প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ১৫:৪৩ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ১৬:০৫ পিএম
পেন বাইডেন সেন্টারে ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বাইডেনের একটি কার্যালয় ছিল, যেখানে তিনি নিয়মিত বসতেন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের একটি ব্যক্তিগত কার্যালয়ে সম্প্রতি কিছু ক্ল্যাসিফাইড নথিপত্রের সন্ধান পাওয়া গেছে। একটি বক্সে ওই ১০টি ফাইলে অতিস্পর্শকাতর নথিপত্র আছে কি না, তা তাৎক্ষণিভাবে নিশ্চিত হওয়া যায়নি। দেশটির বিচার বিভাগ, কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো বিষয়টি খতিয়ে দেখছে।
জানা গেছে, হোয়াইট হাউসের এক মাইল দূরে পেন বাইডেন সেন্টার ফর ডিপলোমেসি অ্যান্ড গ্লোবাল অ্যাংগেজমেন্ট নামের একটি গবেষণাকেন্দ্র রয়েছে। ওই কেন্দ্রে ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বাইডেনের একটি কার্যালয় ছিল, যেখানে তিনি নিয়মিত বসতেন। গত নভেম্বরে কার্যালয়টি পরিষ্কার করতে গিয়ে ক্ল্যাসিফাইড নথিপত্রের ওই বক্সটি পাওয়া যায়। পরবর্তীতে তা দেশটির জাতীয় মহাফেজখানায় জমা দেওয়া হয়।
নিজেদের যুক্তরাষ্ট্রের সহযোগী সিবিএস নিউজের বরাতে বিবিসি জানায়, গত ৮ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের কয়েকদিন আগেই ওই ফাইলগুলো পাওয়া যায়। এতে স্পর্শকাতর নথিপত্র আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে, ওই ফাইলগুলোর মধ্যে পারমাণবিক প্রকল্প বা পরিকল্পনা-সংক্রান্ত কোনো কিছু নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
বিচার বিভাগ ও এফবিআইয়ের একটি বিশেষ দল ওসব নথিপত্র নিয়ে তদন্ত শুরু করেছে। নথিপত্রগুলো বিস্তারিত খতিয়ে দেখতে অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। তবে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো বাইডেনের বিরুদ্ধে তদন্ত শুরু হবে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিচার বিভাগ ও এফবিআই কেউ নথিপত্রগুলো নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
বাইডেনের কার্যালয়ে নথিপত্রের সন্ধান পাওয়ার ঘটনাটি সোমবার (৯ জানুয়ারি) গণমাধ্যমে আসে। এর পরপরই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লেখেন, ‘এফবিআই জো বাইডেনের বাসা-বাড়িতে কবে তল্লাশি চালাবে, আমি সেই অপেক্ষায় আছি। হোয়াইট হাউসেও কি তল্লাশি চালানো হবে?
২০২১ সালে ক্ষমতা ছাড়ার পর ট্রাম্পের ফ্লোরিডার মার-এ-লাগো বাড়ি থেকে ক্ল্যাসিফাইড নথিপত্রের প্রায় ৩০০ ফাইল উদ্ধার করে এফবিআই। এটা নিয়ে তার বিরুদ্ধে তদন্ত চলছে। এ ইস্যুতে ডেমোক্র্যাটরা ট্রাম্পকে নানাভাবে ঘায়েল করতে চেষ্টা করেছেন।
গত সেপ্টেম্বরে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের বাড়ি থেকে ক্ল্যাসিফাইড নথিপত্র উদ্ধার নিয়ে বাইডেন মন্তব্য করেন, ‘এত গুরুত্বপূর্ণ একজন মানুষ কীভাবে এতটা দায়িত্বজ্ঞানহীন হতে পারে?’ বাইডেনের রাজনীতির সেই খোঁচা এখন নিজের দিকেই উল্টে ফিরে আসছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে।’