প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১৯:৪৬ পিএম
বাঁচতে নিজের পা-ই কেটে ফেলেছিলেন, যুদ্ধক্ষেত্রের ‘মৃত্যুপুরী’ থেকে ড্রোনে যেভাবে উদ্ধার হলেন সেই সেন। গ্রাফিক্স: রয়টার্স
বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি স্কুল ভবনের বয়লারের নিচে সংকীর্ণ এক গর্ত। চারপাশে ড্রোন আর অবিরাম বিস্ফোরণ। এমন মৃত্যুপুরীতে আটকে থেকে বাঁচতে হলে নিজের অবশিষ্ট পা-টিও কেটে ফেলতে হবে—একপর্যায়ে এমনই এক চরম সিদ্ধান্ত নিতে হয় ইউক্রেনীয় পদাতিক সেনা কনস্তান্তিন ভ্লাসেনকোকে।
গত ফেব্রুয়ারিতে রুশ ড্রোন হামলায় তার বাঁ পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ভেঙে বেঁকে গিয়েছিল ডান পা-ও। ফলে হামাগুড়ি দেওয়াও অসম্ভব হয়ে পড়ে। সেই দুঃসহ ঘটনার প্রায় তিন মাস পর সাহস সঞ্চয় করে নিজের ছুরি দিয়েই ডান পায়ের ক্ষতিগ্রস্ত পাতাটি কেটে ফেলেন তিনি। এরপর দ্রুত বিশেষ ব্যান্ডেজ (টুরনিকেট) দিয়ে রক্তপাত আটকে কোনোমতে বেঁচে থাকেন।
অবশেষে প্রায় আট মাস বয়লারের নিচের ছোট গর্তে এবং রুশ ড্রোনবেষ্টিত যুদ্ধক্ষেত্রে টানা ৪৯১ দিন কাটিয়ে দেওয়ার পর গত ৪ অক্টোবর এক অবিশ্বাস্য উপায়ে উদ্ধার করা হয় ৪৯ বছর বয়সী এই সেনাকে। রিমোট কন্ট্রোলে চালিত ছয়টি প্রপেলারযুক্ত একটি দানবাকৃতির ড্রোনে ঝুলিয়ে তাকে প্রায় ১৫ কিলোমিটার (৯ মাইল) দূরের নিরাপদ স্থানে উড়িয়ে নেওয়া হয়।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে যুদ্ধের ময়দানে এক সেনার বেঁচে থাকার অবিশ্বাস্য এই লড়াইয়ের গল্প। ইউক্রেনীয় কমান্ডারদের দাবি, চলমান যুদ্ধে ড্রোন দিয়ে আকাশপথে কোনো সেনাকে এভাবে উদ্ধারের নজির বিশ্বে এটিই প্রথম।
যুদ্ধক্ষেত্রে এ অঞ্চলটি ‘কিল জোন’ বা মৃত্যুপুরী নামে পরিচিত। সেখানে আকাশজুড়ে শত শত ড্রোন নজরদারি করায় সামান্য নড়াচড়াও প্রাণঘাতী হতে পারে। ফলে উভয় পক্ষের সেনারাই ভূগর্ভস্থ বাংকারে দীর্ঘ সময় কার্যত বন্দিজীবন কাটাতে বাধ্য হন।
নিজের পা কেটে ফেলার পর বাঁচার আশা একরকম ছেড়েই দিয়েছিলেন ভ্লাসেনকো। উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের একটি হাসপাতালের বিছানায় শুয়ে ব্যান্ডেজ বাঁধা দুটি পায়ের দিকে তাকিয়ে রয়টার্সকে তিনি বলেন, “আমি নিজেকে জীবন্ত কবর দিয়ে দিয়েছিলাম। জানতাম আর কোনো আশাই অবশিষ্ট নেই।”
ইউক্রেনীয় সামরিক বাহিনী এবং উদ্ধারকারী ড্রোনে থাকা ক্যামেরার ভিডিও ফুটেজ তার এই উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করেছে। তবে রয়টার্স স্বতন্ত্রভাবে তার সব দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
খারকিভ অঞ্চলে মোতায়েন থাকা ইউক্রেনের ৩০তম মেকানাইজড ব্রিগেডের সেনা ভ্লাসেনকো ২০২৩ সালের মে মাসে সম্মুখসারির এক বাংকারে ‘বাস্কি’ ছদ্মনামের এক সহযোদ্ধার সঙ্গে যোগ দেন। সেখানে নিয়মিত ড্রোন থেকে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী ফেলা হতো। এমনকি জন্মদিনে ড্রোন থেকে তিনি পেয়েছিলেন চকলেট ও সিগারেটও।
গত বছরের শরতে তাদের বদলি করার কথা থাকলেও যে দুই সেনা তাদের অবস্থান অভিমুখে আসছিলেন, তারা পথেই ড্রোন হামলায় নিহত হন। মরদেহ আনতে যাওয়া আরও দুজন সেনাও প্রাণ হারান। ভ্লাসেনকো বলেন, “তখনই আমি বুঝতে পারি, আর কেউ এখান থেকে জীবিত বের হতে পারবে না।”
‘আমার আর কোনো পা রইল না’
টানা ১০ মাস এক বাংকারে কাটানোর পর গত ফেব্রুয়ারির মাঝামাঝি তীব্র বন্যায় সেটি ডুবে গেলে একটি ধ্বংসপ্রাপ্ত স্কুল ভবনে আশ্রয় নেন ভ্লাসেনকো ও বাস্কি। কিন্তু সহযোদ্ধাদের ড্রোন থেকে ফেলা শুকনো কাপড় ও খাবার তুলতে বাইরে বেরোতেই তাদের ওপর নজর পড়ে রুশ নজরদারি ড্রোনের।
তাৎক্ষণিক ড্রোন হামলায় ঘটনাস্থলেই নিহত হন বাস্কি—সেদিন ছিল তার ৫০তম জন্মদিন। হামলায় ভ্লাসেনকোর বাঁ পা ছিন্নবিচ্ছিন্ন হয় এবং পড়ে গিয়ে ডান পা-ও মারাত্মক জখম হয়।
অসহায় অবস্থায় স্কুলের বয়লারের নিচে প্রায় ৮০ বাই ৬০ সেন্টিমিটার আয়তনের একটি ছোট গর্তে লুকিয়ে পড়েন তিনি। কোনো চিকিৎসা না থাকায় তার বাঁ পা পচে যেতে থাকে। আর ডান পায়ের হাড় মাংস ভেদ করে বেরিয়ে আসছিল। ভ্লাসেনকো বলেন, “পা টেনে নিয়ে চলার কারণে হাড়টি ক্রমশ আরও বেরিয়ে আসছিল। তাই বাধ্য হয়ে ছুরি দিয়ে পা-টি কেটে ফেলতে হয়। এরপর আমার আর কোনো পা রইল না।”
দানবাকৃতির ড্রোন নিয়ে দুঃসাহসী অভিযান
ভ্লাসেনকোকে রক্ষায় ফ্রন্টলাইনের পেছনে থাকা তার কমান্ডাররা ৯২তম অ্যাসল্ট ব্রিগেডসহ অন্যান্য ইউনিটের সঙ্গে মিলে বিশেষ উদ্ধার পরিকল্পনা সাজান। অভিযান পরিকল্পনার দায়িত্বে থাকা কর্মকর্তা (ছদ্মনাম ‘অ্যালেক্স’) জানান, রুশ ড্রোনের সার্বক্ষণিক হুমকির কারণে গাড়ি পাঠিয়ে সেখান থেকে আহত সেনাকে উদ্ধার অসম্ভব ছিল। দূরনিয়ন্ত্রিত স্থলযান পাঠিয়ে উদ্ধারের দুটি চেষ্টাও রুশ ড্রোন হামলায় ব্যর্থ হয়।
অবশেষে কর্মকর্তাদের নজরে আসে স্থানীয় প্রতিষ্ঠান ‘গুরজুফ ডিফেন্স’-এর তৈরি একটি বিশেষ ভারী ড্রোন। ছয়টি রোটরযুক্ত বিশালাকার পোকার মতো দেখতে ড্রোনটি ৯০ কেজি পর্যন্ত ওজন নিয়ে টানা ২৫ কিলোমিটার উড়তে সক্ষম। যুদ্ধক্ষেত্রে অনাহারে ভ্লাসেনকোর ওজন ৭০ কেজিতে নেমে আসায় তাকে এই ড্রোনে ঝুলিয়ে নিরাপদে আনার সিদ্ধান্ত হয়।
আকাশে ঝুলন্ত ১৫ মিনিট
অক্টোবরের শুরুতে ড্রোনের মাধ্যমে ফেলা প্যাকেটে ভ্লাসেনকোকে পাঠানো হয় একটি বিশেষ হারনেস এবং দিকনির্দেশনাসংবলিত ভিডিওসহ একটি ফোন। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ জেনেও বাঁচার একমাত্র উপায় হিসেবে মেনে নেন তিনি।
পরের দিন, ৪ অক্টোবর মূল ড্রোনটি তার মাথার ওপর পৌঁছায়। ঝুলন্ত হুকের সঙ্গে নিজেকে শক্ত করে আটকে নেন ভ্লাসেনকো। মুহূর্তের মধ্যেই তাঁকে নিয়ে ড্রোনটি প্রায় ৭০ মিটার (২৩০ ফুট) ওপরে উঠে যায়।
শত্রুর নজর এড়াতে ও বিভ্রান্ত করতে মূল ড্রোনটির চারপাশে পাহারায় ছিল আরও তিনটি ছোট ড্রোন। একই সঙ্গে ইউক্রেনের ড্রোন দল ও কামান থেকে টানা দুই ঘণ্টা রুশ অবস্থানে তীব্র গোলাবর্ষণ করা হয়, যাতে তারা ড্রোনে পাল্টা আঘাত হানতে না পারে।
আকাশে চরম উদ্বেগজনক ১৫ মিনিট ওড়ার পর ড্রোনটি ভ্লাসেনকোকে নিয়ে নিরাপদে অবতরণ করে। নিরাপত্তার স্বার্থে অবতরণের সঠিক স্থানটি গোপন রেখেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী।
ভয়ংকর সব পরিস্থিতির মুখোমুখি হওয়া এই সেনার কাছে আকাশে ওড়ার সেই মুহূর্তটি ছিল অদ্ভুত এক ভীতির। ভ্লাসেনকো বলেন, “বনের ওপর বা মাটিতে পড়ে যাওয়ার কোনো ভয় আমার ছিল না। ভয় ছিল শুধু কোনো জলাশয় বা পানিতে পড়ার, কারণ আমি তো সাঁতার জানি না।”