স্পেনের টলেডোর উরদা স্টেশনের কাছে বুধবার সকালে দুটি দ্রুতগতির ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। ছবি: এল পাইস
স্পেনের টলেডোর উরদা স্টেশনের কাছে বুধবার সকালে দুটি দ্রুতগতির ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।
দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এল পাইস (EL PAÍS) সরকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্পেন সরকার। সরকারি সূত্র জানিয়েছে, এই দুর্ঘটনা কর্ডোবার আদামুজের চেয়েও ভয়াবহ হতে পারে, যেখানে গত ১৮ জানুয়ারি ট্রেন দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছিল।
জরুরি সেবা বিভাগের সূত্র অনুযায়ী, একটি এভিই দ্রুতগতির ট্রেন লাইনে দাঁড়িয়ে থাকা ইরিও নামের অপর একটি ট্রেনকে ধাক্কা দেয়। এতে দুটি বগি রেললাইনের পাশের খাদে পড়ে যায়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, দাঁড়িয়ে থাকা ইরিও ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয় এভিই ট্রেনটি, যার ফলে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়।
স্পেনের রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান রেনফে জানিয়েছে, দুর্ঘটনার পর মাদ্রিদ, সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়ার মধ্যকার ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনার খবর পাওয়ার পর দেশটির সরকার ও বিরোধী দল বুধবারের তাদের পূর্বনির্ধারিত সব কর্মসূচি বাতিল করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ লিখেছেন, “আমি সার্বক্ষণিকভাবে পরিবহনমন্ত্রী এবং কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের গভর্নরের সঙ্গে যোগাযোগ রাখছি। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সেবা বিভাগ কাজ করছে। নিহত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ও সহমর্মিতা রইল।”
সরকারি সূত্রগুলো জানিয়েছে, রাষ্ট্রীয় রেল অবকাঠামো প্রতিষ্ঠান ‘আদিফ’-এর একজন অপারেটরের ‘মানবিক ভুল’ (হিউম্যান এরর)-এর কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেখানকার মূল সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটি দেখা দিলে স্বয়ংক্রিয় ব্যবস্থাটি বিকল হয়ে ম্যানুয়াল মোডে চলে যায়। স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা কাজ না করায় ট্রেনগুলো থেমে গিয়েছিল এবং এরপর মানুষের নিয়ন্ত্রণে চলাচল শুরু হওয়ার পরেই এই ভুলটি ঘটে।
মাদ্রিদের আতোচা নিয়ন্ত্রণ কক্ষের একজন অপারেটর ভুলবশত রেনফে ট্রেনটিকে চলাচলের অনুমতি দিয়েছিলেন, যদিও লাইনে তখনও ইরিও ট্রেনটি দাঁড়িয়ে পথ আটকে ছিল। এর ফলেই রেনফে ট্রেনটি পেছন থেকে গিয়ে ইরিও ট্রেনকে ধাক্কা দেয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
রেলওয়ে ইউনিয়নের মুখপাত্র রাফায়েল এস্কুদেরো জানান, এই দুর্ঘটনাটি ‘অত্যন্ত অস্বাভাবিক’। তিনি বলেন, ওই এলাকায় যাত্রীদের জন্য কোনো নির্ধারিত স্টপেজ নেই। পুরো ট্রেন চলাচল ও রেললাইনের অবস্থা সরাসরি (রিয়েল-টাইমে) নজরদারি করা হয়। ট্র্যাকে কোনো বাধা থাকলে তা স্বয়ংক্রিয়ভাবেই থেমে যাওয়ার কথা।
রেনফের ‘এভিই ২০৮০’ ট্রেনের শেষ বগির যাত্রী মিগেল আনহেল পেরেস দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভেই-কে বলেন, “দুর্ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ ও অবর্ণনীয়। প্রচণ্ড ঝাঁকুনি শুরু হলে আমরা সিট আঁকড়ে ধরি। পরে জানালা ভেঙে আমরা বগি থেকে বের হতে সক্ষম হই।” ট্রেনটিতে মোট ৩৯৭ জন যাত্রী ছিলেন।
কাস্তিয়া-লা মাঞ্চা আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্থার পাদিয়া জানিয়েছেন, নিহতের সংখ্যা নিশ্চিতভাবেই আরও বাড়বে। উদ্ধারকাজে সামরিক জরুরি ইউনিট (ইউএমই) ছাড়াও কাস্তিয়া-লেওন, মাদ্রিদ, আন্দালুসিয়া ও নাভারে অঞ্চল সহায়তা শুরু করেছে।
সাম্প্রতিক এই দুর্ঘটনা স্পেনের অতীতের ভয়াবহ ট্রেন দুর্ঘটনাগুলোকে সামনে নিয়ে এসেছে। এর আগে ২০১৩ সালে সান্তিয়াগো দে কম্পোসতেলার কাছে অতিরিক্ত গতির কারণে আলভিয়া ট্রেন লাইনচ্যুত হয়ে ৮০ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছিলেন।
স্পেনের রেল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল ১৯৪৪ সালের ৩ জানুয়ারি তোরে দেল বিয়েরজোতে (লেওন)। সে সময় একটি টানেলের ভেতর তিনটি ট্রেনের সংঘর্ষে সরকারি হিসাবে ৭৮ জনের মৃত্যুর কথা বলা হলেও ফ্রাঙ্কো সরকার প্রকৃত সংখ্যা গোপন করেছিল বলে ধারণা করা হয়। এ ছাড়া ১৯৭২ সালের ২১ জুলাই এল কুয়েরভোতে (সেভিল) মুখোমুখি সংঘর্ষে ৮৬ জন নিহত ও ১১২ জন আহত হন। ২০০৬ সালের ৩ জুলাই ভ্যালেন্সিয়া মেট্রোর ট্রেন লাইনচ্যুত হয়ে ৪৩ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছিলেন।