প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১৫:১৬ পিএম
তিব্বতের নাগকুতে ভূমিকম্পের পর শিক্ষার্থীরা খেলার মাঠে শুয়ে পড়েছে। ছবি: রয়টার্স
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্তশাসিত অঞ্চল শিজাংয়ে (তিব্বত) ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৪ জন।
বৃহস্পতিবার রাতে নাগকু শহরের বাকেন কাউন্টিতে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
ভূমিকম্পের পর নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক তল্লাশি অভিযান এবং আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
শুক্রবার ভূমিকম্প-পরবর্তী জাতীয় জরুরি প্রতিক্রিয়ার মাত্রা লেভেল-৪ থেকে লেভেল-৩-এ উন্নীত করেছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা ও দিকনির্দেশনা দিতে একটি বিশেষ দলও দুর্গত এলাকায় পাঠানো হয়েছে।
চীনের জাতীয় অগ্নিনির্বাপণ ও উদ্ধার বাহিনী ৩৫০ জন উদ্ধারকর্মী এবং ৮৩টি যানবাহন ঘটনাস্থলে পাঠিয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টা ৩০ মিনিট পর্যন্ত ১২০ জন উদ্ধারকর্মী ও ২৭টি যানবাহন দুর্গত এলাকায় পৌঁছেছে। বাকিরা ও অন্যান্য যানবাহন পথে রয়েছে।
দুর্গতদের জন্য ১ হাজার প্রিফ্যাব্রিকেটেড ঘর, ৩ হাজার ২৩৯টি তাঁবু, ২ হাজার ৮২১টি ভাঁজ করা খাট এবং ৪ হাজার ২৮০টি কম্বলসহ বিভিন্ন ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এটি নাগকু শহর থেকে প্রায় ১৮৩ কিলোমিটার দূরে আঘাত হানে।
ভূমিকম্পের পর ইউএসজিএস প্রাণহানির সম্ভাবনার বিষয়ে ‘হলুদ সতর্কতা’ জারি করেছে। একই সঙ্গে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির ক্ষেত্রে ‘কমলা সতর্কতা’ জারি করে সংস্থাটি বলেছে, এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হতে পারে এবং এর প্রভাব বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারে।
ইউএসজিএস বলেছে, ভূমিকম্পে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতির পরিমাণ চীনের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ শতাংশের কম হতে পারে। এ ধরনের সতর্কতার মাত্রার অতীত ঘটনাগুলোতে আঞ্চলিক বা জাতীয় পর্যায়ে জরুরি সাড়া দেওয়ার প্রয়োজন হয়েছিল।
সংস্থাটি আরও জানিয়েছে, ওই অঞ্চলের অনেক মানুষ এমন স্থাপনায় বসবাস করেন, যেগুলো ভূমিকম্পের কম্পনে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।