প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১৮:৩০ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬ ১৯:১৪ পিএম
ছবি: সংগৃহীত
জর্ডানের একটি গির্জায় শেষকৃত্যের অনুষ্ঠান চলাকালে বন্দুকধারীদের গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। রাজধানী আম্মান থেকে প্রায় ৯০ মাইল (১৪৫ কিলোমিটার) দক্ষিণে অবস্থিত কারাক প্রদেশে এ ঘটনা ঘটে।
দেশটির জননিরাপত্তা সংস্থার বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হামলার সত্যতা নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মদ আল-মোমানি লিখেছেন, “কারাক গভর্নরেটে গুলি চালানোর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে নিরাপত্তা বাহিনী।”
দেশটির জননিরাপত্তা সংস্থা জানিয়েছে, গির্জায় একটি শেষকৃত্যের অনুষ্ঠান চলাকালে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে যাওয়া ‘অজ্ঞাতপরিচয়’ বন্দুকধারীদের ধরতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আল-মামলাকাকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীদের একজনের কাছে একটি একে-৪৭ কালাশনিকভ রাইফেল ছিল। সেখানে বেশ কয়েক মিনিট ধরে টানা গোলাগুলি চলে।
প্রতিবেদনে বলা হয়, উত্তর কারাকের খ্রিস্টানপ্রধান শহর হামুদে অবস্থিত ওই গির্জায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে।