লুৎফুর রহমান, কুয়েত
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১৮:৪৩ পিএম
কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবার। ফাইল ছবি
কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবার রাজকীয় ক্ষমার (আমিরি ক্ষমা) আওতায় দেশটির বিভিন্ন কারাগার থেকে ৯৪ জন বন্দি মুক্তি পেয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) এ নির্দেশনা কার্যকর করা হয়।
আমিরের সরাসরি নির্দেশনায় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নিরাপত্তা ও সংশোধনমূলক প্রতিষ্ঠান খাত এবং ‘সংশোধিত অপরাধীদের পুনর্বাসন কর্মসূচি’র যৌথ উদ্যোগে সুশৃঙ্খলভাবে এ মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এ আমিরি ক্ষমা আমিরের মহানুভবতা ও স্নেহের এক অনন্য বহিঃপ্রকাশ। অতীতে ভুল পথে পা বাড়ানো ব্যক্তিদের সংশোধনের একটি নতুন সুযোগ করে দেওয়া এবং পরিবার-পরিজনের কাছে ফিরে গিয়ে স্বাভাবিক জীবনে পুনর্বাসিত হওয়াই এ পদক্ষেপের মূল উদ্দেশ্য, যাতে তারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কারাগারকে কেবল শাস্তির স্থান হিসেবে নয়, বরং সংশোধনাগার হিসেবে বিবেচনা করে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বন্দিদের পুনর্বাসন ও সংস্কার কার্যক্রমে জোর দিচ্ছে। সামাজিক ও পারিবারিক স্থিতিশীলতা রক্ষা এবং অপরাধপ্রবণতা কমিয়ে নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ পরিচালিত হয়। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, মুক্তি পাওয়া এই ৯৪ জন বন্দি স্বাভাবিক জীবনে ফিরে দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করবেন।