× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১২ বছরে দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে ভারতের ৪৯ কোটি ৬০ লাখ মানুষ: বিশ্বব্যাংক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২২:০৮ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৬ ০০:১৪ এএম

১২ বছরে দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে ভারতের ৪৯ কোটি ৬০ লাখ মানুষ: বিশ্বব্যাংক

গত ১২ বছরে ভারতে চরম দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে আনুমানিক ৪৯ কোটি ৬০ লাখ মানুষ। একই সময়ে দেশটিতে চরম দারিদ্র্যের হার ২৭ দশমিক ১ শতাংশ থেকে কমে ২ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। বিশ্বব্যাংকের অক্টোবর ২০২৬-এর ‘পভার্টি অ্যান্ড ইকুইটি ব্রিফ’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে দারিদ্র্য হ্রাসের এই অগ্রগতি বিশ্বে অন্যতম দ্রুততম। দৈনিক ৪ দশমিক ২০ ডলার আয়ের নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর দারিদ্র্যসীমা বিবেচনায় নিলেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এ সময় এই সীমার নিচে বসবাসকারী মানুষের হার ৫৭ দশমিক ৭ শতাংশ থেকে কমে ১৬ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে। হিসাবটি ২০২১ সালের ক্রয়ক্ষমতার সমতা (পিপিপি) অনুযায়ী করা হয়েছে।

বিশ্বব্যাংক বলছে, দারিদ্র্য কমার পেছনে প্রধান ভূমিকা রেখেছে মানুষের ভোগব্যয় বৃদ্ধি, কর্মসংস্থানের সম্প্রসারণ, বিশেষ করে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ এবং খাদ্য ভর্তুকিসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরগুলোতেও ভারতে দারিদ্র্যের হার কমতে পারে, তবে সেই গতি কিছুটা ধীর হবে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, দৈনিক ৪ দশমিক ২০ ডলার আয়সীমার নিচে বসবাসকারী মানুষের হার ২০২৬ সালের ১৪ দশমিক ২ শতাংশ থেকে কমে ২০২৮ সালে ১২ দশমিক ১ শতাংশে দাঁড়াতে পারে। তবে এসব পূর্বাভাস বিভিন্ন অর্থনৈতিক ও শ্রমবাজারসংক্রান্ত তথ্যের ভিত্তিতে করা প্রাথমিক হিসাব; নতুন তথ্য পাওয়া গেলে তা পরিবর্তিত হতে পারে।

শুধু আয় বা ভোগব্যয় নয়, জীবনযাত্রার বিভিন্ন সূচকেও ভারতের অগ্রগতি হয়েছে। অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুযায়ী, দেশটিতে দারিদ্র্যের হার ২০০৫-০৬ সালে ৫৩ দশমিক ৮ শতাংশ থাকলেও ২০১৯-২১ সালে তা কমে ১৬ দশমিক ৪ শতাংশে নেমে আসে।

অন্যদিকে, বিশ্বব্যাংকের নিজস্ব বহুমাত্রিক দারিদ্র্য পরিমাপ অনুযায়ী, ২০২২-২৩ সালে ভারতে এই হার ছিল ১৫ দশমিক ৫ শতাংশ। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও জীবনযাত্রার মানের মতো বিষয়গুলো এই পরিমাপে বিবেচনা করা হয়।

তবে দারিদ্র্য হ্রাসের সাফল্যের পাশাপাশি আঞ্চলিক বৈষম্য ও কর্মসংস্থানের মান নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির হিসাবে, ভারতের মোট দরিদ্র জনগোষ্ঠীর প্রায় ৫৭ শতাংশ উত্তর প্রদেশ থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত একটি ভৌগোলিক অঞ্চলে বসবাস করে। এসব রাজ্যে উৎপাদনশীল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হলে দারিদ্র্য হ্রাসের অগ্রগতি ধরে রাখা কঠিন হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতের কর্মজীবী মানুষের সংখ্যা প্রায় ১৩ কোটি ৪০ লাখ বেড়েছে, যা একই সময়ে কর্মক্ষম বয়সী জনসংখ্যা বৃদ্ধির প্রায় দ্বিগুণ। এই কর্মসংস্থান বৃদ্ধির একটি উল্লেখযোগ্য অংশ এসেছে গ্রামীণ নারীদের বেতনভুক্ত কাজে যুক্ত হওয়ার মাধ্যমে।

তবে শ্রমবাজারে নতুন কিছু উদ্বেগও দেখা দিয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় পরবর্তী অর্থবছরের প্রথম প্রান্তিকে তরুণদের বেকারত্বের হার ১৪ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ১৫ দশমিক ৯ শতাংশ হয়েছে। বিশেষ করে গ্রামীণ তরুণীদের মধ্যে বেকারত্বের প্রভাব বেশি।

এ ছাড়া প্রকৃত আয় বা মূল্যস্ফীতি সমন্বিত মজুরি প্রায় অপরিবর্তিত রয়েছে। কর্মসংস্থান বাড়লেও এর বড় অংশ অপেক্ষাকৃত কম উৎপাদনশীল খাতে কেন্দ্রীভূত হচ্ছে বলে উল্লেখ করেছে বিশ্বব্যাংক।

দারিদ্র্যের হিসাব তৈরিতে মূলত পরিবারের ভোগব্যয়সংক্রান্ত জরিপ ব্যবহার করা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দারিদ্র্য হ্রাসের একটি অংশ প্রকৃত জীবনমানের উন্নতির পাশাপাশি পরিমাপ পদ্ধতির পরিবর্তনের কারণেও হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

বিশ্বব্যাংকের এই প্রতিবেদন ভারতের দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য অগ্রগতির চিত্র তুলে ধরলেও দীর্ঘমেয়াদে এ সাফল্য ধরে রাখতে আঞ্চলিক বৈষম্য কমানো, উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের প্রকৃত আয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা