× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী, আবার সৌদি আরবের সামরিক অংশীদার পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১৫:৫২ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬ ১১:০০ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা করছে পাকিস্তান। একই সময়ে ইরানের মিত্রদের হামলা থেকে সৌদি আরবকে রক্ষায় সেনা মোতায়েন করেছে দেশটি। ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইসলামাবাদকে একদিকে শান্তি প্রতিষ্ঠার দূত, অন্যদিকে ইরানের প্রতিদ্বন্দ্বীদের সামরিক অংশীদার হিসেবে কাজ করতে হচ্ছে। আঞ্চলিক সংঘাত বাড়লে পাকিস্তানের এই ভারসাম্যপূর্ণ অবস্থান ধরে রাখা কঠিন হয়ে উঠতে পারে।

মঙ্গলবার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠক করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও মুনিরের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। হোয়াইট হাউসে তাঁদের একাধিকবার বৈঠক হয়েছে। গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যদিও সেই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হয়নি, তবু দুই দেশের মধ্যে মধ্যস্থতার যোগাযোগ বজায় রেখেছে ইসলামাবাদ।

সৌদি আরবের নিরাপত্তায় পাকিস্তানের অঙ্গীকার

ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখলেও সৌদি আরবের প্রতিরক্ষায় সরাসরি সামরিক ভূমিকা নিয়েছে পাকিস্তান।

বার্তা সংস্থা রয়টার্সের মে মাসের এক প্রতিবেদনে বলা হয়, দ্বিপক্ষীয় চুক্তির আওতায় সৌদি আরবে প্রায় আট হাজার সেনা, এক স্কোয়াড্রন যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই মোতায়েনের ব্যয় বহন করেছে সৌদি আরব।

গত আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে নিরাপত্তা সহযোগিতা আরও গভীর হয়। চুক্তিতে এক সদস্যের ওপর হামলাকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনার নীতি অন্তর্ভুক্ত করা হয়েছে।

চলতি সপ্তাহে ইসলামাবাদ জানায়, পাকিস্তান ও সৌদি আরব চুক্তিটির অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করেছে। তবে তুরস্কের অনুমোদন তখনো বাকি ছিল। এদিকে সৌদি ভূখণ্ডে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর হামলার পর সম্ভাব্য অতিরিক্ত সামরিক তৎপরতা নিয়েও অংশীদারদের মধ্যে আলোচনা হয়েছে।

বুধবার কাতারের রাজধানী দোহায় তুরস্ক, কাতার ও ইন্দোনেশিয়ার সঙ্গে আরেকটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান। বদর চুক্তি নামে পরিচিত এই উদ্যোগে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এবং যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনের সুযোগ তৈরির কথা বলা হয়েছে।

মক্কা ও বদর—দুই চুক্তির মাধ্যমে বিভিন্ন আঞ্চলিক স্বার্থসম্পন্ন দেশের সঙ্গে পাকিস্তানের সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত হচ্ছে।

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি নিরাপত্তার প্রসঙ্গ

তেহরানে মুনিরের সফরেও পাকিস্তানের এই দ্বিমুখী অবস্থানের প্রতিফলন দেখা গেছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুকে পাকিস্তান সরকারের সূত্র জানায়, আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ পুনরুজ্জীবিত করার চেয়ে সৌদি আরবে হুতিদের হামলা বন্ধের বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে।

সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের অঙ্গীকারের কথা তুলে ধরে হুতিদের ওপর ইরানের প্রভাব কাজে লাগানোর আহ্বান জানান মুনির। এর মধ্য দিয়ে ইরানের সঙ্গে যোগাযোগ বজায় রেখেও সৌদি আরবের নিরাপত্তার প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের জন্য সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর গুরুত্ব কেবল সামরিক সহযোগিতায় সীমাবদ্ধ নয়। এসব দেশ থেকে পাকিস্তান বিপুল পরিমাণ জ্বালানি সংগ্রহ করে। একই সঙ্গে লাখ লাখ পাকিস্তানি শ্রমিক ওই অঞ্চলে বসবাস ও কাজ করেন। ফলে উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা দেশটির অর্থনীতি ও প্রবাসী নাগরিকদের স্বার্থের সঙ্গেও জড়িত।

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা থেকে আর্থিক সহায়তা ও সামরিক শিল্পে নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা পাকিস্তানকে প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর সঙ্গে সম্পর্ক পরিচালনার সুযোগ দিচ্ছে।

ভারসাম্য রক্ষাই বড় পরীক্ষা

সব মিলিয়ে পাকিস্তান এমন একটি অবস্থান তৈরি করতে চাইছে, যেখানে দেশটি একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করবে, সৌদি আরবের প্রতিরক্ষায় সহযোগিতা দেবে এবং নতুন আঞ্চলিক প্রতিরক্ষা উদ্যোগে অংশ নেবে। পাশাপাশি তেহরানের নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগও বজায় রাখবে।

তবে এই কৌশলের ঝুঁকিও রয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়লে পরস্পরবিরোধী স্বার্থসম্পন্ন অংশীদারদের সঙ্গে সম্পর্ক ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে। বিশেষ করে সৌদি আরবের প্রতিরক্ষায় পাকিস্তানের সামরিক অঙ্গীকার এবং ইরানের সঙ্গে তার কূটনৈতিক সম্পর্কের মধ্যে সংঘাত তৈরি হলে ইসলামাবাদকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।

আপাতত বহুমুখী কূটনীতির মাধ্যমে আঞ্চলিক প্রভাব বাড়ানোর চেষ্টা করছে পাকিস্তান। কিন্তু দেশটি যত বেশি সামরিক ও নিরাপত্তা প্রতিশ্রুতিতে জড়াবে, ততই তার ভারসাম্য রক্ষার কৌশল চাপের মুখে পড়ার আশঙ্কা বাড়বে। যে সম্পর্কগুলো এখন পাকিস্তানের কূটনৈতিক শক্তি বাড়াচ্ছে, আঞ্চলিক সংঘাত তীব্র হলে সেগুলোই একসময় দেশটিকে পক্ষ বেছে নিতে বাধ্য করতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা