× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিএইচপির ত্রুটি সারাতে বিশ্বজুড়ে তোড়জোড়, লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ২১:৩৭ পিএম

প্রোগ্রামিং ভাষা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রোগ্রামিং ভাষা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইন্টারনেটের সিংহভাগ পরিচালনাকারী বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা ‘পিএইচপি’র গুরুতর নিরাপত্তা ত্রুটি সারাতে বৃহস্পতিবার বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ও সরকারগুলোর মধ্যে নজিরবিহীন তোড়জোড় শুরু হয়েছে। এই নিরাপত্তা দুর্বলতা জনসমক্ষে প্রকাশের পরপরই বিশ্বব্যাপী লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে ক্লাউড অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এর আগে বুধবার সম্ভাব্য সাইবার ঝুঁকি থেকে নিজেদের সুরক্ষিত রাখতে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালগুলো সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগাম বহু ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ (অফলাইন) করে দেয়।

টোকিও থেকে হেলসিঙ্কি—বিশ্বজুড়ে ব্যাংক, বিমান পরিবহন, রেল যোগাযোগ, কর বিভাগ ও সরকারি পরিষেবাসমূহ জরুরি ভিত্তিতে বন্ধের ঘটনাটি ইন্টারনেটের ভিত্তি হিসেবে কাজ করা কয়েক দশকের পুরোনো প্রোগ্রামিং টুলের এক নাটকীয় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। খুব কম মানুষের বোঝাপড়া রয়েছে এমন পুরোনো কোডের ওপর সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো কতটা গভীরভাবে নির্ভরশীল, এ সংকটে তা-ও উন্মোচিত হয়েছে।

বৃহস্পতিবার জার্মানিতে এক অনুষ্ঠানে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা বলেন, “দীর্ঘ দীর্ঘ সময় আমি এমন পরিস্থিতি দেখিনি। আইটি ও নিরাপত্তা কর্মীদের জন্য এটি ছিল অত্যন্ত দীর্ঘ এক দিন ও দীর্ঘ এক রাত।” সিস্টেম যত জটিল হচ্ছে, তার নিরাপদ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার গুরুত্ব এ ঘটনা স্পষ্ট করে দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এআই দিয়ে ত্রুটি উন্মোচন ও হ্যাকিংয়ের লড়াই

এইচটিএমএল কিংবা পাইথনের মতো ইন্টারনেটের অন্যতম মৌলিক ভিত্তি প্রোগ্রামিং ভাষা পিএইচপি। এতে থাকা ত্রুটিগুলো সফটওয়্যারটির ভেতরে বছরের পর বছর সুপ্ত অবস্থায় ছিল। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তা উন্মোচন করা হয়। বুধবার পিএইচপির নির্মাতারা এর নিরাপত্তা সমাধান (প্যাচ) প্রকাশ করে ব্যবহারকারীদের ‘অবিলম্বে আপডেট’ করার আহ্বান জানান।

বেলজিয়ামভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান আইকিডো সিকিউরিটির সহপ্রতিষ্ঠাতা ম্যাডেলিন লরেন্স বলেন, প্যাচ পুরোপুরি প্রস্তুত হওয়ার আগেই ত্রুটিগুলোর বিস্তারিত তথ্য জনসমক্ষে চলে আসে এবং এরপর থেকেই দফায় দফায় হামলার খবর পাওয়া যাচ্ছে। তিনি বলেন, “প্রতিষ্ঠানগুলো এখন হামলাকারীদের বিরুদ্ধে সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছে, কারণ সাইবার অপরাধীরা ত্রুটিটির অপব্যবহার করতে এআই ব্যবহার করতে পারে। পুরো লড়াইটা মূলত এখানেই।”

ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী ম্যাথিউ প্রিন্স এক্সে (সাবেক টুইটার) জানান, ত্রুটির বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগের ১০ ঘণ্টায় নেটওয়ার্কে কয়েক হাজার হ্যাকিংয়ের চেষ্টা নজরে এসেছিল। ঘোষণার মাত্র ৪৫ মিনিটের মধ্যে তা বেড়ে দাঁড়ায় কয়েক হাজারে, দুই ঘণ্টার মধ্যে তা পৌঁছায় কয়েক লাখে এবং বর্তমানে তা লাখ লাখে (মিলিয়ন) রূপ নিয়েছে।

জাপান ও এশিয়ায় বড় ধাক্কা

জাপানের শীর্ষস্থানীয় ব্রোকারেজ প্রতিষ্ঠান নোমুরা, ঋণদাতা প্রতিষ্ঠান মিতসুবিশি ইউএফজে ফাইন্যান্সিয়াল গ্রুপ, বিমান পরিবহন সংস্থা এএনএ এবং ইস্ট জাপান রেলওয়ে বৃহস্পতিবার জরুরি পদক্ষেপ হিসেবে তাদের কিছু অনলাইন সেবা সাময়িকভাবে স্থগিত করেছে।  অ্যালকোহল ও পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান আসাহি গ্রুপ হোল্ডিংস নির্দিষ্ট কিছু ওয়েবসাইট ও সিস্টেম স্থগিত রেখে নিরাপত্তা মূল্যায়ন চালাচ্ছে এবং তোকিও মেরিন হোল্ডিংস তাদের গ্রুপ ওয়েবসাইট বন্ধ রেখেছে।

এ ছাড়া জাপানের অর্থ মন্ত্রণালয় ও আবহাওয়া সংস্থা তাদের অনলাইন সেবা আংশিক স্থগিত করে এবং জাতীয় কর সংস্থা সাময়িকভাবে সেবা পুরোপুরি বন্ধ রাখে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘ট্রেন্ডএআই’র তথ্য অনুযায়ী, জাপান গত পুরো বছরের তুলনায় এ বছরের প্রথম ৯ মাসেই বেশি সাইবার আক্রমণের ঘটনার মুখোমুখি হয়েছে।

চীনের শিল্প মন্ত্রণালয় সব প্রতিষ্ঠান ও ব্যবহারকারীদের দ্রুত পিএইচপির সর্বশেষ নিরাপদ সংস্করণে সিস্টেম আপগ্রেড করার, সাইবার নিরাপত্তা নজরদারি বাড়ানোর এবং প্রয়োজন অনুযায়ী অ্যাকাউন্ট, পাসওয়ার্ড ও কি পরিবর্তনের নির্দেশ দিয়েছে। তবে চীনের অন্যতম বৃহৎ ক্লাউড প্রতিষ্ঠান ‘টেনসেন্ট ক্লাউড’ গ্রাহকদের আপডেট নেওয়ার পরামর্শ দিলেও পাইকারি হারে ওয়েবসাইট বন্ধের আহ্বান জানায়নি। অন্যদিকে সাইবার হামলার ঝুঁকি বাড়ায় দক্ষিণ কোরিয়া বেসরকারি খাতে সাইবার নিরাপত্তা সতর্কতার মাত্রা বাড়িয়েছে এবং জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা সক্রিয় করেছে।

ইউরোপজুড়ে সতর্কতা ও সাইট বন্ধ

জার্মানির ডিজিটাল মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, পিএইচপিতে ত্রুটির কারণে ফেডারেল আইটি সেবা সরবরাহকারী ‘আইটিজেডবান্ড’ বেশ কিছু ওয়েবসাইট সাময়িক বন্ধ রেখেছে। এটি কেবল সতর্কতামূলক ব্যবস্থা এবং কোনো সাইবার হামলার ঘটনা ঘটেনি।

জার্মান ডিজিটাল শিল্প সমিতি ‘বিটকম’র নিরাপত্তা প্রধান ফেলিক্স কুহলেনক্যাম্প বলেন, বড় প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে আপডেট সম্পন্ন করেছে, তবে জটিল আইটি কাঠামো ও ছোট প্রতিষ্ঠানগুলোর জন্য এতে বেশি সময় লাগবে। অনেক প্রতিষ্ঠান পিএইচপি ব্যবহার করলেও নিয়মিত নজরদারি করে না। আর পুরোনো যেসব পিএইচপি সংস্করণের জন্য কোনো নিরাপত্তা আপডেট নেই, সেগুলোর ক্ষেত্রে পুরো সিস্টেমই বদলাতে হবে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের স্থানীয় প্রশাসনিক কার্যালয়গুলোর (প্রিফেকচার) ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ব্যবহৃত পিএইচপি ফ্রেমওয়ার্কের নিরাপত্তা প্যাচ পাওয়া সাপেক্ষে এগুলো পুনরায় চালু করা হবে। এছাড়া ফরাসি টেলিযোগাযোগ গ্রুপ ‘অরেঞ্জ এসএ’ সতর্কতার অংশ হিসেবে তাদের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের পিএইচপিচালিত বেশ কিছু ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন বন্ধ রেখেছে।

সাইবার আক্রমণের খবরের মুখে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইট সাময়িক বন্ধ করে দেয়। তবে দেশটির সাইবার নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, তাদের কোনো ওয়েবসাইটে হামলার প্রমাণ পাওয়া যায়নি।

নেদারল্যান্ডসের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের নির্দেশনা মেনে দেশটির রটারড্যাম বন্দর কর্তৃপক্ষ, সরকারের মূল ওয়েবসাইট, জাতীয় ফুটবল সংস্থা (কেএনভিবি), পাঁচটি শীর্ষ রাজনৈতিক দল এবং বহু হাসপাতাল তাদের জনসাধারণের ব্যবহারের ওয়েবসাইটগুলো অফলাইনে নেয়।

ফিনল্যান্ডের রাষ্ট্রীয় আইটি প্রতিষ্ঠান ‘ভালতোরি’ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকারের পাবলিক ওয়েব সেবা বন্ধ করার পর রাতভর নিরাপত্তা প্যাচ ইনস্টল করেছে এবং ধীরে ধীরে সতর্কতা প্রত্যাহার করছে। ভালতোরির মহাপরিচালক হান্নু নাউমানেন জানান, আপডেটের পাশাপাশি সিস্টেমগুলো সতর্কতার সঙ্গে পরীক্ষা করতে হবে, ফলে পুরোপুরি সেবা সচল হতে কয়েক দিন এমনকি কয়েক সপ্তাহও লেগে যেতে পারে। তবে কোনো তথ্য ফাঁস বা অনুপ্রবেশের কারণে এটি হয়নি বলে নিশ্চিত করেছে তারা।

চেক প্রজাতন্ত্রের সাইবার নজরদারি সংস্থার সুপারিশে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় সরকারের মূল ওয়েবসাইট অফলাইনে নেওয়া হয়। দেশটির সরকারি দপ্তর এক বিবৃতিতে জানায়, ওয়েবসাইটের নিরাপদ পরিচালনা নিশ্চিত করাই এ পদক্ষেপের লক্ষ্য। বন্ধ থাকাকালে সাধারণ মানুষ সাইটটি দেখতে পাবেন না এবং নিরাপত্তা আপডেট সম্পন্ন হলে সেবা আবার চালু হবে।

যুক্তরাজ্যে সরকারি সম্প্রচারমাধ্যম বিবিসি জানায়, তারা বুধবার তাদের কিছু ওয়েব পোর্টাল বন্ধ রেখেছিল। এছাড়া স্কটল্যান্ডের এডিনবরা শহরসহ দেশটির বেশ কয়েকটি স্থানীয় পৌর কর্তৃপক্ষ তাদের ওয়েব সেবা সাময়িকভাবে বন্ধ করে দেয়।

উইকিপিডিয়া ও ইন্টারনেট আর্কাইভের পদক্ষেপ

অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন জানিয়েছে, পিএইচপির নিরাপত্তা দুর্বলতা সারাতে তারা কাজ করছে। সংস্থাটি ও তাদের স্বেচ্ছাসেবকদের পরিচালিত যেসব সিস্টেম পিএইচপি ব্যবহার করে, সেগুলো ঝুঁকির মুখে রয়েছে। নিরাপদভাবে প্যাচ প্রয়োগ না হওয়া পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারা বেশ কিছু সিস্টেম বন্ধ রেখেছে।

এদিকে অলাভজনক ডিজিটাল লাইব্রেরি ‘ইন্টারনেট আর্কাইভ’ এক্সে দেওয়া এক পোস্টে জানায়, জরুরি রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা প্যাচ ইনস্টলের জন্য বুধবার তাদের পোর্টাল বন্ধ রাখা হয়েছিল। তবে পরবর্তীতে ওয়েবসাইটটি পুনরায় সচল করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা