× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্র-জনতার বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আহমেদ সোহেল বাপ্পী, প্যারিস (ফ্রান্স)

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৩:০৭ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬ ১৩:০৭ পিএম

শিক্ষার্থীদের উন্নত শিক্ষাব্যবস্থার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শনিবার ফ্রান্সের রাস্তায় নামে নানা শ্রেণি-পেশার মানুষ। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের উন্নত শিক্ষাব্যবস্থার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শনিবার ফ্রান্সের রাস্তায় নামে নানা শ্রেণি-পেশার মানুষ। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের অধিকার আদায়ের দাবিতে শনিবার আবারও ফ্রান্সের রাজপথ উত্তাল হয়েছিল। এদিনে মিছিলে অংশ নেওয়া সাধারণ মানুষের ওপর কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ, চলেছে ধরপাকড়। আন্দোলন দমাতে সরকার কঠোর অবস্থানে গেলেও, রাজপথ ছাড়তে নারাজ বিক্ষোভকারীরা। শুধু ফ্রান্সেই নয়, সরকারবিরোধী ও অধিকার আদায়ের বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে ইতালি, স্পেন ও আলবেনিয়ার মতো ইউরোপের অন্যান্য দেশেও। জীবনযাত্রার মাত্রাতিরিক্ত ব্যয়, দুর্নীতি, আবাসন সংকট ও বৈষম্যের প্রতিবাদে ইউরোপজুড়ে যেন এক নতুন গণজাগরণের ঢেউ উঠেছে। খবর দ্য গার্ডিয়ান ও আল জাজিরার।

ফ্রান্সে শিক্ষার্থীদের উন্নত শিক্ষাব্যবস্থার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাস্তায় নেমেছে নানা শ্রেণি-পেশার মানুষ। শনিবার প্যারিসের পোর্ত দ্য’ইতালি থেকে পোর্ত দ্য ভিনসেন পর্যন্ত দেড় কিলোমিটার দীর্ঘ এক মিছিলে তরুণদের পাশাপাশি যোগ দেন চাকরিজীবী ও বয়োজ্যেষ্ঠরা। সিজিটি, সিএফডিটিসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও ছাত্র সংগঠনগুলো এই কর্মসূচির আয়োজন করে। ৪০ বছর বয়সী এনজিওকর্মী জেসি বলেন, ‘আমি প্রচণ্ড ক্ষুব্ধ। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানাতেই আজ রাস্তায় নেমেছি। শান্তিপূর্ণ মিছিলে আসার সময়ও আমাকে পুরনো কাপড় পরতে হয়েছে, কারণ কখন যে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়বে তার কোনো ঠিক নেই।’

৬০ বছর বয়সী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা পিয়েরে বিক্ষোভে যোগ দেন তার আট বছর বয়সী নাতনির সুন্দর ভবিষ্যতের দাবিতে। তার হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘তরুণরা তাদের দাবির উত্তরের অপেক্ষায় আছে’ এবং ‘মিস্টার প্রেসিডেন্ট, ফ্রান্স আপনার সঙ্গে কথা বলছে, আমাদের কথা শুনুন।’ ৩৫ বছর বয়সী বিজ্ঞান বিষয়ক পডকাস্টার এমাও টানা দ্বিতীয় শনিবারের মতো বিক্ষোভে অংশ নিয়েছেন। তিনি বলেন, ‘ফ্যাসিবাদের উত্থান ও বিশ্বজুড়ে চলা বঞ্চনা দেখে আমি হতাশ। এর বিরুদ্ধেই লড়তে চাই।’

বিক্ষোভ দমাতে ফরাসি পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর লিওনে প্রায় ১৫০ জন বিক্ষোভকারী রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ২১ বছর বয়সী এক শিক্ষার্থী আক্ষেপ করে বলেন, ‘ফ্রান্সে আমরা যেন এক ক্রমবর্ধমান স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার মধ্যে বাস করছি। আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। পুলিশ এতই তৎপর যে, মিছিল শুরুর আগেই তা ভেঙে দিচ্ছে।’

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লোরঁ নুনেজ জানিয়েছেন, দেশজুড়ে চলা এই বিক্ষোভে পুলিশ অন্তত ১৩৫ জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে সিসার গুলি, আতশবাজি, গুলতি, ইস্পাতের বল, কাতানা (এক ধরনের তলোয়ার) ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে তিনি দাবি করেন, শনিবার বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবমতে, সারা দেশে অন্তত ১৩৬টি স্থানে প্রায় ৩৫ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে, যা গত সপ্তাহের ৬০ হাজারের তুলনায় বেশ কম। 

প্যারিস ছাড়াও মার্শেই, তুলুজ ও লিলের মতো শহরগুলোতে বিশাল মিছিল হয়েছে। তবে অরলিয়ঁ শহরে কট্টর ডানপন্থী নেত্রী মারিন লো পেনের ন্যাশনাল র‍্যালি পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হওয়ায় সেখানে ভিন্ন এক চিত্র দেখা যায়। ওই কংগ্রেসের প্রতিবাদে হাজার হাজার মানুষ ফ্যাসিবাদবিরোধী স্লোগান দিয়ে রাস্তায় নামে। তারা লো পেনের কারাদণ্ড ও ‘ব্যর্থ’ প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর পদত্যাগের দাবি জানান। বামপন্থী নেতা জ্যঁ-লুক মেলাঁশঁ প্যারিসের মিছিলে অংশ নিয়ে হুঁশিয়ারি দেন, সরকার দাবি না মানা পর্যন্ত প্রতি সপ্তাহে এই বিক্ষোভ চলবে।

আঁচ লেগেছে ইতালিতেও

ফ্রান্সের এই বিক্ষোভের আঁচ বেশ ভালোভাবেই লেগেছে প্রতিবেশী ইতালিতে। শনিবারের বিক্ষোভের আগে মিলানসহ বিভিন্ন শহরে অন্তত ১৫০টি বাড়িতে অভিযান চালিয়েছে ইতালির পুলিশ। মূলত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে বাজেট কমানো ও ফিলিস্তিনকে সমর্থনের দাবিতে ‘১৭ অক্টোবর মুভমেন্ট’ নামের একটি সংগঠন এই বিক্ষোভের ডাক দিয়েছে। গত সপ্তাহে মিলানে বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সেখানে অতিরিক্ত ৫০০ সেনা মোতায়েন করেন। রোমের বিলাসবহুল শপিং মলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং নেপলসসহ বিভিন্ন শহরে ভাঙচুরের আশঙ্কায় দোকানপাটের কাচে কাঠের তক্তা লাগিয়ে দেওয়া হয়েছে।

ঢেউ আছড়ে পড়েছে স্পেনে

বিক্ষোভের এই ঢেউ আছড়ে পড়েছে স্পেনে। রাজধানী মাদ্রিদে রাষ্ট্রীয় পেনশন সুরক্ষার দাবিতে হাজার হাজার নাগরিক রাস্তায় নেমেছেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অভিযোগ করেছেন, বিরোধী দল পপুলার পার্টি পেনশন খাতকে বেসরকারিকরণ করতে চাইছে। এর পাশাপাশি আবাসন ও ভাড়ার ব্যয় বৃদ্ধির প্রতিবাদেও সেখানে আন্দোলন চলছে। ৮৭ বছর বয়সী এক বৃদ্ধাকে তার ভাড়াবাড়ি থেকে উচ্ছেদের জেরে পুয়ের্তা দেল সল চত্বরে তাঁবু খাটিয়ে মাসব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

একই চিত্র আলবেনিয়াতে

প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে টানা কয়েক দিন সরকারবিরোধী সহিংস বিক্ষোভ চলছে আলবেনিয়ার রাজধানী তিরানায়। দুর্নীতি ও নিম্নমানের জীবনযাত্রার প্রতিবাদে রাস্তায় নামা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে এরই মধ্যে ৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা