প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ২১:১৭ পিএম
ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট। ছবি: সংগৃহীত
ইসরায়েলের সাধারণ নির্বাচনে চূড়ান্ত ভোট গণনা শেষ হলেও সরকার গঠন নিয়ে দেখা দিয়েছে এক গভীর রাজনৈতিক অচলাবস্থা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাকি তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটÑ কার নেতৃত্বাধীন জোট সরকার গঠন করবে, তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গাজা উপত্যকায় তিন বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে অনুষ্ঠিত এই নির্বাচনকে নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্বের ওপর একটি গণভোট হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু ১২০ আসনের নেসেটে (ইসরায়েলের পার্লামেন্ট) কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের ম্যাজিক ফিগার অর্জন করতে পারেনি। এই পরিস্থিতি নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎকে এক ঘোর সংকটের মুখে ফেলে দিয়েছে। খবর আল জাজিরার।
ইসরায়েলি গণমাধ্যম হারেৎস জানিয়েছে, ৯৯ শতাংশের বেশি ভোট গণনা শেষে নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে মধ্যপন্থী দল ইয়াশারের নেতা, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক দেখিয়েছে ফিলিস্তিনি-আরব দলগুলো। তারা সব মিলিয়ে রেকর্ড ১৯টি আসনে জয়লাভ করেছে, যা ইসরায়েলের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন।
উত্তরণের চারটি পথ
ইসরায়েলের এই রাজনৈতিক অচলাবস্থা কাটাতে বিশ্লেষকরা মূলত চারটি সম্ভাব্য পথের কথা বলছেন। প্রথমত, বিরোধী দলের সরকার গঠন : গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট যদি আরব দলগুলোর (জয়েন্ট লিস্ট ও রা’আম) সমর্থন নিতে পারে, তবে তারা অনায়াসেই নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে। কিন্তু সমস্যা হলো, বিরোধী জোটের কট্টর ডানপন্থী নেতা নাফতালি বেনেট ও আভিগডর লিবারম্যান কোনোভাবেই আরব দলগুলোর ওপর নির্ভরশীল সরকার গঠনে রাজি নন।
দ্বিতীয়ত, জাতীয় ঐক্যের সরকার : আরেকটি পথ হতে পারে দুই জোটের সমন্বয়ে একটি ঐক্যের সরকার গঠন করা। এই ক্ষেত্রে নেতানিয়াহু তার বর্তমান কট্টর ডানপন্থী জোটের কিছু মিত্রকে বাদ দিয়ে বিরোধী জোটের এক বা একাধিক দলকে সঙ্গে নিয়ে সরকার গঠন করতে পারেন। তবে আইজেনকোট আগেই নেতানিয়াহুর সঙ্গে সরকার গঠনে অস্বীকৃতি জানিয়েছেন।
তৃতীয়ত, দলত্যাগীদের নিয়ে নেতানিয়াহুর জোট : নেতানিয়াহু যদি বিরোধী জোট থেকে অন্তত আটজন পার্লামেন্ট সদস্যকে ভাঙিয়ে আনতে পারেন, তবে তিনি সরকার গঠন করতে পারবেন। কিন্তু বিরোধী জোটের নেতারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, তারা নেতানিয়াহুর সঙ্গে বসবেন না। তাই এত বেশিসংখ্যক দলত্যাগী জোগাড় করা নেতানিয়াহুর জন্য অত্যন্ত কঠিন।
চতুর্থত, পুনরায় নির্বাচন : আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট আইজাক হারজোগ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে যেকোনো একজন নেতাকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দেবেন। এরপর তিনি ব্যর্থ হলে অন্য কাউকে সুযোগ দেওয়া হবে। যদি কোনো চেষ্টাই কাজে না আসে, তবে ইসরায়েলকে আগামী বসন্তে আবার সাধারণ নির্বাচনের দিকে এগোতে হবে, যা হবে আট বছরের মধ্যে দেশটির সপ্তম নির্বাচন।
সরকার গঠন না হওয়া পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। যদি পুনরায় নির্বাচন হয়, তবে তিনি আগামী কয়েক মাসের জন্য ক্ষমতা ধরে রাখতে পারবেন। তবে দীর্ঘ মেয়াদে এই অচলাবস্থা তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য এক বড় ধাক্কা হিসেবেই বিবেচিত হচ্ছে। আগামী বুধবার নির্বাচনের চূড়ান্ত ও সরকারি ফলাফল প্রকাশ করা হবে।