প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১৭:২১ পিএম
২০২৪ সালের ৭ অক্টোবর মস্কো সিটি কোর্টে শুনানির সময় কাচের খাঁচার ভেতর দাঁড়িয়ে আছেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড। ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে ভাড়াটে যোদ্ধা হিসেবে লড়াইয়ের অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। ছবি: মস্কো সিটি কোর্ট প্রেস সার্ভিস/এপি/ফাইল/সিএনএন
ইউক্রেনের পক্ষে লড়াই করার অভিযোগে চার বছরের বেশি সময় ধরে রাশিয়ায় বন্দি থাকা মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ডকে (৭৪) মুক্তি দেওয়া হয়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের সময় এ মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হাবার্ড মুক্ত হয়ে এখন দেশের পথে রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গত সপ্তাহে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি সরাসরি যে অনুরোধ জানিয়েছিলেন, তারই পরিপ্রেক্ষিতে হাবার্ড কারাগার থেকে ছাড়া পেয়েছেন। হাবার্ড শিগগিরই পরিবারের কাছে পৌঁছাবেন।
ট্রাম্প জোর দিয়ে বলেন, হাবার্ডের এই মুক্তির জন্য রাশিয়ার সঙ্গে কোনো বন্দিবিনিময়ের (সোয়াপ) প্রয়োজন পড়েনি; বরং তার (ট্রাম্পের) প্রতি সম্মান জানিয়েই রাশিয়া এ পদক্ষেপ নিয়েছে। ট্রাম্প সাবেক বাইডেন প্রশাসনের ব্যর্থতার সমালোচনা করে বলেন, ক্রেমলিনের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি করতে না পারায় বাইডেন প্রশাসনের আমলে হাবার্ড মুক্তি পাননি, অথচ তার আরও অনেক আগেই পরিবারের কাছে ফেরা উচিত ছিল।
রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট পুতিন ‘মানবিক কারণে’ হাবার্ডকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পুতিন জানান, হাবার্ডকে সেন্ট পিটার্সবার্গের পুলকভো বিমানবন্দরে নেওয়া হয়েছে। তবে বিবিসি জানিয়েছে, হাবার্ডের শারীরিক অবস্থা ভালো নয় এবং চিকিৎসার জন্য তাকে টেক্সাসে নেওয়া হতে পারে।
কে এই স্টিফেন হাবার্ড
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বাসিন্দা ও সাবেক ইংরেজি শিক্ষক স্টিফেন হাবার্ড কয়েক দশক বিদেশে শিক্ষকতা করেছেন। ২০১৪ সালে তিনি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ইজিউমে বসবাস শুরু করেন। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পরপরই শহরটি রুশ বাহিনীর দখলে গেলে তিনি বন্দি হন।
রুশ প্রসিকিউশনের অভিযোগ ছিল, হাবার্ড প্রতি মাসে প্রায় ১ হাজার ডলার বেতনের চুক্তিতে ইউক্রেনের একটি প্রতিরক্ষা ইউনিটের হয়ে যুদ্ধ করেছেন। এ অভিযোগে ২০২৪ সালে তাকে একটি পেনাল কলোনিতে প্রায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে হাবার্ডের বোন প্যাট্রিসিয়া হাবার্ড ফক্স এই অভিযোগকে সর্বৈব মিথ্যা বলে দাবি করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরও হাবার্ডকে ‘অন্যায়ভাবে আটক’ (রংফুলি ডিটেইন্ড) হিসেবে তালিকাভুক্ত করেছিল।
পুতিনকে উইটকফের ধন্যবাদ ও ডিজেল চুক্তি
সেন্ট পিটার্সবার্গে বৈঠকের সময় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ পুতিনকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প এবং গোটা দেশ আপনাকে ধন্যবাদ জানাচ্ছে। আপনার কারণেই হাবার্ড তার পরিবারের কাছে ফিরতে পারছেন।”
হাবার্ডের মুক্তির পাশাপাশি চলতি মাসের শুরুতে ওয়াশিংটনের সঙ্গে হওয়া রুশ ডিজেল আমদানির চুক্তির জন্যও ট্রাম্পের পক্ষ থেকে পুতিনকে ধন্যবাদ জানান উইটকফ। রুশ বার্তা সংস্থা তাসের বরাতে পুতিন জানান, চুক্তির আওতায় প্রথম চালানের ডিজেল দুই থেকে তিন দিনের মধ্যে রাশিয়া ছেড়ে যাবে।
এই ডিজেল চুক্তিকে কেন্দ্র করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটেছিল। টানাপোড়েনের একপর্যায়ে ট্রাম্প রাশিয়ার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা স্থগিত করেন এবং ইউক্রেনে নতুন নেতা নির্বাচনের সময় এসেছে বলে মন্তব্য করেন। একই সঙ্গে কিয়েভ অভিযোগ করে, যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলার তথ্য বিনিময় বন্ধ রাখায় ইউক্রেনীয়দের প্রাণহানি ঘটেছে; তবে ওয়াশিংটন এই অভিযোগ প্রত্যাখ্যান করে। পরে নরওয়ের অসলোতে উইটকফের সঙ্গে ইতিবাচক আলোচনার পর মঙ্গলবার জেলেনস্কি জানান, গোয়েন্দা তথ্য বিনিময় পুনরায় শুরু হয়েছে।
রাশিয়ার কারাগারে এখনও বন্দি অনেকে
হাবার্ডের আগে গত আগস্টে মানবিক ও স্বাস্থ্যগত কারণে সাবেক মার্কিন মেরিন রবার্ট গিলম্যানকে মুক্তি দিয়েছিল রাশিয়া। চরম অপুষ্টির শিকার গিলম্যান রুশ হেফাজতে নির্যাতনের শিকার হয়েছিলেন বলে তাঁর সমর্থকেরা দাবি করেন।
হাবার্ড ছাড়া পেলেও এখনও বেশ কয়েকজন মার্কিন নাগরিক রাশিয়ার কারাগারে বন্দি রয়েছেন:
আন্দ্রে খাচাতুরিয়ান: ২০২১ সালে অস্ত্র চোরাচালানের অভিযোগে আটক হন এবং সাড়ে আট বছরের কারাদণ্ড পান। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।
ডেভিড বার্নস: ২০২২ সালে আটক হন। টেক্সাস প্রশাসনের তদন্তে আগেই ভিত্তিহীন প্রমাণিত হওয়া পারিবারিক বিরোধের অভিযোগে তাকে বন্দি করা হয়।
আলেকসান্দার আন্তনভ: সাবেক সোভিয়েত শরণার্থী ও পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া এই ব্যক্তিকে ২০২৫ সালে এস্তোনিয়া সীমান্তে আটক করা হয়। উগ্রপন্থা উসকে দেওয়ার অভিযোগে তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ওলগা জেজলার: স্থায়ী মার্কিন বাসিন্দা ওলগাকে ২০২২ সালে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ক্যানসার আক্রান্ত বোনের জন্য আনা বৈধ ‘সিবিডি অয়েল’-কে রুশ কৌঁসুলিরা ‘হাশিশ অয়েল’ হিসেবে দেখান বলে অভিযোগ রয়েছে।
চাক জিমারম্যান: আন্তর্জাতিক জলসীমায় অবস্থানকালে রুশ নৌবাহিনী মার্কিন নৌবাহিনীর এই সাবেক সদস্যকে আটক করে এবং নৌযানে আগ্নেয়াস্ত্র থাকায় অস্ত্র চোরাচালানের অভিযোগে অভিযুক্ত করে।
তথ্যসূত্র: বিবিসি ও সিএনএন