এক্সপ্লেইনার
প্যারিসে সংঘর্ষের মধ্যে বিক্ষোভকারীদের হাতে ফ্রান্সের জাতীয় পতাকা। ছবি: রয়টার্স
জ্বালানির লাগামহীন মূল্যবৃদ্ধি, আসন্ন শীত এবং জীবনযাত্রার ব্যয়ের জেরে ইউরোপের রাজধানীতে শুরু হয়েছে গণবিক্ষোভ; বাড়ছে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক মতবিরোধও।
ইরানে সম্ভাব্য নতুন সামরিক অভিযানের বিরোধিতায় সরব হতে শুরু করেছে পশ্চিম ইউরোপের একাধিক দেশ। বিশ্ববাজারে জ্বালানি তেলের লাগামহীন ঊর্ধ্বগতি ইউরোপজুড়ে জীবনযাত্রার ব্যয় সংকটকে আরও তীব্র করে তোলায় এ অবস্থান নিতে বাধ্য হচ্ছেন এই অঞ্চলের নেতারা।
যুদ্ধের শুরুতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার বিষয়ে যুক্তরাজ্য ও জার্মানির মতো পরাশক্তিগুলো নীরব থাকলেও, এখন তারা যুদ্ধের ইতি টানতে কূটনৈতিক সমাধানের জোর তাগিদ দিচ্ছে। কারণ, এই যুদ্ধ বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছে।
সামনে শীত মৌসুম। এমন সময়ে জ্বালানি সরবরাহের ধারাবাহিক সংকট ইউরোপের সাধারণ মানুষের গৃহস্থালি ব্যয় বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এর ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপের বিভিন্ন দেশের রাজধানীতে ছড়িয়ে পড়া বিক্ষোভের আগুনে যেন নতুন করে ঘি পড়েছে।
ইরানের ওপর হামলার বিষয়ে জার্মানির পরিবর্তিত অবস্থানের বিষয়টি সামনে এনেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মারজের একটি পুরোনো মন্তব্যের কথা মনে করিয়ে দেন। ২০২৫ সালের জুনে ইসরায়েলের সামরিক অভিযানের সময় মারজ বলেছিলেন, “এটা সেই নোংরা কাজ, যা ইসরায়েল আমাদের সবার হয়ে করে দিচ্ছে।”
মারজের সেই বক্তব্যের বিপরীতে সম্প্রতি নতুন করে হামলা না চালানো এবং উত্তেজনা প্রতিরোধের বিষয়ে জার্মান কর্মকর্তাদের সতর্কবার্তাকে তুলে ধরেন বাঘাই। তিনি ফ্রিডরিখ শিলার রচিত ‘দ্য মেইড অব অরলিন্স’-এর একটি উদ্ধৃতি দিয়ে ব্যঙ্গ করে বলেন, যেখানে দেখানো হয়েছে কীভাবে অন্ধ উন্মাদনার শক্তি অসহায়ভাবে যুক্তি ও বুদ্ধিকে ধ্বংসের মুখে টেনে নিয়ে যায়।
বিশ্লেষকদের মতে, বাঘাইয়ের এই মন্তব্য পুরো ইউরোপের এক বৃহত্তর পরিবর্তনের প্রতিফলন। ইউরোপের নেতারা এখন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে অন্ধভাবে সমর্থন দেওয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। ওয়াশিংটন যখন ইরানে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর আসছে, তখন এই যুদ্ধ আরও বিস্তৃত হলে ইউরোপের ওপর তার কী প্রভাব পড়বে?
ইউরোপের অবস্থানে যেভাবে বদল এসেছে
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করলে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির নেতারা যৌথ বিবৃতি দিয়ে ওই অঞ্চলে ইরানের পাল্টা হামলার তীব্র নিন্দা জানিয়েছিলেন। তৎকালীন যৌথ বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং জার্মান চ্যান্সেলর মারজ একযোগে বলেছিলেন, “আমরা ওই অঞ্চলের দেশগুলোতে ইরানের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।”
সেই বিবৃতিতে অবশ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সূচনামূলক হামলার কোনো নিন্দা করা হয়নি; বরং পরবর্তীতে আলোচনার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু যুদ্ধ শুরুর আট মাস পর ইউরোপের সরকারগুলো এখন প্রকাশ্যে আর কোনো সামরিক অভিযান না চালানোর জন্য কড়া হুঁশিয়ারি দিচ্ছে।
গত শুক্রবার ইস্তাম্বুলে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীরা। সেখানে হরমুজ প্রণালি ও চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেন, “ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত বাড়লে কারও কোনো লাভ হবে না, কেবল সবার ক্ষতিই বাড়বে। এতে নিশ্চিতভাবেই জ্বালানির দামে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।” তিনি আরও যোগ করেন, “তাই আট দেশের এই জোট প্রথমেই উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে, কারণ এই অঞ্চলে আমরা নতুন করে কোনো সংঘাত সহ্য করার মতো অবস্থায় নেই।”
অবশ্য নতুন করে হামলার বিরুদ্ধে এই হুঁশিয়ারির অর্থ এই নয় যে ইউরোপীয় দেশগুলো ইরানের পরমাণু কর্মসূচি বা আঞ্চলিক তৎপরতা নিয়ে তাদের অবস্থান বদলে ফেলেছে। তবে এটি স্পষ্ট করে দিয়েছে যে ইরানের যুদ্ধের বিষয়ে ইউরোপের সরকারগুলো আর আগের মতো একতাবদ্ধ নয়।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুরু থেকেই এই মার্কিন-ইসরায়েলি অভিযানের বিরোধিতা করে আসছেন। চলতি মাসের ইউরোপীয় সম্মেলনে তিনি এই যুদ্ধকে ‘বেআইনি, অন্যায় ও অযৌক্তিক’ হিসেবে আখ্যায়িত করেন এবং একে ইউরোপের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের কারণ বলে উল্লেখ করেন।
পশ্চিমা দেশগুলো শুরু থেকেই ইরানের পরমাণু কর্মসূচির বিরোধিতা করে আসছে, যদিও তেহরানের দাবি তাদের কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে। ২০১৫ সালে ইরানের সঙ্গে আন্তর্জাতিক ঐতিহাসিক পরমাণু চুক্তিতে ইউরোপীয় দেশগুলোও অংশীদার ছিল, যার আওতায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তেহরানের পরমাণু কর্মসূচি সীমিত রাখা হয়েছিল। তবে ২০১৮ সালে নিজের প্রথম মেয়াদে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। পরবর্তীতে গত ফেব্রুয়ারিতে হামলা শুরুর পেছনেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়েই ইরানের পরমাণু কর্মসূচিকেই অজুহাত হিসেবে দাঁড় করায়।
ইউরোপীয় ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার নিয়ে মতভেদ
সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের প্রশ্নে ইউরোপের অভ্যন্তরীণ মতবিরোধ বিশেষভাবে স্পষ্ট হয়ে উঠেছে। গত ২৮ ফেব্রুয়ারির যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি বলেছিল, “আমরা এই হামলায় অংশ নিইনি, তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ওই অঞ্চলের অংশীদারসহ আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সার্বক্ষণিক ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছি।”
শুরুতে হামলায় অংশ না নেওয়ার অর্থ এই ছিল না যে ইউরোপের সব দেশ পরবর্তী সামরিক অভিযানে সহায়তা দেওয়া থেকে পুরোপুরি বিরত থাকবে। যুদ্ধের শুরুতে জার্মানি জানিয়েছিল, তাদের রামস্টাইন ঘাঁটির মতো বড় মার্কিন সামরিক স্থাপনা ব্যবহারে তারা ওয়াশিংটনের ওপর কোনো নিষেধাজ্ঞা দেবে না।
যুক্তরাজ্য শুরুতে অনুমতি দিতে অনীহা দেখালেও পরবর্তীতে আঞ্চলিক মিত্রদের রক্ষায় সীমিত পরিসরে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়। পরে জাহাজ চলাচলের সুরক্ষার নামে হরমুজ প্রণালীতে অভিযান পরিচালনার জন্যও সেই অনুমতির পরিধি বাড়ায় লন্ডন।
অন্যদিকে ফ্রান্স তাদের ইস্ত্রেস ঘাঁটিতে মার্কিন সহায়তা বিমান ব্যবহারের অনুমতি দেয় কেবল আঞ্চলিক অংশীদারদের সুরক্ষার শর্তে, ইরানের ওপর হামলায় অংশ না নেওয়ার জন্য। পরবর্তীতে এই অভিযানের সঙ্গে যুক্ত ইসরায়েলগামী একটি অস্ত্রের চালান আটকে দেয় প্যারিস।
সবচেয়ে কঠোর অবস্থান নেয় স্পেন। যৌথভাবে পরিচালিত রোটা ও মোরন ঘাঁটি ব্যবহারের অনুমতি তো দেয়ইনি, উল্টো এই যুদ্ধে যুক্ত মার্কিন বিমানের জন্য নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয় মাদ্রিদ।
স্পেনের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প স্পেনকে ‘ভয়াবহ’ দেশ বলে আখ্যা দেন এবং দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধ করাসহ ওয়াশিংটন কোনো সম্পর্ক রাখবে না বলে হুমকি দেন।
কিংস কলেজ লন্ডনের স্কুল অব সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ প্রভাষক মার্ক হিলবোর্ন আল-জাজিরাকে বলেন, “যুদ্ধ কি ইউরোপীয় নেতাদের প্রকাশ্যে ট্রাম্পকে চ্যালেঞ্জ করার দিকে নিয়ে যেতে পারে? অবশ্যই তা সম্ভব। যা শুরুতে একটি কূটনৈতিক মতবিরোধ ছিল, তা এখন সরাসরি বাস্তবে রূপ নিচ্ছে। সামনে হয়তো ইউরোপের দেশগুলো থেকে কোনো ধরনের সহায়তা দেওয়ার ক্ষেত্রে তীব্র প্রতিরোধ দেখা যাবে।”
উচ্চমূল্য, জীবনযাত্রার সংকট ও রাজপথের বিক্ষোভ
যুদ্ধের শুরুর দিকে এক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছিলেন, “ইরানের জনগণের জন্য নতুন আশার সঞ্চার হয়েছে।” তবে তিনি এ-ও সতর্ক করেছিলেন যে অস্থিতিশীলতা পুরো অঞ্চলকে দীর্ঘমেয়াদি সহিংসতার দিকে ঠেলে দিতে পারে।
কিন্তু গত ১৬ অক্টোবরের মধ্যে এই যুদ্ধের অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় তার মূল উদ্বেগের বিষয়। ইইউ শীর্ষ সম্মেলন শেষে তিনি বলেন, “আমাদের সীমানার অনেক দূরের এক যুদ্ধের মূল্য দিতে হচ্ছে আমাদের পরিবার ও শিল্পকারখানাগুলোকে।”
ভন ডার লিয়েনের তথ্য অনুযায়ী, যুদ্ধের কারণে ইউরোপে জীবাশ্ম জ্বালানি আমদানির ব্যয় অতিরিক্ত ১০৬ বিলিয়ন ইউরো বেড়েছে। গত ফেব্রুয়ারির শেষ থেকে গ্যাসের দাম বেড়েছে প্রায় ১৪০ শতাংশ এবং ডিজেলের দাম দ্বিগুণ হয়েছে।
উপসাগরীয় অঞ্চলের সরবরাহ বিঘ্নিত হওয়া এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কড়াকড়ির কারণে জ্বালানির বাজারে বড় ধরনের ধাক্কা লেগেছে। যুদ্ধ শুরুর আগে ২৭ ফেব্রুয়ারি ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৪৮ ডলার। এপ্রিলের শেষে তা লাফিয়ে ১২৬ দশমিক ৪১ ডলারে পৌঁছায় এবং এখনো তা প্রতি ব্যারেল ১০০ ডলারের অনেক উপরে রয়েছে, যা কমার কোনো লক্ষণ নেই।
চ্যাথাম হাউসের সহযোগী ফেলো জুলি নরম্যান আল-জাজিরাকে বলেন, “ইউরোপের নিজস্ব অর্থনৈতিক স্বার্থ জড়িত রয়েছে। ইউরোপীয় দেশগুলো যখন শীতে প্রবেশ করছে, তখন জ্বালানি বাজারের ওপর অতিরিক্ত চাপ দামকে আরও উসকে দিচ্ছে।”
মার্ক হিলবোর্ন আরও জানান, খাদ্য ও সারের ওপরও এর বড় প্রভাব পড়ছে। পারস্য উপসাগর মূলত নাইট্রোজেনভিত্তিক সারের মূল কেন্দ্র। সেখানে অচলাবস্থার কারণে ইউরিয়ার দাম প্রায় ৭০ শতাংশ বেড়ে গেছে। এছাড়া জাহাজ সংস্থাগুলোর বীমা প্রিমিয়াম অস্বাভাবিক বৃদ্ধি এবং বিকল্প দীর্ঘ পথ ব্যবহারের কারণে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সংকট কাটাতে ওয়াশিংটন ইউরোপীয় সরকারগুলোকে তাদের জরুরি ডিজেল মজুত ছাড়ার চাপ দিচ্ছে। অন্যদিকে তেলের দাম কমাতে স্বয়ং ট্রাম্পই রুশ ডিজেলের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছেন। ট্রাম্পের এই পদক্ষেপ ইউক্রেন ও তার সমর্থকদের ক্ষুব্ধ করেছে; তাদের মতে, এর ফলে পাওয়া বাড়তি জ্বালানি রাজস্ব রাশিয়ার যুদ্ধ সক্ষমতাকে আরও বাড়িয়ে দেবে।
তবে যুদ্ধের সবচেয়ে বড় অভ্যন্তরীণ রাজনৈতিক ধাক্কা দেখা যাচ্ছে ইউরোপের রাজপথে। জীবনযাত্রার ব্যয়, আবাসন সংকট, মজুরি এবং সরকারি পরিষেবার দাবিতে ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, স্পেন, পর্তুগাল, গ্রিস ও আলবেনিয়াজুড়ে তীব্র গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যস্ফীতিই এই বিক্ষোভগুলোকে এক সুতোয় গেঁথেছে।
সমাজবিজ্ঞানী ও রাষ্ট্রবিজ্ঞানী ডোনাতেল্লা দেল্লা পোর্তা আল-জাজিরাকে বলেন, সাম্প্রতিক সময়ে ইউরোপের তরুণদের আন্দোলনের অন্যতম মূল বিষয় হলো যুদ্ধবিরোধিতা। জনকল্যাণমূলক খাতের ব্যয় কমিয়ে সামরিক ব্যয় বাড়ানোর বিরুদ্ধে তরুণরা ক্ষুব্ধ।
তিনি উল্লেখ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সামরিক নিয়োগ, বিশ্ববিদ্যালয়ে অস্ত্র সংক্রান্ত গবেষণা এবং অস্ত্র পরিবহনে বন্দর ব্যবহারের বিরুদ্ধে তরুণরা রাজপথে নামছে। ডোনাতেল্লা বলেন, “তরুণ বিক্ষোভকারীরা ভয় পাচ্ছেন যে তাদের ভবিষ্যৎ কেবল বৈশ্বিক উষ্ণায়নের কারণেই ধ্বংস হবে না, বরং এমন এক যুদ্ধে তাদের বলি দেওয়া হবে যেখানে যুদ্ধক্ষেত্রে গিয়ে তাদের মরতে হবে।”
তিনি আরও যোগ করেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বড় বড় বিক্ষোভে অংশ নিয়েই ইউরোপের অনেক তরুণ প্রথম রাজনীতিতে সচেতন হয়েছেন; তাই তারা বর্তমান যুদ্ধকেও সরাসরি গণহত্যার মানসিকতার সঙ্গেই যুক্ত করে দেখছেন।