প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ০৮:২৯ এএম
রবিবার ভেনেজুয়েলার লারা অঙ্গরাজ্যের একটি গির্জায় প্রার্থনায় অংশ নিতে দেখা যায় মাচাদোকে। ছবি: রয়টার্স
দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় নির্বাসনে থাকার পর নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মাচাদোর ঘনিষ্ঠ বন্ধু ও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলের প্রার্থী এদমুন্দো গনসালেস তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “আপনাদের জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের নেত্রী, আমার প্রিয় মারিয়া কোরিনা, এখন ভেনেজুয়েলার মাটিতে”।
গনসালেস আরও বলেন, “আজ ভেনেজুয়েলাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আমাদের সার্বভৌম জনগণের কণ্ঠস্বর নেতৃত্ব দিতে ও পথ দেখাতে ফিরে এসেছে”।
দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ এগিয়ে নিতে শিগগিরই মাচাদোর সঙ্গে ভেনেজুয়েলায় যোগ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
এদিকে রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় মাচাদো লেখেন, “আমি এখানে। আপনাদের সঙ্গে আছি”।
এর আগে একাধিকবার দেশে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন তিনি। এবার তার প্রত্যাবর্তনকে ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
রবিবার ভেনেজুয়েলার লারা অঙ্গরাজ্যের একটি গির্জায় প্রার্থনায় অংশ নিতে দেখা যায় মাচাদোকে। এ সময় সমর্থকেরা তাকে ঘিরে ধরেন, জড়িয়ে ধরেন এবং হাত ধরে শুভেচ্ছা জানান। পরে উচ্ছ্বসিত সমর্থকদের একটি বহর নিয়ে রাজধানী কারাকাসের উদ্দেশে যাত্রা করেন তিনি। পথে বিভিন্ন স্থানে সমর্থকেরা তাকে শুভেচ্ছা জানান।
মাচাদোর নির্বাসন থেকে প্রত্যাবর্তনের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও আলোচনা রয়েছে। গত সেপ্টেম্বরে তার এক উপদেষ্টা জানিয়েছিলেন, এর আগের কয়েক সপ্তাহে অন্তত সাতবার দেশে ফেরার চেষ্টা করেছিলেন মাচাদো। কিন্তু প্রতিবারই তাঁকে বাধার মুখে পড়তে হয়। তার প্রত্যাবর্তন বিলম্বিত করতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও ওয়াশিংটন তা অস্বীকার করেছে।
এবার তার দেশে ফেরার অনুমতি কীভাবে নিশ্চিত হলো, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়।
দেশে ফিরে এখন কী করবেন, সে বিষয়ে মাচাদো বিস্তারিত কিছু জানাননি। তবে এর আগে তিনি বলেছেন, নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন হলে তিনি আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
২০২৩ সালে ভেনেজুয়েলার সরকারি নির্বাচনি কর্তৃপক্ষের বাইরে আয়োজিত বিরোধী দলের প্রাথমিক নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হন মাচাদো। কিন্তু মাদুরো সরকার তাকে নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণা করে। তার বিরুদ্ধে জালিয়াতি ও করসংক্রান্ত অনিয়মের অভিযোগ আনা হয়। মাচাদো এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেন।
নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না পেয়ে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার সমর্থন নিয়ে প্রার্থী হন এদমুন্দো গনসালেস। ওই নির্বাচনে সরকারি নির্বাচনি কর্তৃপক্ষ মাদুরোকে বিজয়ী ঘোষণা করলেও বিস্তারিত ভোটের হিসাব প্রকাশ করেনি।
বিরোধী দল দাবি করে, প্রকৃতপক্ষে গনসালেসই নির্বাচনে জয়ী হয়েছিলেন। নিজেদের দাবির পক্ষে তারা ভোটকেন্দ্রভিত্তিক ফলাফলের অনুলিপিও প্রকাশ করে।
নোবেল শান্তি পুরস্কার গ্রহণের জন্য নরওয়ে যাওয়ার আগে মাচাদোকে দেশের ভেতরে গোপন আশ্রয়ে থাকতে হয়েছিল। গত বছরের শেষ দিকে তিনি গোপনে দেশ ছাড়েন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।