যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন সাবেক মিস সুইজারল্যান্ড বিয়েত্রিস কয়েল। ছবি: এনডিটিভি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন সাবেক মিস সুইজারল্যান্ড বিয়েত্রিস কয়েল।
দেশটির বিরোধী রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মডেল বিয়েত্রিস কয়েল এর আগে ১৯৯৩ সালের নভেম্বরে ট্রাম্পের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শের (গ্রোপিং) অভিযোগ এনেছিলেন। এবার তিনি অভিযোগ করেছেন, ওই ঘটনার সময় ট্রাম্প তাকে ধর্ষণও করেছিলেন।
মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটদের তৈরি করা ওই প্রতিবেদনে সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথিত সম্পর্কের তদন্তের বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়েছে।
তবে প্রতিবেদনে উল্লিখিত এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের এক মুখপাত্র এই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের ঐতিহাসিক অর্জনের কারণে রিপাবলিকানদের যে জোয়ার তৈরি হয়েছে, তা থেকে মার্কিনিদের মনোযোগ সরানোর জন্য এটা উগ্র ডেমোক্র্যাটদের একটি মরিয়া প্রচেষ্টা।”
প্রতিবেদনে যা বলা হয়েছে
হাউস জুডিশিয়ারি কমিটির ডেমোক্র্যাটদের তৈরি করা ৫৩ পৃষ্ঠার ওই প্রতিবেদনে ট্রাম্পের বিরুদ্ধে ওঠা যৌন অসদাচরণের অভিযোগগুলো আবার তুলে ধরা হয়। ডোনাল্ড ট্রাম্প একসময় এপস্টাইনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। অপ্রাপ্তবয়স্কদের যৌন পাচারের মামলায় বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় ২০১৯ সালে কেন্দ্রীয় কারাগারে আত্মহত্যা করেন এপস্টাইন।
প্রতিবেদনে ডেমোক্র্যাটদের কাছে দেওয়া বিয়েত্রিস কয়েলের একাধিক সাক্ষাৎকারের বিস্তারিত রয়েছে। সেখানে এই মডেল অভিযোগ করেন, ১৯৯৩ সালে ট্রাম্প তাকে ‘নৃশংসভাবে’ ধর্ষণ করেছিলেন। কয়েল জানান, এপস্টাইনের সঙ্গে কিছুটা সময় কাটানোর পর আটলান্টিক সিটিতে ট্রাম্পের প্লাজা হোটেলের একটি কক্ষে এই নিপীড়নের ঘটনা ঘটে।
কয়েলের ভাষ্য অনুযায়ী, ২৪ বছর বয়সে নিউইয়র্কের প্লাজা হোটেলে একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় ট্রাম্পের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল। ওই সময় হোটেলটির মালিক ছিলেন ট্রাম্প।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ট্রাম্প তখন কয়েলকে যুক্তরাষ্ট্রের ভিসা পাইয়ে দেওয়ার এবং নিউইয়র্ক ইউনিভার্সিটিতে (এনওয়াইইউ) তার ভর্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলেন। ট্রাম্প তাকে বলেছিলেন, ‘আমি তোমার বিষয়টি দেখব’। কয়েল অভিযোগ করেন, ট্রাম্প কথা শেষ করে চলে যাওয়ার পরপরই এপস্টাইন এসে নিজেকে ‘ডনের সবচেয়ে ভালো বন্ধু’ হিসেবে পরিচয় দেন এবং মার-আ-লাগোতে একটি পার্টিতে যাওয়ার আমন্ত্রণ জানান।
