সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১১:৪২ এএম
প্রতীকী ছবি
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক যুবক। সাহাবুদ্দিন শেখ নামের ওই যুবক ২০২৩ সাল থেকে সৌদি আরবের কারাগারে বন্দি রয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। ছেলেকে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েও কোনো সাড়া পাননি বলে জানিয়েছেন স্বজনেরা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, সাহাবুদ্দিন মুর্শিদাবাদের বলরামপুর গ্রামের বাসিন্দা। পেশায় প্রবাসী শ্রমিক এই যুবক দীর্ঘদিন ধরে সৌদি আরবে কাজ করছিলেন। পরিবারের দাবি, প্রায় আট বছর ধরে দেশটিতে কর্মরত ছিলেন তিনি। মক্কায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করার সময় একটি বাংলাদেশি যুগলের চুম্বনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তার নাম জড়িয়ে যায়।
প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত এক পাকিস্তানি যুবক সাহাবুদ্দিনের মোবাইল ফোন ব্যবহার করে ওই দৃশ্য ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সৌদি পুলিশ সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বলে দাবি করেছে তার পরিবার।
সাহাবুদ্দিনের পরিবারের ভাষ্য, নিছক মজা করার উদ্দেশ্যে ভিডিওটি প্রকাশ করা হয়েছিল। এর পরিণতি এতটা গুরুতর হবে, তা তারা বুঝতে পারেননি। ২০২৩ সাল থেকে সৌদির কারাগারে বন্দি রয়েছেন সাহাবুদ্দিন।
সাহাবুদ্দিনের মা কোহিনুর বিবি বলেন, তার ছেলে বড় কোনো অপরাধ করেননি। একটি ভিডিও প্রকাশের অভিযোগে তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হচ্ছে। ছেলের ভবিষ্যৎ নিয়ে তিনি উদ্বিগ্ন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সাহাবুদ্দিন। সৌদি আরব থেকে পাঠানো অর্থেই তাদের সংসার চলত। তিনি কারাগারে যাওয়ার পর থেকে পরিবারটি আর্থিক সংকটে পড়েছে। বর্তমানে কষ্ট করে তাঁদের দিন কাটছে বলে জানিয়েছেন স্বজনেরা।
সম্প্রতি ওই দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ্যে আসার পর সাহাবুদ্দিনের পরিণতি নিয়েও উদ্বেগ বেড়েছে পরিবারের। কোহিনুর বিবির আশঙ্কা, তার ছেলের ভাগ্যে কী ঘটবে, তা তিনি জানেন না। ছেলেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে আবেদন করা হলেও এখনো কোনো উত্তর মেলেনি বলে দাবি পরিবারের।
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক হলেন নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আখতার। সৌদি আরবের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
কর্তৃপক্ষের অভিযোগ, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়ে তারা মসজিদের পবিত্রতা লঙ্ঘন করেছিলেন। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত বিবরণ, বিচারপ্রক্রিয়া এবং দণ্ড কার্যকরের পদ্ধতি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য এখনো স্পষ্ট নয়।
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের পর তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সৌদি সরকারের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ, কীভাবে দণ্ড কার্যকর করা হয়েছে, মরদেহের বর্তমান অবস্থান কোথায় এবং বিচার চলাকালে তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন কি না- এসব বিষয়ে জানতে চাওয়া হয়েছে।