× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলি তল্লাশিচৌকিতে বন্দুকধারীদের হামলা

পশ্চিম তীর অবরুদ্ধের নির্দেশ নেতানিয়াহুর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১৭:৩০ পিএম

ঘটনাস্থল থেকে ব্যাগে করে আলামত নিয়ে যাচ্ছেন এক পুলিশ কর্মকর্তা। ছবি: আম্মার আওয়াদ/রয়টার্স/সিএনএন

ঘটনাস্থল থেকে ব্যাগে করে আলামত নিয়ে যাচ্ছেন এক পুলিশ কর্মকর্তা। ছবি: আম্মার আওয়াদ/রয়টার্স/সিএনএন

অধিকৃত পশ্চিম তীরের একটি সামরিক তল্লাশিচৌকিতে দুই ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচ ইসরায়েলি আহত হয়েছেন। এ ঘটনার পরপরই পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, গুলিতে আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আহত ব্যক্তিরা সেনাসদস্য নাকি বেসামরিক নাগরিক, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

হামলার পর পশ্চিম তীরের হেবরন শহর ‘পুরোপুরি অবরুদ্ধ’ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। নেতানিয়াহু জানান, শুক্রবার থেকেই পুরো পশ্চিম তীর সম্পূর্ণ অবরুদ্ধ করতে তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে এ পূর্ণ অবরোধ ঠিক কখন শুরু হবে বা কত দিন বহাল থাকবে, তা স্পষ্ট নয়।

এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, বাহিনীর গুলিতে হামলাকারী দুই ফিলিস্তিনি বন্দুকধারীই নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খুঁজে বের করতে পুরো এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

ঘটনাস্থলের ভিডিওচিত্রে দুই বন্দুকধারী ও ইসরায়েলি বাহিনীর মধ্যে বেশ কয়েক মিনিট ধরে পাল্টাপাল্টি তীব্র গোলাগুলি হতে দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের একটি ভিডিওতে এক ইসরায়েলি উদ্ধারকর্মীকে চিৎকার করে বলতে শোনা যায়, অন্তত ২০ মিনিট ধরে গোলাগুলি চলছে এবং এর ফলে ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের সরিয়ে নিতে তাঁদের বেগ পেতে হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এই প্রথমবারের মতো ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনের মাত্র চার দিন আগে এ হামলার ঘটনা ঘটল। নিরাপত্তাব্যবস্থায় নিজেকে ‘কট্টরপন্থী’ হিসেবে তুলে ধরতে চাওয়া নেতানিয়াহুর জন্য আসন্ন এ নির্বাচনকে একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

আইডিএফ আরও জানিয়েছে, তারা হামলাকারীদের ব্যবহৃত একটি গাড়ি জব্দ করেছে, যার ভেতর বিপুল পরিমাণ গোলাবারুদ পাওয়া গেছে। পরিস্থিতি পর্যালোচনা শেষে আইডিএফের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেন, “এটি বড় ধরনের এক সন্ত্রাসী হামলা ছিল। বাহিনীর সদস্যদের দ্রুত পদক্ষেপের কারণে আরও মারাত্মক হামলা এবং বেসামরিক নাগরিক ও নিরাপত্তাকর্মীদের বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।” গাড়িতে থাকা গোলাবারুদ দিয়ে আরও বড় পরিসরে হামলার পরিকল্পনা ছিল বলে তিনি জানান। এ ছাড়া এলাকায় জড়িত সন্দেহে অভিযান ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “আমরা হামাস সন্ত্রাসী এবং যারা তাদের মদদ দিয়ে পাঠিয়েছে, তারা যেখানেই থাকুক—সব সময় তাদের খুঁজে বের করব।”

এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে এই হামলার প্রশংসা করলেও ঘটনার প্রত্যক্ষ দায় স্বীকার করেনি।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট লিখেছেন, “ইসরায়েলের সব নাগরিকের মতো আমিও হামলায় আহত ব্যক্তিদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা