দক্ষিণ কোরিয়ার সিউলে এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ১৪ অক্টোবর তোলা ছবি। ছবি: আন ইয়ং-জুন/এপি
যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে নিজ দলের ভেতরের আপত্তি ও রাজনৈতিক মহলের সমালোচনার কড়া জবাব দিয়েছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
তিনি জানিয়েছেন, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা তিনি এখনো পুরোপুরি নাকচ করে দেননি। আর যদি তিনি লড়েন, তবে তার মূল লক্ষ্য থাকবে অন্য ডেমোক্র্যাটদের হারানো নয়, বরং মার্কিন জনগণের জন্য ‘দায়িত্ব পালন করা’।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ অবস্থান ব্যক্ত করেন ৬২ বছর বয়সী ডেমোক্রেটিক পার্টির এই নেত্রী।
২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হ্যারিসের পরাজয়, জো বাইডেনের প্রার্থিতা প্রত্যাহার এবং গাজা সংকটের প্রেক্ষাপটে ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ নীতিনির্ধারকদের অনেকেই চাইছেন না হ্যারিস আবারও প্রেসিডেন্ট পদে লড়ুন। তবে মাঠপর্যায়ে সাধারণ ভোটার ও তৃণমূল নেতাদের মধ্যে নিজের শক্ত অবস্থান রয়েছে বলে মনে করেন তিনি। মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়েও বেশি জনসভায় অংশ নিচ্ছেন তিনি।
‘ঘরে বসে থাকার মানুষ আমি নই’
সমালোচক ও দলের ভেতরের বিরোধীদের উদ্দেশে কমলা হ্যারিস বলেন, “আমার নিশ্চিত বিশ্বাস, অনেকে হয়তো ভাবছেন যে আমি ঘরে বসে শুধু ‘বনবন’ (চকলেট) খাব আর ডাগের (স্বামী ডাগ এমহফ) পছন্দের খাবার রান্না করব। কিন্তু আমি ডাগের প্রিয় খাবার রান্নার পাশাপাশি রাজনীতিটাও চালিয়ে যেতে পারি।”
সম্প্রতি মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ডাগ এমহফ ব্যক্তিগতভাবে চান না হ্যারিস আবারও নির্বাচনে দাঁড়ান। এ বিষয়ে হ্যারিস জানান, এমহফের অনুভূতিকে বিকৃতভাবে উপস্থাপন করায় তার স্বামী ক্ষুব্ধ হয়েছেন। হ্যারিস আরও বলেন, “দেশের মানুষের জন্য কিছু করার সুযোগ থাকলে আমি কীভাবে ঘরের আরাম-আয়েশে বসে থাকব? কোনো সমস্যা দেখলে তা সমাধানের উদ্যোগ নেওয়া ছাড়া অন্য কোনো জীবন তো আমার জানা নেই।”
২০২৮ সালের নির্বাচনে লড়বেন কি না—এমন প্রশ্নে হ্যারিস জানান, তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তিনি বলেন, “আমি আসলে দোটানায় আছি। এখানে ভাবার মতো অনেকগুলো বিষয় রয়েছে।” তবে সিদ্ধান্তহীনতার এই সময় অনির্দিষ্টকাল দীর্ঘ করা সম্ভব নয় বলেও স্বীকার করেন তিনি।
মাঠে ব্যাপক সাড়া ও প্রতিদ্বন্দ্বীদের প্রস্তুতি
সম্প্রতি মিসিসিপিতে ডেমোক্রেটিক সিনেট প্রার্থী স্কট কলোমের পক্ষে এক নির্বাচনী সমাবেশে অংশ নেন হ্যারিস। সেখানে একটি মিলনায়তনে এক হাজারের বেশি মানুষ সমবেত হন। সমাবেশে হ্যারিস বলেন, “আমেরিকান জনগণ এমন নেতা চান যারা শুধু আয়নায় নিজেদের মুখ দেখেন না, বরং জনগণের দিকে তাকান।”
হ্যারিস যখন নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, ডেমোক্রেটিক পার্টির অন্য শীর্ষ নেতারা ২০২৮ সালের লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছেন। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার ডিসেম্বরে আনুষ্ঠানিক প্রচার শুরুর পরিকল্পনা করছেন। মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুরও বিষয়টি খতিয়ে দেখছেন। অ্যারিজোনার সিনেটর মার্ক কেলি ও সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিজেগ দেশজুড়ে সভা-সমাবেশ করছেন। নিউজার্সির সিনেটর কোরি বুকার ইতিমধ্যে ২০ মিলিয়ন (২ কোটি) ডলারের তহবিল সংগ্রহ করেছেন। এমনকি হ্যারিসের সাবেক রানিংমেট টিম ওয়ালজ ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যতের জন্য ‘পিট বুটিজেগকে বেছে নেওয়ার’ পরামর্শ দিয়েছেন।
এদিকে আইওয়া বা কানসাসের মতো কিছু রাজ্যের প্রার্থীরা নিজেদের প্রচারণায় হ্যারিসকে ডাকতে অনীহা দেখালেও তিনি তা ব্যক্তিগতভাবে নেননি বলে জানান। হ্যারিস বলেন, “দলের জয়ের স্বার্থে প্রার্থীরা নিজেদের কৌশল বেছে নিতে পারেন। ডেমোক্রেটিক পার্টি একটি ‘বিগ টেন্ট’ (সব মতের মিলনস্থল), এখান থেকে কাউকে বাদ দেওয়া উচিত নয়।”
মোহাম্মদ আলীর লড়াইয়ের সঙ্গে তুলনা
হোয়াইট হাউস ছাড়ার পর এখন কোনো সাইরেন ও বিশাল প্রটোকল ছাড়াই সাধারণ বাণিজ্যিক বিমানে যাতায়াত করেন হ্যারিস। সীমিত তহবিল দিয়ে মেটাচ্ছেন ব্যক্তিগত নিরাপত্তা ও কর্মীদের খরচ।
হ্যারিসকে নিয়ে ওয়াশিংটনের নীতি-নির্ধারকদের আপত্তির বিষয়ে বারাক ওবামার সাবেক রাজনৈতিক পরিচালক প্যাট্রিক গ্যাসপার্ড কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর লড়াইয়ের উদাহরণ টেনে সিএনএনকে বলেন, “মোহাম্মদ আলী যখন পুনরায় হেভিওয়েট মুকুট ফিরে পেতে লড়তে চেয়েছিলেন, তখন অনেকেই তাকে রিংয়ে দেখতে চাননি। তাঁরা কিন্তু আলী মুখ থুবড়ে পড়বেন বলে চিন্তিত ছিলেন না; তাঁদের আসল ভয় ছিল—আলী হয়তো আবারও জিতে যাবেন।”