প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১২:০৯ পিএম
র্যাপার নিকি মিনাজের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিশিগানের পোর্ট হুরনে এক নির্বাচনি সমাবেশে অংশ নিয়েছেন জনপ্রিয় র্যাপার নিকি মিনাজ। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচার চালাতে গিয়ে ট্রাম্পের প্রতি নিজের সমর্থনও প্রকাশ করেছেন তিনি।
সোনালি রঙের গুচি স্যুট পরে সমাবেশে উপস্থিত হন মিনাজ। সেখানে তিনি জনতাকে ট্রাম্পের নামে স্লোগানে নেতৃত্ব দেন এবং স্থানীয় রিপাবলিকান প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মিনাজের ভাষায়, ট্রাম্প দেশের মানুষের মধ্যে নতুন উদ্দীপনা ফিরিয়ে এনেছেন এবং সামনে এগিয়ে যাওয়ার মতো একটি ভবিষ্যৎ উপহার দিয়েছেন।
সমাবেশে নিকি বলেন, “আমাদের সত্যিই এই অসাধারণ মানুষদের নির্বাচিত করা প্রয়োজন। কারণ, এটি আমাদের দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের সময়”।
নিজেকে ট্রাম্পের ‘এক নম্বর ভক্ত’ বলেও পরিচয় দেন মিনাজ। তবে ট্রাম্পের প্রথম মেয়াদে তার কিছু নীতির সমালোচনা করেছিলেন এই র্যাপার।
এর আগে ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে চড়ে মিশিগানে উপস্থিত হন মিনাজ। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পের এক সহযোগীর সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে মজা করে তাকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে নিয়োগের সাক্ষাৎকার দিতে দেখা যায়। সে পদটি কেটি জাকারিয়ার বিদায়ের পর পদটি শূন্য রয়েছে।