প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়, পরবর্তীতে ট্রাম্পের একজন প্রতিনিধি কয়েলকে প্লাজা হোটেলের ওপরের তলায় ট্রাম্পের সঙ্গে দেখা করার প্রস্তাব দেন। কয়েল কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গেই ট্রাম্প তাকে পেছন থেকে জাপটে ধরেন এবং জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় ট্রাম্প তার পোশাক ছিঁড়ে ফেলেন এবং তার শরীরের বিভিন্ন স্থানে রক্তপাত ও কালশিটে দাগ পড়ে যায়।
কয়েল এই ঘটনাকে ‘নৃশংস’ উল্লেখ করে বলেন, নিপীড়নের পর ট্রাম্প তাকে বিছানার প্রান্তে বসিয়ে ভিসা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির আশ্বাসের পুনরাবৃত্তি করেন। একই সঙ্গে ঘটনাটি কাউকে না জানানোর জন্য তার কাছ থেকে প্রতিশ্রুতি নেন এবং বলেন, ‘দ্য শো মাস্ট গো অন’ (যেকোনো মূল্যে কাজ চালিয়ে যেতে হবে)।
ট্রাম্প-এপস্টাইন সম্পর্ক
ট্রাম্প অবশ্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, কোনো ধরনের অপরাধের সন্দেহ তৈরি হওয়ার অনেক আগেই তিনি এপস্টাইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন।
বিচার বিভাগ (ডিওজে) যাতে ‘এপস্টাইন ফাইল’ প্রকাশ না করে, সেজন্য মার্কিন প্রেসিডেন্ট কয়েক মাস ধরে চেষ্টা চালিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত কংগ্রেসের পাস করা একটি আইনে তিনি স্বাক্ষর করতে বাধ্য হন, যার ফলে নথিগুলো প্রকাশ পায়। ৮০ বছর বয়সী প্রেসিডেন্টের নাম ওই নথিগুলোতে বারবার উঠে এলেও তিনি কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগও দায়ের করা হয়নি।
ডেমোক্র্যাটদের অভিযোগ
ডেমোক্র্যাটরা জানিয়েছেন, ট্রাম্পের বিরুদ্ধে আগে প্রকাশ্যে আসা অন্যান্য যৌন নিপীড়নের অভিযোগের সঙ্গে কয়েলের বক্তব্যের মিল রয়েছে। কুখ্যাত যৌন অপরাধী এপস্টাইনের সঙ্গে বন্ধুত্বের সময়ে ট্রাম্পের এ ধরনের আচরণের ধারাবাহিকতা ছিল বলে উল্লেখ করা হয়।
হাউস জুডিশিয়ারি কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জেমি রাসকিন অভিযোগ করেন, “প্রেসিডেন্টকে বাঁচাতে বিচার বিভাগ অপরাধ ধামাচাপা দিচ্ছে।” তিনি আরও বলেন, “এপস্টাইনের উপস্থিতিতে বা তার সঙ্গে থাকাকালীন ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি ধর্ষণ বা যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন পাঁচজন নারী।”
ট্রাম্প ও এপস্টাইনের সম্পর্ক খতিয়ে দেখতে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের প্রতি একজন স্বাধীন বিশেষ কৌঁসুলি (স্পেশাল কাউন্সিল) নিয়োগের দাবি জানিয়েছেন হাউস জুডিশিয়ারি কমিটির ডেমোক্র্যাটরা। তারা বলেন, “প্রেসিডেন্টের পাশাপাশি এপস্টাইনের সব সম্ভাব্য সহযোগী ও ষড়যন্ত্রকারীদের বিষয়েও এই বিশেষ কৌঁসুলির তদন্ত করা উচিত।”
তবে ডেমোক্র্যাটরা স্বীকার করেছেন, ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী ব্ল্যাঞ্চের নেতৃত্বাধীন বিচার বিভাগ এই ন্যূনতম পদক্ষেপও নেবে না। ডেমোক্র্যাটদের ভাষ্য, “যেকোনো মূল্যে প্রেসিডেন্টকে রক্ষা করার জন্য বিচার বিভাগ নিজেই এখন এপস্টাইনের যৌন পাচারের ঘটনা ধামাচাপা দেওয়ার কাজ করছে। টড ব্ল্যাঞ্চ ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী থেকে এখন তাঁর ব্যক্তিগত অ্যাটর্নি জেনারেলে পরিণত হয়েছেন।”