প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ২২:৪৭ পিএম
হুথি বিদ্রোহীদের অবরোধ চেষ্টার মুখে সোমবার ইয়েমেনের তাইজ শহরের একটি স্টেশনে রান্নার গ্যাস নিতে মানুষের দীর্ঘ সারি। ছবি: আহমদ আল-বাশা/এএফপি/গেটি ইমেজেস
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়া প্রদেশে সরকারি বাহিনীর একটি প্রশিক্ষণশিবিরে হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ।
সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, গত সেপ্টেম্বরে ইয়েমেনে নতুন করে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর এটিই একক কোনো হামলায় সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা।
প্রতিবেদনে বলা হয়, শাবওয়া প্রদেশের জারদান জেলার ‘আল-আলম’ পুলিশ ও সেনা প্রশিক্ষণশিবিরে এ হামলা চালানো হয়। হতাহত ব্যক্তিদের অধিকাংশই নতুন যোগ দেওয়া তরুণ সেনাসদস্য। দেশটির জাতিসংঘ স্বীকৃত সরকার এ ঘটনাকে একটি ‘মহাবিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেছে। হামলার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত স্থানীয় রাজধানী আতাকে একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে রক্তের তীব্র সংকটের কারণে জরুরি ভিত্তিতে রক্তদানের আহ্বান জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সূত্রের বরাতে জানা গেছে, প্রশিক্ষণশিবিরের সদস্যরা যখন সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ছিলেন, তখনই সেখানে একের পর এক তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হুথিদের ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে কীভাবে এত বিপুলসংখ্যক সেনাকে এমন উন্মুক্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রাখা হয়েছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
হামলার পর ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি অবিলম্বে এর কঠোর জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, এ হামলা প্রমাণ করে হুথি মিলিশিয়ারা যখনই চাপে পড়ে বা তাদের ইরান-সমর্থিত নাশকতামূলক ষড়যন্ত্র ব্যর্থ হয়, তখনই তারা এমন কাপুরুষোচিত সন্ত্রাসী পথ বেছে নেয়। সোমবার তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ফোন করে হুথিদের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আহ্বান জানান।
এ ছাড়া শাবওয়া প্রদেশের গভর্নর আওয়াদ বিন আল-ওয়াজির হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান। স্থানীয় প্রশাসন এ হামলাকে নিরাপত্তার ওপর চরম আঘাত বলে উল্লেখ করেছে।
হামলার দায় স্বীকার করে হুথিদের সামরিক মুখপাত্র দাবি করেছেন, ‘আল-আলম’ শিবিরটি মূলত সৌদি কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত হচ্ছিল এবং এ অভিযানে সৌদি কর্মকর্তাসহ তাঁদের সমর্থিত কয়েক ডজন ব্যক্তি হতাহত হয়েছেন। পাশাপাশি সৌদি অর্থে প্রলুব্ধ হয়ে যুদ্ধে না জড়াতে সাধারণ ইয়েমেনিদের প্রতি হুঁশিয়ারি দেন তিনি।
সংঘাতের অংশ হিসেবে সরকারনিয়ন্ত্রিত শাবওয়ার সঙ্গে হুথি–নিয়ন্ত্রিত আল-বায়দা প্রদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্রোহীরা। এ ছাড়া তাইজ শহর অবরুদ্ধ করার চেষ্টা চালাচ্ছে তারা, যেখানে স্থানীয় নাগরিকেরা আকাশপথে সুরক্ষার দাবি জানিয়েছেন। তবে লোহিত সাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থল বাব আল-মানদাব এলাকার আশপাশ থেকে হুথিদের হটিয়ে দক্ষিণাঞ্চলীয় বাহিনী কিছু অগ্রগতি অর্জন করেছে বলে জানা গেছে।
গত মধ্য সেপ্টেম্বর থেকে লোহিত সাগর উপকূলের বাব আল-মানদাব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে সরকারপন্থী বাহিনীর ওপর নতুন করে তীব্র সামরিক অভিযান শুরু করে হুথিরা। গত এক মাসে রক্তক্ষয়ী সংঘাতে সুনির্দিষ্ট হতাহতের সংখ্যা নিশ্চিত করা কঠিন হলেও তা ইতিমধ্যে কয়েক হাজারে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত রবিবার একটি সৌদি বিমান হামলায় পাঁচ শিশু ও দুই নারীসহ ৯ জন নিহত হন।
অন্যদিকে সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় সম্প্রতি হুথিদের হামলা কমে যাওয়ার বিষয়টি নজর কেড়েছে। তবে তারা হামলার গতি ধীর করেছে নাকি গোলাবারুদের ঘাটতিতে পড়েছে, তা এখনো নিশ্চিত নয়। গত সপ্তাহে সৌদি আরামকোর সদর দপ্তরে হামলা চালানো হয়েছিল। চলতি মাসের হামলার পর রিয়াদ বিমানবন্দর গত সাপ্তাহিক ছুটির দিনে আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হলেও কিছু এয়ারলাইনস এখনো ফ্লাইট পরিচালনা শুরু করেনি।
ইয়েমেনের এই সংঘাতময় পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনের অংশ হিসেবে মঙ্গলবার লন্ডনে মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গের।