দিল্লি (ভারত) প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৭:৫২ পিএম
বিজেপির পোস্ট করা ভিডিও থেকে নেওয়া দৃশ্য। (ডানে) দিল্লিতে এক প্রতিবাদ কর্মসূচিতে রাহুল গান্ধী। ছবি: এনডিটিভি
ভারতের বিরোধী দলগুলোর চলমান আন্দোলনের মধ্যেই লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে নতুন করে আক্রমণ শুরু করেছে ক্ষমতাসীন দল বিজেপি। বিরোধীদের প্রতিবাদের মাঝেই তিনি আবার সফরে বের হয়েছেন—এমন অভিযোগ তুলে উড়োজাহাজের ভেতরের একটি ভিডিও প্রকাশ করেছে দলটি।
বিজেপির দাবি, ওই ভিডিওতে রাহুল গান্ধীকে ভিয়েতনামগামী একটি ফ্লাইটে দেখা গেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ক্ষমতাসীন দলটি কটাক্ষের সুরে বলেছে, টানা আন্দোলনের চাপে রাহুল সম্ভবত ‘খুব ক্লান্ত’ হয়ে পড়েছেন এবং কিছুটা বিশ্রামের জন্যই ছুটিতে গেছেন।
উড়োজাহাজের এক সহযাত্রীর ধারণ করা ভিডিওটি এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে বিজেপি ব্যঙ্গ করে লিখেছে, “মিথ্যা ছড়াতে ছড়াতে খুব ক্লান্ত হয়ে পড়েছি। কিছুক্ষণের জন্য ভিয়েতনাম ঘুরে আসি, কে-ই বা জানতে পারবে।”
এ নিয়ে বিজেপির মুখপাত্র আর পি সিং বলেন, “দেখুন, রাহুল গান্ধী প্রতিবারই এমনটি করেন। বিহারে পদযাত্রা শেষ করার পর তিনি দুই মাসের জন্য ছুটিতে বিদেশে গিয়েছিলেন। হয়তো তখন তিনি ভিয়েতনাম গিয়েছিলেন, এবারও হয়তো তিনি ভিয়েতনামেই গেছেন।”
দলটির আরেক নেতা শাজিয়া ইলমি মন্তব্য করেন, রাহুল গান্ধী রাজনীতিতে কঠোর পরিশ্রমের চাপ নিতে পারেন না এবং একটু পরপরই ছুটি কাটাতে চলে যান। তিনি বলেন, “রাহুল গান্ধী আর চাপ সামলাতে পারছিলেন না। তিনি আর কতটা পরিশ্রম করবেন? ভোট চুরির অভিযোগ তো কেবল একটা অজুহাত। সবাই জানে তিনি কতটা অলস। এখন আবার তার পর্যটন শুরু হয়েছে। তিনি দুই সপ্তাহও টানা কাজ করতে পারেন না, আবার উড়াল দেন। এবার তিনি আরেক সফরে ভিয়েতনাম গেছেন।”
বিজেপির এমন অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বিরোধীদলীয় নেতার বিদেশ সফর নিয়ে বিজেপি সম্পূর্ণ অহেতুক বিতর্ক তৈরি করছে।
কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত পাল্টা আক্রমণ করে বলেন, “কে কোথায় এবং কখন যাচ্ছেন, তাতে সমস্যা কী? অন্য মানুষ কি বিদেশে যান না? রাহুল গান্ধী একজন ব্যক্তি এবং তিনি বিরোধীদলীয় নেতা; তার সুনির্দিষ্ট কিছু দায়িত্ব রয়েছে। তিনি বিদেশে গিয়ে ইয়েল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন, লন্ডনের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং সেখানকার বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করেন। এমনকি তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেন—যা ভারতের প্রধানমন্ত্রী করেন না।”
এ সময় সংসদ অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরের প্রসঙ্গ টেনে সন্দীপ দীক্ষিত প্রশ্ন তোলেন, “তাহলে এতে বিজেপির আপত্তি কোথায়? আমাদের এখানে একটি প্রতিষ্ঠিত রীতি রয়েছে যে লোকসভার অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী বিদেশ সফর করবেন না। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সেই রীতি ভেঙেছেন। তখন কেন কোনো প্রশ্ন তোলা হয় না?”
ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী। তবে অনিয়মের সব অভিযোগ প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশন ও বিজেপি উল্টো রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘মিথ্যা ছড়ানোর’ অভিযোগ এনেছে।