জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসন সংকট ও সরকারি নীতির বিরুদ্ধে রাজপথে লাখো মানুষ
ছবি: রয়টার্স
প্যারিস, তিরানা, মাদ্রিদ, রোম কিংবা লিসবন—ইউরোপের একের পর এক দেশের রাজপথ এখন ক্ষোভে উত্তাল। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, তীব্র আবাসন সংকট এবং সরকারি নীতিমালার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ নতুন করে গণবিক্ষোভে রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর অবস্থান নিলেও বিভিন্ন দেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ব্যাপক ধরপাকড়ের ঘটনা ঘটেছে।
ফ্রান্সে ব্যাপক ধরপাকড় ও সংঘর্ষ
ফ্রান্সজুড়ে বিক্ষোভ চলাকালে অন্তত এক হাজার মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। কালো পোশাক পরা চরমপন্থীদের দিক থেকে পুলিশ ‘চরম মাত্রার সহিংসতার’ মুখোমুখি হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস।
বিক্ষোভ সাধারণত শান্তিপূর্ণ থাকলেও নুনেসের দাবি, পুলিশের সঙ্গে সংঘাত বাঁধানোর উদ্দেশ্যে ‘অতি-বামপন্থী’ কিছু গোষ্ঠী নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ও আতশবাজি ছোড়ে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, শনিবার দেশজুড়ে বিক্ষোভ করেছেন প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ, যার মধ্যে রাজধানীতেই ছিলেন ১ লাখ ১০ হাজার। তবে অন্যতম আয়োজক সিজিটি ইউনিয়নের দাবি, দেশব্যাপী অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ৮ লাখ; যার মধ্যে প্যারিসেই নেমেছিলেন আড়াই লাখ মানুষ।
প্যারিস ছাড়াও লিওঁ, লিল, মার্সেই, মন্তপেলিয়ে, নঁত ও তুলুজে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। শুধু প্যারিসেই ৩ হাজারের বেশি মানুষকে তল্লাশি করা হয় এবং ৬৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে ফরাসি বামপন্থী নেতা ও প্রেসিডেন্ট পদপ্রার্থী জঁ-লুক মেলেনশন অভিযোগ করেছেন, বিক্ষোভের প্রকৃত রূপ আড়াল করতে এবং জনমতকে বিভ্রান্ত করতেই শক্তি প্রয়োগ করছে প্রশাসন। তিনি বলেন, “প্যারিসে পুরো আয়োজন ভণ্ডুল করতে এবং নিজেদের চাপ কমাতে মিছিলের পেছনের অংশে থাকা সাধারণ মানুষের ওপর কাঁদানে গ্যাস ও গুলি চালিয়েছে তথাকথিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সপ্তাহজুড়ে ট্রাপসের ঘটনার ফুটেজ দেখিয়ে উসকানি দেওয়া গণমাধ্যমগুলোর খোরাক জোগাতেই এই ব্যবস্থা।”
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া অন্য এক পোস্টে তিনি বলেন, ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণে থাকা গণমাধ্যমের মাধ্যমে মানসিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। শান্তিপূর্ণ লাখো মানুষের দৃশ্য এড়িয়ে গিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিছিলের পেছনের অংশের সংঘাতকেই বড় করে তুলে ধরা হচ্ছে।
ট্রাম্পের প্রতিক্রিয়া
ফ্রান্সের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের পেরিতে এক নির্বাচনি সমাবেশে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “ফ্রান্স এখন জ্বলছে; কারণ তারা এমন লোকদের জন্য সীমান্ত খুলে দিয়েছে, যারা দেশটিকে ঘৃণা করে। তারা ফ্রান্সে গিয়ে বসবাস করে, অথচ সে দেশের ভবন, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, চিত্রকর্ম কিংবা সে দেশের মানুষ—কাউকেই পছন্দ করে না। এমন লোকদের কখনোই নিজের দেশে ঢুকতে দেওয়া উচিত নয়। আমরাও ঠিক এই পদক্ষেপই নিচ্ছি।”
আলবেনিয়া: ট্রাম্প পরিবারের প্রকল্প ঘিরে ক্ষোভ
কয়েক দিনের সহিংস পরিস্থিতির পর শনিবার আলবেনিয়ার রাজধানী তিরানায় আবারও সরকারবিরোধী বিক্ষোভে জড়ো হন হাজার হাজার মানুষ। উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে; জবাবে আতশবাজি ছোড়ে বিক্ষোভকারীরা।
গত মে মাস থেকে মূলত ট্রাম্পের পরিবারের সঙ্গে যুক্ত একটি বিলাসবহুল হোটেল প্রকল্পকে কেন্দ্র করে এ বিক্ষোভের সূত্রপাত। জুলাইয়ে বিজ্ঞানীরা সতর্ক করে জানান, প্রকল্পটির কারণে দেশটির একসময়ের অক্ষত উপকূলীয় অঞ্চলের অপূরণীয় ক্ষতি হয়েছে।
মধ্য অক্টোবর থেকে এ আন্দোলন আরও জোরালো হয়। সরকারি ভবনে হামলা, ডজনখানেক মানুষকে আটক এবং সংঘর্ষে তিন শতাধিক বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইতালি: নিরাপত্তা কড়াকড়ির মধ্যেও বিক্ষোভ
গত সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও শনিবার ইতালির বিভিন্ন শহরে রাজপথে নামেন হাজার হাজার বিক্ষোভকারী।
আটটি শহরে সংঘর্ষের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার এবং ১১০ জন অপ্রাপ্তবয়স্কসহ ৩৭১ জনকে সাময়িকভাবে থানায় নিয়ে আটক রাখা হয়। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার এ সপ্তাহের শুরুতে কঠোর নিরাপত্তা আইন জারি করা সত্ত্বেও এ বিক্ষোভ থামানো যায়নি। তবে সংঘাতের মধ্যেও জননিরাপত্তা রক্ষা করায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন মেলোনি।
আবাসন ব্যয়, জ্বালানির মূল্যবৃদ্ধি ও সামগ্রিক জীবনযাত্রার সংকটের মুখে শিক্ষার্থী, ট্রাকচালক ও কৃষকেরা এ বিক্ষোভে যোগ দিয়েছেন। সম্প্রতি মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বিশেষ আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে ইতালি সরকার।
স্পেন: আবাসন সংকট ঘিরে আগাম নির্বাচন
আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্পেনে আবাসন সংকটের বিরুদ্ধে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মাদ্রিদের বিখ্যাত পুয়ের্তা দেল সোল স্কয়ার। এক মাস আগে শুরু হওয়া একটি ছোট তাঁবুর ক্যাম্প এখন স্থায়ী বসতিতে রূপ নিয়েছে, যেখানে নিজস্ব খাবারের জায়গা (ক্যান্টিন), চিকিৎসাকেন্দ্র ও আলোচনার স্থান রয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর অতিরিক্ত ভাড়া বৃদ্ধির জেরে ৮৭ বছর বয়সী এক পেনশনভোগী নারীকে তাঁর দীর্ঘদিনের বাড়ি থেকে উচ্ছেদ করার পর এ অসন্তোষ ছড়িয়ে পড়ে। লাখো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানান এবং অন্যান্য শহরেও একই ধরনের ক্যাম্প গড়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সোশ্যালিস্ট সরকার উচ্ছেদ সীমিত করা ও দীর্ঘমেয়াদি ভাড়ার নিশ্চয়তা দিয়ে দুটি জরুরি আইন প্রস্তাব করে। তবে পার্লামেন্টে প্রয়োজনীয় সমর্থন পেতে ব্যর্থ হওয়ায় সানচেজ আগামী ২৯ নভেম্বর আগাম সাধারণ নির্বাচনের ডাক দিয়েছেন।
পর্তুগাল: ভেঙে দেওয়া হলো বিক্ষোভকারীদের তাঁবু
ইউরোপে আবাসন সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি পর্তুগাল। ২০১৭ সালের পর থেকে দেশটিতে বাড়ির দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে এবং নতুন ভাড়ার হার প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে, যা তরুণ প্রজন্মকে চরম বিপাকে ফেলেছে।
রবিবার গভীর রাতে লিসবনের রোসিও স্কয়ারের অস্থায়ী প্রতিবাদ ক্যাম্পটি ভেঙে দেয় পুলিশ। রাত দুটার পর ডগ স্কোয়াডসহ পুলিশ বাহিনী সেখানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। এর আগে শনিবার এক বিশাল বিক্ষোভ মিছিল শেষে সেখানে শতাধিক তাঁবু স্থাপন করেছিলেন আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীদের দাবি, উচ্ছেদ প্রক্রিয়া সহজ করা এবং নতুন চুক্তিতে ভাড়ার সর্বোচ্চ সীমা তুলে নেওয়ার যে পরিকল্পনা সরকার করছে, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।