকে রামলীলা ময়দান পর্যন্ত বিরোধীদের ‘চলো দিল্লি’ পদযাত্রা অনুষ্ঠিত হয়। এর আগে গত ৩১ অক্টোবর দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এক প্রতীকী গণ-‘ইমপিচমেন্ট’ কর্মসূচিও হয়েছিল।

এদিকে বিরোধীদের এই কর্মসূচির জবাবে রবিবার হরিয়ানার ফরিদাবাদে বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, নৈরাজ্য হটাও’ পদযাত্রায় অংশ নিয়ে দলটির নেতা ও সম্বলপুরের সংসদ সদস্য ধর্মেন্দ্র প্রধান বলেন, রাহুল গান্ধী ও কংগ্রেস গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর আস্থা হারিয়ে ফেলেছে।

অন্যদিকে গোয়ায় এক সংবাদ সম্মেলনে ভারতের সংস্কৃতি মন্ত্রী এবং পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত অভিযোগ করেন, কংগ্রেস রাজনৈতিক সুবিধার জন্য ভোটার তালিকা সংশোধনকে বিতর্কে রূপ দিচ্ছে। 

তিনি জানান, গণতন্ত্রকে শক্তিশালী করতে এই সাংবিধানিক পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ২০ বছরে দেশে বড় ধরনের অভিবাসন ও মানুষের মৃত্যুর তথ্য তুলে ধরে তিনি জানান, এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে ২ কোটি ৮০ লাখ মৃত ব্যক্তি রয়েছেন। পাশাপাশি নতুন করে ১ কোটি ৯০ লাখ ভোটারের নাম তালিকায় যুক্ত করা হয়েছে। কংগ্রেস এই সংশোধনীর বিরোধিতা করছে নাকি নির্বাচনি জবাবদিহিতার বিরোধিতা করছে, তা স্পষ্ট করার আহ্বান জানান এই মন্ত্রী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা