× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসছেন পুতিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১২:৩৪ পিএম

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কনস্টান্টাইন প্রাসাদে বুধবার এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে করমর্দন করছেন। ছবি: রয়টার্স

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কনস্টান্টাইন প্রাসাদে বুধবার এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে করমর্দন করছেন। ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে সম্মতি জানিয়েছেন। 

বুধবার মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকে এই সম্মতি জানান পুতিন। ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। 

ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ সংঘাত হিসেবে বিবেচিত ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সেন্ট পিটার্সবার্গের একটি ঐতিহাসিক রাজপ্রাসাদে প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠকটি হয়। পুতিনের সঙ্গে উইটকফের এটি ছিল নবম সরাসরি সাক্ষাৎ।

বৈঠকের শুরুতেই রাশিয়ার পক্ষ থেকে শুভেচ্ছার নিদর্শন হিসেবে যুক্তরাষ্ট্রের সাবেক স্কুলশিক্ষক স্টিফেন হাবার্ডকে মুক্তি দেওয়া হয়। 

বুধবারের বৈঠকটি এমন এক সময়ে হলো, যখন ইউক্রেন ও তার মিত্রদের মধ্যে উদ্বেগ বাড়ছে যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে কিয়েভের প্রতি সমর্থন কমিয়ে দিচ্ছে।

রুশ হামলার বিষয়ে ইউক্রেনকে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য সরবরাহে কখনো কখনো সীমাবদ্ধতা আরোপ এবং দেশটির সামরিক যোগাযোগব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরির অভিযোগও উঠেছে।

ট্রাম্প তার নির্বাচনি প্রচারে ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যে শেষ করার প্রতিশ্রুতি দেওয়ার দুই বছরেরও বেশি সময় পর নতুন করে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলো।

ক্রেমলিন জানিয়েছে, নতুন করে শুরু হতে যাওয়া ত্রিপক্ষীয় শান্তি আলোচনা হবে কারিগরি পর্যায়ে। এতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন অংশ নেবে। আলোচনার স্থান হিসেবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির কথা বলা হয়েছে। যুদ্ধ শেষ হওয়ার পর ইউক্রেন ও রাশিয়ার নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, তা নিয়েই মূলত আলোচনা হবে। আগামী ১০ নভেম্বর বা এর পর যেকোনো সময় এ আলোচনা শুরু হতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সর্বশেষ শান্তি আলোচনা হয়েছিল ফেব্রুয়ারিতে। পরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে সেই আলোচনা থেমে যায়।

তবে এর একদিন আগে নরওয়ের রাজধানী অসলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফিনল্যান্ড ও নরওয়ের নেতাদের পাশাপাশি ইউরোপীয় ও ন্যাটোর প্রতিনিধিদের সঙ্গে উইটকফের বৈঠকের ফলাফল নিয়ে ক্রেমলিন খুব একটা আশাবাদী নয়।

উইটকফ পুতিনকে জানিয়েছিলেন, অসলো বৈঠকে কিছুটা অগ্রগতি হয়েছে। এক মার্কিন কর্মকর্তা জানান, ইউক্রেন সেখানে নতুন কিছু ধারণা ও প্রস্তাব দিয়েছে।

তবে ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, “এসব বিষয় আমাদের পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি।”

ট্রাম্প-পুতিন-শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠক

সম্ভাব্য শান্তিচুক্তির শর্ত নিয়ে এখনো রাশিয়া ও ইউক্রেনের অবস্থানের মধ্যে বড় ধরনের দূরত্ব রয়েছে। তবে ট্রাম্প সম্প্রতি ইউক্রেনের ওপর সমঝোতায় পৌঁছানোর জন্য চাপ বাড়িয়েছেন। মঙ্গলবার তিনি বলেন, ইউক্রেনের এখন যুদ্ধ শেষ করার সময় হয়েছে, তা না হলে ‘খুব খারাপ কিছু’ ঘটতে পারে।

বুধবারের বৈঠকে ইরান ইস্যুতেও ট্রাম্পকে সহযোগিতার প্রস্তাব দেন পুতিন। ক্রেমলিন জানিয়েছে, তেহরানের সঙ্গে রাশিয়ার কয়েক দশকের সম্পর্ক রয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিরসনে এই সম্পর্ক কাজে লাগাতে মস্কো একাধিকবার প্রস্তাব দিয়েছে।

পুতিন আরও বলেন, যুক্তরাষ্ট্রের কৃষকদের সহায়তার জন্য রাশিয়া বিপুল পরিমাণ সার সরবরাহ করতে পারে।

এদিকে, আগামী মাসে চীনে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পুতিনের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক নিয়েও আলোচনা হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, এ ধরনের বৈঠক আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছে বেইজিং। মস্কোর দাবি, এটি হবে ইতিহাসে এ ধরনের প্রথম বৈঠক।

‘নতুন কিছু ধারণা’

যুদ্ধের মূল লক্ষ্য থেকে পুতিন সরে আসার তেমন কোনো লক্ষণ এখনো দেখা যায়নি। রাশিয়ার দাবিগুলোর মধ্যে রয়েছে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ, ইউক্রেনের ন্যাটোর সদস্য না হওয়া এবং সাময়িক যুদ্ধবিরতির পরিবর্তে একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তি।

পুতিনের বিশেষ বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিয়েভও উইটকফের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন। ক্রেমলিন জানিয়েছে, বৈঠকে বড় ধরনের যৌথ অর্থনৈতিক প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে কিছু প্রকল্প বাস্তবায়নের কাছাকাছি পর্যায়ে রয়েছে।

উইটকফ জানান, সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে বিভিন্ন ধারণাসংবলিত কিছু নথি তিনি পুতিনের পর্যালোচনার জন্য নিয়ে এসেছেন। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও পুতিনকে কিছু ধারণা জানাতে চেয়েছিলেন। পরে কুশনার ফোনে বৈঠকে যুক্ত হন।

জেলেনস্কি বলেছেন, পুতিন ও ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকে যুদ্ধ শেষ করার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে তিনি আগ্রহী।

তবে ক্রেমলিন বারবার বলে আসছে, পুতিন ও জেলেনস্কির সরাসরি বৈঠক ফলপ্রসূ করতে হলে আগে দুই পক্ষের সহযোগীদের মাধ্যমে ব্যাপক প্রস্তুতি নিতে হবে।

যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে টানাপোড়েন

ট্রাম্প চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমাতে রাশিয়ার সঙ্গে ডিজেল রপ্তানি চুক্তির ঘোষণা দেওয়ার পর থেকেই ওয়াশিংটন ও কিয়েভের সম্পর্কের অবনতি হয়েছে। ইরানে হামলা শুরুর পর যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় নভেম্বরের আইনসভা নির্বাচনের আগে ট্রাম্পের রিপাবলিকান পার্টির ওপরও চাপ তৈরি হয়েছে।

ডিজেল চুক্তির পর ইউক্রেন অভিযোগ করেছে, দেশটির সঙ্গে কিছু গোয়েন্দা তথ্য বিনিময় ব্যাহত হচ্ছে। পাশাপাশি ইউক্রেনের সামরিক স্যাটেলাইট ব্যবস্থা স্টারশিল্ড ব্যবহারের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়েছে। তবে জেলেনস্কি জানিয়েছেন, মঙ্গলবার অসলো বৈঠকে এসব সমস্যা সমাধানে একটি সমঝোতা হয়েছে।

বুধবার ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের ও সংশ্লিষ্ট কয়েকজনের বরাত দিয়ে জানিয়েছে, গত সপ্তাহে ইলন মাস্ক ইউক্রেনের ব্যবহৃত স্পেসএক্সের সামরিক গ্রেড স্টারলিংক স্যাটেলাইট সেবার গতি কমানোর নির্দেশ দিয়েছেন। রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা শনাক্ত করতে এই সেবা ব্যবহার করে ইউক্রেন।

তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে ওই প্রতিবেদনটি যাচাই করতে পারেনি।

ইলন মাস্ক এর আগে বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মার্কিন সামরিক বাহিনী বা প্রেসিডেন্টের হাতে। ট্রাম্পও বলেছেন, এ সিদ্ধান্তের জন্য তিনি দায়ী নন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবারও জানিয়েছেন, ইউক্রেনের স্টারলিংক ব্যবহারের সক্ষমতা ওয়াশিংটন বন্ধ করে দেয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা