প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১১:২৩ এএম
বাংলাদেশ ও সৌদি আরবের পতাকা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার সঙ্গে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে পবিত্র দুই মসজিদবিষয়ক সংবাদ ও তথ্য প্রচারকারী অ্যাকাউন্ট ‘দ্য হলি মস্কস’।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অ্যাকাউন্টটি জানায়, কাবা শরিফের হাজরে আসওয়াদের কাছে ধারণ করা একটি ভিডিওকে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ হিসেবে প্রচার করা হচ্ছে। তবে এ দাবির পক্ষে ভিডিওটিতে কোনো প্রমাণ নেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে হাজরে আসওয়াদের কাছে এক নারী ও পুরুষকে দেখা যায়। ভিডিওটির সঙ্গে যুক্ত বিভিন্ন ক্যাপশনে দাবি করা হয়, সৌদি আরবে দুই বাংলাদেশির বিরুদ্ধে মক্কার একটি মসজিদে ‘অশালীন আচরণের’ যে অভিযোগ উঠেছিল, ভিডিওটি তারই দৃশ্য। কিছু ব্যবহারকারী ভিডিওটিকে ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের পক্ষে প্রমাণ হিসেবেও তুলে ধরেন।
তবে খালিজ টাইমসের মঙ্গলবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা হলেও এর সঙ্গে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনার সম্পর্কের দাবিটি বিভ্রান্তিকর।
গত ১৪ অক্টোবর মক্কার একটি মসজিদে কথিত অশালীন আচরণের অভিযোগে সৌদি আদালতের রায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। এমনকি ঘটনাটি মক্কার কোন মসজিদে ঘটেছিল, সেটিও জানানো হয়নি।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করা কিংবা অন্যের সম্মানহানিকর অপরাধের বিরুদ্ধে ইসলামী আইন প্রয়োগ, ন্যায়বিচার নিশ্চিত করা এবং নিরাপত্তা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে, এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আগে থেকে অবগত ছিল না- এমন তথ্য সামনে আসার পর বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ে।
গত ১৮ অক্টোবর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করেন। এ সময় তিনি রাষ্ট্রদূতের হাতে একটি কূটনৈতিক নোট হস্তান্তর করেন।
একই সঙ্গে দুই বাংলাদেশির বিরুদ্ধে আনা অভিযোগ, মৃত্যুদণ্ড কার্যকরের পরিস্থিতি এবং তাদের বিচারিক কার্যক্রমের বিস্তারিত তথ্যও সৌদি কর্তৃপক্ষের কাছে জানতে চান তিনি।