× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিএনএন এক্সপ্লেইনার

ফ্রান্সের সংকট অতি চেনা, এরপর কি আমেরিকার পালা?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৮:২৯ পিএম

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের সময় প্যারিসের তুলরি গার্ডেনের কাছে একটি জ্বলন্ত ব্যারিকেডের পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন এক নারী; পেছনে দৃশ্যমান আইফেল টাওয়ার। ছবি: স্টেফানি লেকোক/রয়টার্স

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের সময় প্যারিসের তুলরি গার্ডেনের কাছে একটি জ্বলন্ত ব্যারিকেডের পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন এক নারী; পেছনে দৃশ্যমান আইফেল টাওয়ার। ছবি: স্টেফানি লেকোক/রয়টার্স

তীব্র অর্থনৈতিক ও রাজনৈতিক দোলাচলের মধ্য দিয়ে যাচ্ছে ফ্রান্স। সামর্থ্যের অতিরিক্ত ব্যয়ের কারণে দেশটি এখন বড় ধরনের আর্থিক সংকটের দ্বারপ্রান্তে। সম্প্রতি জ্বালানির চড়া মূল্যের জেরে বন্ডের সুদের হার হঠাৎ বেড়ে যাওয়ায় দেশটির ওপর ঋণের বোঝা প্রত্যাশার চেয়েও দ্রুত চেপে বসেছে।

ঘাটতি মেটাতে ফ্রান্সে কর বাড়ানো কিংবা সরকারি ব্যয় কমানোর মতো কিছু পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকলেও তা রাজনৈতিকভাবে চরম অজনপ্রিয় সিদ্ধান্ত। এর ফলে ক্ষুব্ধ জনসাধারণের অসন্তোষ আরও উসকে যাওয়ার ঝুঁকি রয়েছে। একটি তীব্র রাজনৈতিক বিভাজনে থাকা খণ্ডিত সরকারে বাজেটের এই কঠিন লড়াইয়ে কার্যকর কোনো সমাধান বের করা এখন রীতিমতো দুরূহ।

তবে ফ্রান্সে চলমান এই সংকট কি খুব পরিচিত ঠেকছে না?

বাস্তবতা হলো, শুধু ফ্রান্স নয়, যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্বের অনেক দেশই এখন একই ধাঁচের অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। অস্বাভাবিক হারে বাড়তে থাকা ঋণ, সেই ঋণ মেটানোর চড়া সুদ এবং সমাধানের জন্য কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার অভাবই এখন পশ্চিমা অর্থনীতির সাধারণ গল্প। এ তালিকায় খোদ যুক্তরাষ্ট্রও রয়েছে।

তবে এই আপাতদৃষ্টিতে থাকা মিলগুলোর পেছনে রয়েছে বড় ধরনের অমিল। ফ্রান্সের তুলনায় যুক্তরাষ্ট্রের অর্থনীতির অভ্যন্তরীণ গতিশীলতা সম্পূর্ণ ভিন্ন। ফলে এখনই ফ্রান্সের মতো সংকটে পড়ার ঝুঁকিতে নেই আমেরিকা।

সংকটের গভীরতা

ইউরোপের সামাজিক সুরক্ষা খাতের মাত্রাতিরিক্ত ব্যয় দীর্ঘদিন ধরেই টেকসই নয় বলে অর্থনীতিবিদ ও রাজনীতিবিদরা সতর্ক করে আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। বিশেষ করে ইরান যুদ্ধ পশ্চিমা বিশ্বের আর্থিক সমস্যাকে আরও জটিল করে তুলেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গত সপ্তাহের এক প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারি থেকে বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর জোট জি-৭-এর গড় ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের ইল্ড (সুদের হার) এক শতাংশের বেশি বেড়েছে, যা প্রায় ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, চলতি দশকের শেষ নাগাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো এই সাতটি বড় অর্থনীতির সম্মিলিত সরকারি ঋণ তাদের মোট অর্থনৈতিক উৎপাদনকে (জিডিপি) ছাড়িয়ে যাবে।

বর্তমানে ফ্রান্সের সরকারি ঋণ দেশটির মোট জিডিপির প্রায় ১১৯ শতাংশ, যা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ। আর দেশটির বার্ষিক বাজেট ঘাটতি দাঁড়িয়েছে জিডিপির ৫ দশমিক ৪ শতাংশে। যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয়ের সামাজিক নীতি বিভাগের অধ্যাপক পিটার টেলর-গুবি বলেন, “ইউরোপের সাধারণ মানুষ বন্ড বাজার এবং সরকারের ঋণ গ্রহণের সুদের হার নিয়ে ক্রমেই আতঙ্কিত হয়ে পড়ছে। এটি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে আর উপেক্ষা করার উপায় নেই। উপেক্ষা করলে পরিস্থিতি ভয়াবহ সংকটের দিকে যাবে।”

যুক্তরাষ্ট্রের চিত্র: কাগজে-কলমে এক, তবে বাস্তবে ভিন্ন

কাগজে-কলমে যুক্তরাষ্ট্রের অবস্থাও খুব একটা আলাদা নয়। দেশটির বর্তমান সরকারি ঋণ ৩২ ট্রিলিয়ন (লাখ কোটি) ডলার, যা তাদের বার্ষিক মোট জিডিপির প্রায় সমান। সদ্যসমাপ্ত অর্থবছরে দেশটির বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২ ট্রিলিয়ন ডলার, যা জিডিপির ৬ শতাংশের বেশি।

যুক্তরাষ্ট্রের এই বিশাল ঋণের সুদ টানতেই বছরে খরচ হচ্ছে ১ ট্রিলিয়ন ডলারের বেশি, যা দেশটির মোট কেন্দ্রীয় বাজেটের প্রায় ১৪ শতাংশ। সহজ কথায়, মার্কিন সরকারের আদায় করা প্রতি সাত ডলার কর রাজস্বের এক ডলারই চলে যাচ্ছে কেবল পুরোনো ঋণের সুদ মেটাতে।

তবে ইউরোপে ব্যয় সংকোচন কিংবা কর বাড়ানোর বিষয়ে যেমন আলোচনা চলছে, যুক্তরাষ্ট্রে তা নিয়ে তেমন তোড়জোড় নেই বললেই চলে। তা সত্ত্বেও ফ্রান্সের মতো বিপর্যয়ের মুখে কেন পড়ছে না ওয়াশিংটন?

কেন এখনই ঝুঁকিতে নেই যুক্তরাষ্ট্র?

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঢাল হলো—দেশটি বিশ্বের প্রধান ‘রিজার্ভ মুদ্রা’র (ডলার) একক নিয়ন্ত্রক। তেল ও সোনার মতো অতিপ্রয়োজনীয় পণ্যসহ বৈশ্বিক বাণিজ্যের সিংহভাগ লেনদেনই হয় মার্কিন ডলারে। স্বচ্ছতা ও আইনের শাসনের প্রতিশ্রুতির কারণে বিশ্ববাজারে ডলারের চাহিদা এখনো শক্তিশালী।

ডলারের এই বৈশ্বিক আধিপত্যের কারণে মার্কিন সরকারের ‘ট্রেজারি বন্ড’কে গোটা বিশ্বের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ সম্পদ মনে করা হয়। ফলে বিশ্বজুড়ে সরকারি বন্ড বিক্রির হিড়িক পড়লেও অন্যান্য পশ্চিমা দেশের চেয়ে যুক্তরাষ্ট্রের বন্ডের সুদের হার তুলনামূলক কম থাকে। এমনকি শেয়ারবাজারে পতন হলে বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে মার্কিন ট্রেজারিতেই বিনিয়োগ করেন।

আরেকটি বড় শক্তি হলো যুক্তরাষ্ট্রের সুবিশাল ও বৈচিত্র্যময় অভ্যন্তরীণ অর্থনীতি। যেমনটি বিল ক্লিনটনের সাবেক প্রচার কৌশলী জেমস কারভিল বলেছিলেন—‘ইট’স দ্য ইকোনমি, স্টুপিড’। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে যুক্তরাষ্ট্রে এখন যে নজিরবিহীন বিনিয়োগের ঢেউ চলছে, তা অন্য অনেক স্থবির খাতকেও টেনে তুলছে। অর্থনীতি যদি দ্রুত বাড়ে, তবে ঋণের বোঝাও আকারে ছোট দেখায়।

এ প্রসঙ্গে গবেষণা সংস্থা মুডিস অ্যানালিটিকসের প্রধান অর্থনীতিবিদ মার্ক জান্ডি বলেন, “ফ্রান্স ও যুক্তরাজ্য কাছাকাছি জায়গায় রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এআইয়ের প্রবৃদ্ধি অর্থনীতিকে যেভাবে এগিয়ে নিচ্ছে, তাতে দেশটি তার ঋণ সংকট অনেক বেশি দক্ষতার সঙ্গে সামলে নিতে পারবে।”

তবে অর্থনীতিবিদরা সতর্ক করে দিয়ে বলেছেন, তাৎক্ষণিক কোনো ঋণসংকট নেই বলে ভাবার কারণ নেই যে ওয়াশিংটন আর্থিকভাবে দায়িত্বশীল আচরণ করছে। জান্ডির ভাষায়, “এতে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই; আমরা স্রেফ ভিন্ন পরিস্থিতিতে রয়েছি।”

সংকট কি অন্য দেশে ছড়াতে পারে?

ইউরোপের কোনো দেশে আর্থিক সংকট তৈরি হলেই তা পুরো মহাদেশে ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়। তবে অর্থনীতিবিদদের মতে, ফ্রান্সের সমস্যা দেশটির অভ্যন্তরীণ সীমানার মধ্যেই আটকে থাকার সম্ভাবনা বেশি।

ক্যাপিটাল ইকোনমিকসের প্রধান ইউরোপ অর্থনীতিবিদ অ্যান্ড্রু কেনিংহাম জানান, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) প্রয়োজনে ফ্রান্সের সংকট মোকাবিলায় হস্তক্ষেপ করার এবং অন্যান্য দেশে ছড়িয়ে পড়া রুখতে বন্ড কিনে নেওয়ার মতো শক্তিশালী অবস্থানে রয়েছে। তা ছাড়া ইউরোপের অন্য দেশগুলোর ঘাটতি তুলনামূলক অনেক কম; কারও কারও এ বছর উদ্বৃত্ত থাকারও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উগ্র ডানপন্থী নেত্রী মেরিন ল্য পেনসহ ফ্রান্সের প্রায় সব রাজনৈতিক দলই ইউরোপীয় ইউনিয়নে থেকে যাওয়ার পক্ষে।

যুক্তরাষ্ট্রের বড় ঝুঁকি ‘এক্স-ডেট’

ফ্রান্সের সংকট যুক্তরাষ্ট্রে ছড়িয়ে না পড়লেও দেশটির নিজস্ব একটি ‘এক্স ফ্যাক্টর’ রয়েছে, যা সংকট তৈরি করতে পারে। সেটি হলো মার্কিন ‘এক্স-ডেট’ বা ঋণের সর্বোচ্চ আইনি সীমা (ডেট সিলিং)।

আগামী বছর দেশটিকে আবারও ঋণের সীমা বাড়ানোর মুখোমুখি হতে হবে। নতুন কংগ্রেসকে তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতায় বসতে হবে। তবে ডেমোক্র্যাটনিয়ন্ত্রিত কংগ্রেসের সঙ্গে রাষ্ট্রপ্রধানের রাজনৈতিক লড়াইয়ে শেষ পর্যন্ত যদি ঋণের সীমা বাড়ানো না যায়, তবে বিশ্ব অর্থনীতিতে বড় বিপর্যয় নেমে আসতে পারে। সে ক্ষেত্রে সক্ষমতা থাকা সত্ত্বেও কেবল রাজনৈতিক জটিলতার কারণে ঋণখেলাপি হয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র।

মার্ক জান্ডি আশঙ্কা প্রকাশ করে বলেন, “এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আগামী বছরের হ্যালোইনের (অক্টোবরের শেষ দিক) মধ্যেই ঋণের সীমা অতিক্রম করে যেতে পারে যুক্তরাষ্ট্র। আর তেমনটি ঘটলে পরিস্থিতি অত্যন্ত জটিল রূপ নেবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা