ডার্ক ওয়েবে প্রায় ৪ হাজার গ্রাহকের তথ্য
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ২১:৪৪ পিএম
প্রতীকী ছবি
ভারতের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। ব্যাংকটির অন্তত তিন হাজার ৮৯৭ জন গ্রাহকের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য চুরি করে ইন্টারনেটের ডার্ক ওয়েবে ফাঁস করে দিয়েছে হ্যাকাররা।
ব্যাংক কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
এসবিআইয়ের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, ফাঁস হওয়া এসব তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর, জন্মতারিখ, ইমেইল ও আবাসিক ঠিকানা। এর পাশাপাশি গ্রাহকদের নির্দিষ্ট পরিচিতি নম্বর (আইডেন্টিফায়ার) এবং ব্যাংক থেকে নেওয়া ঋণের বিস্তারিত তথ্যও ডার্ক ওয়েবে ছড়িয়ে দেওয়া হয়েছে।
তবে এ ঘটনায় গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসবিআইয়ের পক্ষ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে, ‘গ্রাহকদের ব্যাংক হিসাবে থাকা অর্থ সম্পূর্ণ সুরক্ষিত আছে।’
সাইবার হামলার ধরন, ব্যাপ্তি ও তথ্য ফাঁসের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত জানতে ইতোমধ্যে একটি স্বাধীন সাইবার নিরাপত্তা সংস্থাকে তদন্তের দায়িত্ব দিয়েছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। ব্যাংকটির দাবি, এই তথ্য ফাঁসের ঘটনার কারণে তাদের মূল ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক সক্ষমতা বা দৈনন্দিন স্বাভাবিক সেবায় বড় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
সাম্প্রতিক বছরগুলোতে ভারতের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সাইবার হামলা ও হ্যাকিংয়ের ঝুঁকি আশঙ্কাজনক হারে বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশটির ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থাগুলো বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের সাইবার নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করার জন্য ক্রমাগত তাগিদ দিয়ে আসছে। ঠিক এমন একটি সতর্কতামূলক পরিস্থিতির মধ্যেই ভারতের রাষ্ট্রায়াত্ত ব্যাংকে এই সাইবার হামলার ঘটনা ঘটল, যা দেশটির আর্থিক খাতের সার্বিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।